‘ওখানে বাবা নাই, বাবা সিনজি (সিএনজি) গেছে।’ আবার একটু পরে নিজে থেকেই বলে, বাবা কই? মাত্র দুই বছর তিন মাস বয়সী জুনায়েদ আহমেদ মিহির ওরফে রুদ্রকে নিয়ে তার মা জুবাইদা সুলতানা বর্তমানে অসহায় অবস্থায় দিন যাপন করছেন।সম্প্রতি প্রথম আলো কার্যালয়ে এসে জুবাইদা সুলতানা কান্নায় ভেঙে পড়েন। কথার ফাঁকে আধো আধো উচ্চারণে রুদ্র জানায়, তার বাবা তাকে পিতাজি বলে ডাকত। রুদ্রের কথায় মায়ের কান্না শুরু হলে বলতে থাকে, মা, কান্না করো না।জুবাইদার আপাতত ভবিষ্যত্ নিয়ে চিন্তা করার সময় নেই। তাঁর একমাত্র বক্তব্য, যে করেই হোক, বাবা-ছেলের দেখা করিয়ে দিন। না হলে ছেলেটা অসুস্থ হয়ে যাবে। রাস্তায় অটোরিকশা সিএনজি দেখলেই ছেলে ভয় পায়। তাঁর মতে, এ সিএনজিই তার বাবাকে কেড়ে নিয়েছে। জুবাইদা বাবা-ছেলের মিলনের একই দাবিতে তেজগাঁও থানায় দুইবার সাধারণ ডায়েরি পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক কর্মকর্তা সৈয়দ জুন্নুর আহমেদের সঙ্গে জুবাইদার বিয়ে হয় ২০০১ সালে। তাঁর স্বামীর আগে স্ত্রী ও তিন মেয়ে আছে। একইভাবে জুবাইদারও আগে বিয়ে হয়েছিল; একটি ছেলেও আছে। ওই স্বামীর সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর জুবাইদা দ্বিতীয় বিয়ে করেন।জুবাইদা জানান, বিয়ের পর স্বামীর সঙ্গে সামাজিকভাবে মেলামেশার তেমন একটা সুযোগ পাননি। তাঁর স্বামীর আগের স্ত্রী ও মেয়েদের সঙ্গে শুধু ফোনে কথা হতো। বিয়ের এত বছরের মধ্যে মাসিক খরচ ছাড়া তেমন কিছুই দেননি জুন্নুর আহমেদ। এমনকি ছেলের জন্যও কিছু করেননি।সম্প্রতি জুন্নুর আহমেদ অসুস্থ হয়ে পড়লে তাঁর আগের পক্ষের মেয়েরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে জুবাইদা ছেলেসহ দেখতে গেলে মেয়েরা খারাপ ব্যবহার করে, এমনকি মারধরও করে। এর পরও ছেলের জন্য জুবাইদা হাসপাতালে যেতে থাকেন। পরে জুন্নুর আহমেদ কিছুটা ভালো হলে তাঁর মেয়েরা তাঁকে সিএনজিতে করে নিয়ে যায়। এ সময় কোনো কথা বলারও সুযোগ দেয়নি জুবাইদাকে। ছেলে বাবাকে নিয়ে গেল, বাবার কাছে যাব বলে কান্নাকাটি শুরু করে। এ সময় জুন্নুর আহমেদ শুধু চোখের পানি ফেলেছেন, কিছু বলতে পারেননি।জুবাইদা বলেন, বিভিন্ন সময় ছেলের জন্য কিছু একটা করেন বললে স্বামী শুধু বলতেন, ‘চিন্তা করো না, আমি তো আছি।’ কিন্তু বর্তমানে স্বামীর শারীরিক অবস্থা খুবই খারাপ। অন্যদিকে তাঁর পরিবারের সদস্যরা জুন্নুর আহমেদের বাসায় ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। ফোনেও যোগাযোগ করতে দিচ্ছে না। কথার ফাঁকে রুদ্রের কাছে কে বেশি আদর করে জানতে চাইলে বলে ‘বাবা’। তার পরই আবার সে বাবার জন্য অস্থির হয়ে যায়।বিয়ের কাবিননামা, ছেলের জন্মনিবন্ধনের আবেদনপত্র, পারিবারিক ছবি—সবকিছুতেই প্রমাণ আছে যে এ শিশুর বাবা জুন্নুর আহমেদ। তার পরও এখন যে অবস্থা, তাতে করে কিছু একটা হয়ে গেলে মা ও ছেলেকে পথে বসতে হবে বলে কান্না শুরু করেন জুবাইদা।জুবাইদা সুলতানা পেশায় নার্স ছিলেন। সরকারের বৃত্তি পেয়ে মালয়েশিয়া ও সৌদি আরবে চাকরি করেছেন। বিয়ের পরে ল্যাবএইড হাসপাতালে নার্স ইনচার্জ ছিলেন। স্বামীর কথা মেনে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি যে বাসায় থাকতেন, তা ছেড়ে বোনের বাসায় উঠেছেন। তাঁর বাবা কিছু খরচ দিচ্ছেন। কিন্তু এভাবে কত দিন চলবে, তা জানেন না তিনি।জুবাইদা যখন তাঁদের পারিবারিক ছবি দেখাচ্ছিলেন, তখন রুদ্রের চোখ চকচক করতে থাকে। ছবি হাতে নিয়ে বলে, ‘এই তো আমার বাবা।’জুবাইদার একটাই কথা—নিষ্পাপ এ শিশুর দিকে চেয়ে হলেও যে করেই হোক বাবা ও ছেলের দেখা হওয়ার একটা ব্যবস্থা করে দিন। জুবাইদা বিভিন্ন মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থার সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।ঘটনার সত্যতা জানার জন্য জুন্নুর আহমেদের বাসায় ফোন করলে তাঁর আগের পক্ষের স্ত্রী জানান, জুন্নুর আহমেদের শরীরের অবস্থা খুবই খারাপ, কথা বলা যাবে না।জুবাইদা সুলতানা ও তাঁর ছেলে প্রসঙ্গে জানতে চাইলে জুন্নুর আহমেদের স্ত্রী সালেহা বেগম জানান, এ বিয়ে সম্পর্কে স্বামী কখনো কিছুই জানাননি। হাসপাতালে থাকা অবস্থায় জুবাইদার কথা জেনেছেন। স্বামীর মাথায় অস্ত্রোপচার হয়েছে; জুবাইদা ও ছেলেকে দেখলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। সে জন্য চিকিত্সকের পরামর্শেই জুবাইদাকে কয়েক দিন না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।