ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা সাইদুর রহমানের সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল আট বছরের আলিফ। শুক্রবারের ছুটির দিনে বাবার সঙ্গে ছেলের এ খেলাই হয়ে রইল তাঁদের পরিবারের জন্য শেষ স্মৃতি। আজ বেলা দুইটার দিকে বাড়ির পাশের একটি সড়কে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। দৌলতপুর উপজেলার মথুরাপুর-প্রাগপুর আঞ্চলিক সড়কের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে সাইদুর ও আলিফ বাড়ির পাশে খেলছিলেন। তাঁদের বাড়ির পাশেই কুষ্টিয়া-প্রাগপুর আঞ্চলিক সড়ক। খেলার একপর্যায়ে আলিফ পার্শ্ববর্তী সড়ক পার হতে যায়। ওই সময় রাস্তা দিয়ে একটি ট্রাককে দ্রুত ছুটে আসতে দেখেন শিশুটির বাবা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছেলেকে বাঁচাতে সাইদুর রাস্তায় উঠলে ট্রাকটি দুজনকেই ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পুলিশ বেলা তিনটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এ ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় আধাঘণ্টা ওই সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।