চট্টগ্রামে কিছুদিন ধরে ছেলেধরা গুজবে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রথমে কিছুদিন এটা বিভিন্ন উপজেলায় সীমাবদ্ধ ছিল। এখন নগরেও ছড়িয়ে পড়েছে। গত শনিবার রাতে প্রায় একই সময় নগরের তিনটি স্থানে এই গুজবে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। ভাঙচুর করা হয় বহদ্দারহাটের পুলিশ বক্স। পুলিশের সঙ্গে লোকজনের সংঘর্ষও হয়।গতকাল রোববার নগরের ছোটপুল এলাকায় একই অভিযোগে এক মহিলাকে পিটুনি দেওয়ার চেষ্টা করে লোকজন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। এসব ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোহেলা রানা (২৩), আবদুল জলিল (২৪), আরিফুল ইসলাম (১৯), ইমরান (২৬), অনজু (২৫), ফারুক হোসেন (২৪), আহমদ রহমান (২০) ও শাহাদাৎ হোসেন (২০)। তাঁদের মধ্যে গ্রেপ্তার আহমদ ও শাহাদাৎ ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে পুলিশ নিশ্চিত হয়েছে। আহমদের বাড়ি সাতকানিয়ায় ও শাহাদাতের বাড়ি আনোয়ারায়। তাঁদের বিরুদ্ধে দাঙ্গাহাঙ্গামাসহ কয়েকটি অভিযোগে মামলা হয়েছে।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, আহমদ ও শাহাদাৎ শিবিরের সক্রিয় কর্মী। গতকাল ভোরে ফজরের নামাজের পর ৪০-৪৫ জনকে নিয়ে তাঁরা থানার সামনে জড়ো হন। তাঁরা থানায় ঢুকে পাঁচটি মুণ্ডু বের করে দিতে পুলিশকে অনুরোধ করেন।’ ওসি বলেন, তাঁরা পরিকল্পিতভাবে ছেলেধরার গুজব ছড়াচ্ছেন।এর আগে গত এক সপ্তাহে জেলার পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, সীতাকুণ্ড ও বোয়ালখালী উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়। গণপিটুনির বেশির ভাগ শিকার হয়েছে নিরীহ মানুষ। হাটহাজারীর নাজিরহাটে নিহত ওই যুবক মলমপার্টির সদস্য বলে পুলিশ জানায়।পুলিশ দাবি করছে, ছেলেধরার গুজব ভিত্তিহীন। একটি মহল সুপরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে। গতকাল দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। উপজেলায় মাইকযোগে প্রচারণা এবং মসজিদের ইমামদের মাধ্যমে গুজববিরোধী প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. জেড এম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘ছেলেধরার গুজবে কারা জড়িত, সেটা আমরা বের করার চেষ্টা করছি।’নগর পুলিশের সংবাদ সম্মেলন: গতকাল নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, ছেলেধরা বলতে কিছু নেই। পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এ ব্যাপারে গণমাধ্যম, জনপ্রতিনিধি, মসজিদের ইমামসহ সমাজের সর্বস্তরের সহযোগিতা চায় পুলিশ প্রশাসন। সংবাদ সম্মেলনে নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, পুলিশের উপকমিশনার মো. ময়নুল ইসলাম, বনজ কুমার মজুমদার ও কুসুম দেওয়ান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আবদুল জলিল মণ্ডল বলেন, গত শনিবার ছেলেধরা গুজবে নগরের অভিজাত বিপণিবিতানের একজন ব্যবসায়ীকে বহদ্দারহাটে গণপিটুনি দেওয়া হয়। সন্ত্রাসীরা তাঁর মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। সংবাদ সম্মেলনে বন্দরটিলার আকমল আলী সড়কে ভিখারিনিকে পিটিয়ে হত্যার বর্ণনা দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, ওই ভিখারিনির ঝুলিতে নাকি পাঁচটি শিশুর মুণ্ডু আছে—এমন গুজব ছড়িয়ে তাঁকে গণপিটুনি দিয়ে মারা হয়। পরে তাঁর ঝুলিতে মাত্র দুই টাকা পাওয়া গেছে।সংবাদ সম্মেলনে বলা হয়, চান্দগাঁও থানা ভবন ঘেরাওয়ের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় খোঁজা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।যেভাবে গুজব ছড়াচ্ছে: নবনির্মিত কর্ণফুলী তৃতীয় সেতুতে মানুষের মাথা কেটে দিতে হবে বলে গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের মাথা চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। পাশাপাশি পরিচিত ও অপরিচিত ফোন নম্বর থেকে বিভিন্নজনের মুঠোফোনে এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। গুজবে আতঙ্কিত হচ্ছেন অভিভাবকেরা। গতকাল প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ফোন করে অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করেন।শহরের চেয়ে গ্রামের মানুষ আরও বেশি আতঙ্কিত। বিশেষ করে মহিলারা এই গুজবে কান দিচ্ছেন বেশি। পটিয়া থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমার এলাকায় এক সপ্তাহে ছেলেধরা সন্দেহে অন্তত পাঁচজনকে পিটুনি দেওয়া হয়েছে। কিন্তু তারা কেউ ছেলেধরা নয়। একটি মহল কর্ণফুলী সেতুতে মানুষের মাথা লাগবে বলে এই গুজব ছড়াচ্ছে।’কিছু ঘটনা: গত বৃহস্পতিবার হাটহাজারীর নাজিরহাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিলে এক যুবক নিহত হয়। একই দিন ফটিকছড়ির ধর্মপুরে গণপিটুনি দেওয়া হয় মমতাজ উদ্দিন নামে এক জেলেকে। ১৭ আগস্ট বোয়ালখালীর কালিয়ারহাটে এক দম্পতিকে পিটুনি দেওয়া হয়। এ ছাড়া পটিয়ায় এক সপ্তাহে ছেলেধরা সন্দেহে এক নারীসহ অন্তত তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।