ছেলেকে আটকের অভিযোগ আমিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাতকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে।তবে আজ রোববার রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ মুফতি আমিনীর ছেলেকে আটকের কথা স্বীকার করেনি।মুফতি আমিনী অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে তাঁর ছোট ছেলে হাসনাতকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহরণ করেছেন।এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে লালবাগ মাদ্রাসায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এক দিনের মধ্যে ছেলের সন্ধান জানতে চেয়েছেন ফজলুল হক আমিনী।সংবাদ সম্মেলনে আমিনী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আজ সকালে রাজধানীর ধোলাইখালের টিপু সুলতান রোডে তাঁর ছোট ছেলে আবুল হাসনাত গাড়ি মেরামত করতে যান। বেলা সোয়া ১১টার দিকে সাদা পোশাকের পাঁচ-ছয়জন লোক হাসনাতকে আটক করে নিয়ে যান। এখন পর্যন্ত তাঁর কোনো হদিস কেউ জানে না। আমিনী বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি আমার ছেলের খোঁজ জানতে চাই। যদি কোনো খোঁজ না পাওয়া যায়, তাহলে একটার পর একটা কর্মসূচি রয়েছে।’সংবাদ সম্মেলনে আমিনী বলেন, ‘শেখ হাসিনা এখন সম্রাট আকবরের দীন-ই-ইলাহি কায়েম করতে চায়। এ জন্য কিছু আলেমকে বোরকা পড়িয়ে মাঠে নামিয়েছেন। তবে এরা আলেম-ওলামাদের ঐক্যে কোনো ভাঙন ধরাতে পারবে না। আগামী এক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী চলমান কর্মসূচির ফলাফল পেয়ে যাবেন। আর ভবিষ্যতে একটি ইতিহাসও লেখা হবে। এতে শেখ হাসিনাকে গণতন্ত্র হত্যাকারী বলা হবে। তিনি এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন।’আমিনী নিজ ছেলেকে বেকসুর উল্লেখ করে বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। সে একেবারে বেকসুর। আমাকে ওষুধ-পত্র খাওয়ায়। সেই ছেলেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ভালো কাজ করেনি।’ এ সময় তিনি হাসনাতের সঙ্গে থাকা দুই বন্ধু হুমায়ুন কবির ও আবু রায়হান খানকে ডাকেন এবং তাঁদেরকে গ্রেপ্তারের ঘটনা বর্ণনা করতে বলেন। তাঁরা বলেন, একটি গাড়িতে পাঁচ-ছয়জন লোক এসে হাসনাতকে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে যান। এ সময় তাঁরা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেন। তাঁদের হাতে ওয়াকিটকি ও অস্ত্র ছিল। ওই লোকগুলো তাঁদের মোবাইল ফোনও নিয়ে যায়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, দলের ঢাকা মহানগরের আমির মাওলানা আবুল কাশেম, প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াসেল প্রমুখ।এ ব্যাপারে জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে জানান, আমিনীর ছেলেকে গ্রেপ্তারের ব্যাপারে র্যাব কিছু জানে না।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, আমিনীর ছেলেকে আটকের ব্যাপারে ডিবিও কিছু জানে না।