ছেলেকে লেখাপড়া শেখাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে লেখাপড়া শিখতে পারেননি। কিন্তু একমাত্র ছেলেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান রেবেকা খাতুন (২৫)। এ জন্য তিনি ভ্যান চালিয়ে আখ বিক্রি করেন দিনভর। সকাল, দুপুর ও বিকেল—সব সময়ই ব্যস্ত সময় কাটান তিনি। একেক সময় একেক স্থানে। সকাল থেকে দুপুরে সাধারণত স্কুল আঙিনায়, বিকেল হলে শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ডসহ (মুচিপোল) বাজার এলাকায় আখ বিক্রি করেন। এ ছাড়া অন্য সময় কামরাঙা, পেয়ারা, বাদাম, ডেউয়া, আশফলসহ গ্রামীণ বিভিন্ন মৌসুমি ফলের পসরা সাজিয়ে ভ্যান নিয়ে ছুটে চলেন এখানে-সেখানে। তিন বছর ধরে এভাবে কাজ করছেন তিনি। সহায়-সম্বলহীন রেবেকা থাকেন শহরের মাছিমদিয়া গ্রামের নড়াইল কমপ্লেক্স ফাজিল মাদরাসার কর্মচারী ইদ্রিস আলীর বাড়িতে। বাড়ির সীমানার এক কোণে একচালা খুপরি ঘর তুলে নিয়েছেন রেবেকা। সে ঘরেই শিশুপুত্র সুজন ও দিনমজুর স্বামী মিজান মোল্লাসহ তাঁর বসবাস। ইদ্রিস মোল্লা বলেন, ‘রেবেকা খাতুন অনেক কষ্ট করেন। রেবেকা দম্পতি লেখাপড়া না জানলেও ছেলেকে শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওদের কষ্ট ও প্রচেষ্টা দেখে আমাদের বাড়িতে একটু মাথা গোঁজার ঠাঁই দিয়েছি।’ তিনি অবশ্য এ জন্য কোনো ভাড়া নেন না।যাকে ঘিরে রেবেকার এত স্বপ্ন, সেই শিশুপুত্র সুজন মাছিমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম (ক্লাস ওয়ান) শ্রেণীর ছাত্র। তার লেখাপড়া এগিয়ে নিতে মা-বাবা তাকে একজন শিক্ষকের ব্যবস্থা করে দিয়েছেন। এ ব্যাপারে রেবেকা বলেন, ‘নিজি লেহাপড়া শিখতি পারিনি। ছলডারে (ছেলেকে) লেহাপড়া শিখানুর জন্যি সবকিছু করতি পারি। এ জন্যি যত কষ্টই হোক তা কত্তি (করতে) রাজি আছি।’ বাবা মিজান মোল্লা বলেন, ‘ছলডারে অনেক লিহাপড়া করাতি চাই।’রেবেকা খাতুন আরও জানান, দু-তিন দিন পর পর যশোরের ছাতিয়ানতলা থেকে পাইকারি দরে আখ কিনে নড়াইলের বিভিন্ন পথে-প্রান্তরে বিক্রি করেন। এ ছাড়া বিভিন্ন মৌসুমি ফল গ্রামগঞ্জ থেকে কিনে আনেন। প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা বেচাকেনা হয়। এসব বিক্রি করে এক বছর আগে এক হাজার ৭০০ টাকা দিয়ে একটি পুরোনো ভ্যান কিনেছেন। সেই ভ্যানগাড়িই এখন তাঁর জীবন-জীবিকার একমাত্র সম্বল। নড়াইলের শাহাবাদ ইউনিয়নের মেয়ে রেবেকার বিয়ে হয় কাগজীপাড়ার ভূমিহীন মিজান মোল্লার সঙ্গে। বিয়ের পর দেনার দায়ে তাঁরা এলাকা ছেড়ে শহরে কাজ খোঁজেন। প্রায় এক বছর বসবাস করেন সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠের পাশের ছিন্নমূল মানুষের সঙ্গে। সেখানকার পরিবেশে সুজনের লেখাপড়া না হওয়া এবং বখে যাওয়ার আশঙ্কায় চলে আসেন মাছিমদিয়ায়। রেবেকা খাতুনের আয়ের পাশাপাশি স্বামী মিজান মোল্লাও শ্রমিকের কাজ করেন। দুজনের আয়ে সংসার ও লেখাপড়ার খরচের পাশাপাশি ঋণ এবং দেনা শোধ করছেন।