ছেলেবেলায় তিনি
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকমেয়েটির টেনিসে হাতেখড়ি সাত বছর বয়সে। অবসরে মা-বাবা টেনিস খেলতেন। তাঁদের দেখে দেখেই টেনিসে আগ্রহ। ৯ বছর বয়সে কোর্টে একবার সে হারিয়ে দেয় বাবাকে। তখনই তার পরিবার বুঝে যায়, এই মেয়ে একদিন বড় তারকা হবে। অভিভাবকেরা আরও নিশ্চিত হন এক অনূর্ধ্ব-১২ প্রতিযোগিতায় মেয়ের সাফল্য দেখে। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মেয়েটি সব ম্যাচই জেতে ৬-০, ৬-০ গেমে! মা-বাবা জন্মসূত্রে পোলিশ হওয়ায় তার পোল্যান্ডের হয়েই খেলার কথা। কিন্তু সেটা না হওয়ার পেছনেও একটা গল্প আছে। পোল্যান্ডের এক বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল সে। হেরে যাওয়া সব প্রতিযোগীর অভিভাবকেরা তার অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। কারণ তখন অভিভাবকদের সঙ্গে মেয়েটির বসবাস ছিল ডেনমার্কে। এরপরই ডেনমার্কের হয়ে খেলার সিদ্ধান্ত নেয় মেয়েটি। ডেনমার্কের হয়েই ২০০৬ সালে জেতে জুনিয়র উইম্বলডন। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? ক্যারোলিন ওজনিয়াকি।