ছেলেকে পেয়েও প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ আমিনীর
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর ছেলে আবুল হাসনাতকে অপহরণ করা হয়েছিল। তাঁর নির্দেশেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লালবাগে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমিনী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। কেন তাঁর ছেলেকে অপহরণ করা হবে—এমন প্রশ্নের জবাবে আমিনী বলেন, আন্দোলন দমানোর জন্য এমনটা করা হয়েছিল। তবে এতে আন্দোলন দমানো যাবে না। আন্দোলন আরও বেগবান হবে।প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেও আইনি ব্যবস্থা কেন নেননি—এমন প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘আমি এই আদালতে বিচার চাইব না, আমি মহান আল্লাহর আদালতে বিচার চাইব।’আমিনীর ছেলে আবুল হাসনাত বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র আমাকে অপহরণ করেছিল। তারা সব সময় আমার চোখ বেঁধে রাখত। মানসিকভাবে নির্যাতন করত।’ তারা বলত, ‘তোর বাবাকে দুই মাস রাজনীতি থেকে দূরে ঘরের মধ্যে রাখতে হবে। তারা আমাকে বুঝাতে চেয়েছে, তারা একটি বিশেষ বাহিনীর লোক।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসচিব আবুল লতিফ নেজামী ও কমিটির ঢাকা মহানগরের সভাপতি আবুল কাশেম উপস্থিত ছিলেন।