ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক
ছেলেবেলায় তিনি
বেশির ভাগ ব্রাজিলিয়ান ফুটবলারের ক্ষেত্রেই যা দেখা যায়—দারিদ্র্যপীড়িত পরিবারে জন্ম, খেয়ে না খেয়ে ফুটবল নিয়ে রাস্তাঘাটে পড়ে থাকা, অতঃপর ফুটবলকেই ‘বড়’ হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা। এ ক্ষেত্রে ব্যতিক্রমই ছিল ছেলেটি। জন্ম সচ্ছল পরিবারে। শৈশবে ফুটবল এবং লেখাপড়া দুটোর দিকেই মনোযোগ দিতে পেরেছিল সে। ছাত্রও ছিল খুব ভালো। ফলাফলই বলবে সে কথা। ইংরেজিতে দশে ১০, পর্তুগিজ ভাষায় সাড়ে নয়। শান্ত সুবোধ আর মিষ্টি স্বভাবের হওয়ায় ছেলে-বুড়ো সবার প্রিয়পাত্র ছিল। ফুটবলটাও খেলত ভালো। তাই সবাই দলে নিতে চাইত তাকে।সাত বছর বয়সে ছেলেটির পরিবার পাড়ি জমায় নতুন শহরে। নতুন স্কুল। নতুন বন্ধু। তবে সে যে ফুটবলটা দুর্দান্ত খেলে সেটা এখানেও ছড়িয়ে পড়ে দ্রুত। স্কুল কর্তৃপক্ষই স্থানীয় এক ক্লাবে ভর্তি করায়। সেখানে কিছুদিন খেলার পরেই ব্রাজিলের নামী এক ক্লাবের নজরে আসা। আট বছর বয়সেই ক্লাবটি চুক্তি করে ফেলল তার সঙ্গে। ক্লাবের নাম? সাও পাওলো! উপরের ছবিটি সেই ছেলেরই। নাম? কাকা। শাহরিয়ার ফিরোজ