ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বপুরুষ ওয়েস্ট ইন্ডিয়ান। শরীরে অ্যান্টিলিয়ান রক্ত। বাবা অ্যান্টনির জন্মভূমি গুয়াডেলপ, মা ম্যারিসে এসেছেন মার্টিনিক থেকে। ছেলেকে ঘিরে দুটি ভিন্ন দ্বীপ থেকে আসা বাবা ও মার চাওয়াটাও ছিল আলাদা। মা চেয়েছিলেন ছেলে পড়ালেখা শিখে ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক। আর বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় ফুটবলার হবে। ছেলেটিও ছিল সব্যসাচী। যেমন ভালো ছিল পড়ালেখায়, তেমনি ফুটবলেও। দরিদ্র এলাকা লেস উলিসের মানুষের খেয়ে-পরে জীবন চালাতেই সংগ্রাম করতে হতো। লেখাপড়া শিখে বড় কিছু হওয়ার স্বপ্ন সেখানকার মানুষ খুব একটা দেখতে পারত না। তবে ফুটবল খেলার সুযোগ সেখানে ছিল। লেস উলিসের অ্যান্টিলিয়ান দম্পতির ঝাঁকড়া চুলের ছেলেটিও শেষ পর্যন্ত ফুটবলকেই পেশা বানিয়েছে। অনন্য প্রতিভা দিয়ে ৬ বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছিল সে ফুটবলবোদ্ধাদের। তার প্রতিভা দেখে লেস উলিসের ক্লাব কো লেস উলিস নিয়ে নেয় তাকে। এরপর সে গেল ভিরি শ্যাতিলঁ ক্লাবে। ১৩ বছর বয়সে একবার ৬-০ গোলে জিতল তার দল, সব কটি গোলই করল সে। ওই ম্যাচে মাঠে ছিলেন এএস মোনাকোর স্কাউট আরলন্ড কাটালানো। তার খেলা দেখে কাটালানো এতই মুগ্ধ হলেন যে কোনো ট্রায়াল ছাড়াই দলে নিয়ে নিলেন। বলুন তো কে? হ্যাঁ, ছবির ঝাঁকড়া চুলের এই ফুটবলারটি আজকের মুণ্ডিত মস্তক থিয়েরি অঁরি।