ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাকে বলে চঞ্চলমতির, শৈশবে সে ছিল তা-ই। হাতের কাছে যা পেত, জানালা দিয়ে ছুড়ে মারত বাইরে। একবার তো ছুড়ে মেরেছিল খেলনা লরি। আর সেটি ছিল টাকাভর্তি! তার এই কাজে বড়ই ভোগান্তিতে পড়তে হয়েছিল পরিবারকে। তার চঞ্চলতা একসময় ফুটবলমুখী হয়। চার বছর বয়সেই ফুটবলের অনুরাগী হয়ে ওঠে সে। তারও আগে খেলা শুরু তার। সাত বছরের বড় ভাই ছিলেন ফুটবলার। ভাইকে দেখে দেখেই ফুটবলে লাত্থি মারা শুরু। তবে ফুটবলার হওয়ার পেছনে ভাই নয়, বড় অবদান এক কার্টুন সিরিজের; যেখানে এক দঙ্গল ছেলের দল বিনোদনের জন্য ফুটবল খেলতে গিয়ে হয়ে ওঠে পেশাদার খেলোয়াড়। ওই সিরিজ দেখেই তার বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা শুরু। তবে গোলকিপার হিসেবেই শুরুটা হয়েছিল তার। একবার সেভ করতে গিয়ে বল লেগে দুটি দাঁত ভেঙে গিয়েছিল। পরে অবশ্য তাঁকে আর গোলপোস্ট আগলাতে হয়নি। সাত বছর বয়সে স্থানীয় এক বয়সভিত্তিক লিগে স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করে সে। ১১ বছর বয়সে সে যোগ দেয় অ্যাটলেটিকো মাদ্রিদের একাডেমিতে। ওপরের ছবি দুটি সেই ছেলেরই। বলুন তো কে? ফার্নান্দো তোরেস।