ছেলের ছুরিকাঘাতে মা খুন, বোন আহত
ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক মা। আর মাকে বাঁচাতে গিয়ে বোনও গুরুতর আহত হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে আবদুল কাইয়ুমের (২৬) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বাবা আবদুল কাদির।পুলিশ ও এলাকাবাসীরা জানায়, গত শুক্রবার দুপুরে কাইয়ুম তাঁর মা আম্বিয়া খাতুনের (৪৫) কাছে কিছু টাকা চান। মা টাকা দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে কাইয়ুম মায়ের সঙ্গে তর্ক শুরু করে। একপর্যায়ে ছুরি দিয়ে মাকে আঘাত করতে থাকেন। এতে মা আম্বিয়ার পেট, পিঠ ও কোমর জখম হয়। চিত্কার শুনে ছোট বোন হালিমা আক্তার মাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় বোনের মুখেও ছুরিকাঘাত করে কাইয়ুম।গুরুতর আহত মা ও মেয়েকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রোববার সকালে মা আম্বিয়া খাতুন হাসপাতালে মারা যান।নান্দাইল মডেল থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবীর বলেন, হত্যার আলামত হিসেবে ছুরিটি নরসুন্দা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই কাইয়ুমকে আটক করে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।