ছেলেকে হত্যা করায় বাবার ৪৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে হত্যার দায়ে পৃথক তিনটি ধারায় বাবা চান মিয়াকে (৪৫) ৪৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে ১৪ হাজার টাকা জরিমানা ও আরও ১০ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার টাইয়াগছ গ্রামে।একই মামলায় সাজাপ্রাপ্ত অপর দুজন হলেন তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাবুল (৩৮) ও শুকুর আলী (৪০)। এঁদের মধ্যে বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তা ছাড়া শুকুর আলীকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর আসামি রফিকুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুব উল ইসলাম এ দণ্ডাদেশ দেন। সরকার পক্ষে মো. আমিনুল ইসলাম এবং আসামি পক্ষে আইনজীবী তফেলুল আলম প্রধান মামলা পরিচালনা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৬ অক্টোবর রাতে ছেলে শুকুর আলীকে (২০) হত্যা করা হয়েছে বলে আটজনকে আসামি করে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন বাবা চান মিয়া। হত্যাকাণ্ডের পরদিন ৭ অক্টোবর এ মামলা দায়ের করা হয়। এই মামলাটি পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে সিআইডির উপপরিদর্শক অতুল চন্দ্র সূত্রধর চারজনের নামে ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে প্রমাণিত হয়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে অন্যদের ফাঁসাতে বাবা চান মিয়া ছেলে শুকুর আলীকে হত্যা করেন।