ছেলেকে রক্ষায় হরতাল দিচ্ছেন খালেদা: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া তাঁর দুর্নীতিবাজ ছেলের জন্য দেশের মানুষকে জিম্মি করে ৪৮ ঘণ্টা হরতাল দিয়েছেন। এই হরতাল তাঁর নিজের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষের জন্য নয়।আজ শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্থানীয় পাবলিক হল মিলনায়তনে ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ করা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) নগদ টাকা বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। আদালতের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। ছেলের দোষ ঢাকতে জজ মিয়ার নাটক সাজানো হয়েছিল। দেশের মানুষ এখন বিএনপির সব কুকর্মের কথা জানতে পেরেছে।সংবিধান নিয়ে যাঁরা ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দেন, তাঁদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘বিসমিল্লাহর ভেতর যাঁরা আল্লাহকে খুঁজে পান না, হাশরের ময়দানে তাঁরা কীভাবে আল্লাহকে পাবেন।’মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার উন্নয়ন, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান, শ্মশানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে টিআর, ধর্ম মন্ত্রণালয় ও জেলা পরিষদের মোট ৫১ লাখ ৯১ হাজার টাকা বিতরণ করা হয়।