ছেলের জন্য টিউশনি করতেন বাবা
বিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করেন মো. দিদারুল আলম। সামান্য বেতনে সংসার চালানো দায়। তার ওপর সন্তান পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষায় ভালো করছেন, গত পরীক্ষায়ও প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়েছেন। তাঁর পড়ালেখা শেষ করাতেই হবে। তাই কখনো অভাব বুঝতে দেননি সন্তানকে। বিদ্যালয়ের চাকরি শেষে বিকেলে ও সন্ধ্যায় গ্রামে গ্রামে ঘুরে টিউশনি করতেন আর সন্তান ও নিজেদের ভবিষ্যত্ নিয়ে স্বপ্নের জাল বুনতেন। ছেলে পাস করলেই তো তাঁর আর অভাব থাকবে না। গ্রামে গ্রামে ঘুরে টিউশনি করতে হবে না। কিন্তু ঘাতকের ছুরিকাঘাতে তাঁর স্বপ্নে বোনা জাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে।গতকাল মঙ্গলবার অ্যাম্বুলেন্সে করে মিরসরাই উপজেলার রাঘবপুর গ্রামের মাজন মাঝির বাড়িতে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের (নতুন) ছাত্র হারুন-উর-রশিদ ওরফে কায়সারের লাশ। লাশের গাড়ি দেখার পর প্রথমে কোনো ভাবান্তর ছিল না দিদারের মধ্যে। পলিথিনে মোড়ানো লাশের দিকে কেবল নির্বাক চোখে তাকিয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর বাঁধভাঙা কান্না। লাশের দিকে চেয়ে বলে ওঠেন, ‘বাবা, তুই তিন দিন আগে কেন আসলি। তোর তো শুক্রবার আসার কথা ছিল।’মা কামরুন্নাহার সন্তানের লাশের ওপর আছড়ে পড়ে কাঁদছেন। তাঁর কান্না যেন আর থামেই না। তিনি বারবার ছেলের মুখ দেখতে চাইছিলেন। রোববার সন্ধ্যায় মুঠোফোনে তাঁর সঙ্গে শেষ কথা হয় হারুনের। তখন তিনি আগামী শুক্রবার চাচার বিয়েতে বাড়ি আসার কথা বলেছিলেন। ভাইয়ের পলিথিন মোড়ানো লাশ দেখে ছোট ভাই আমিনুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলে। ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর থেকেই আমিনুল কাঁদছিল।সোমবার সকালে হাটহাজারী থানার পুলিশ চৌধুরীহাট ও সেনানিবাস রেলস্টেশনের মাঝামাঝি বড়দীঘিরপাড় এলাকায় রেললাইন থেকে হারুনের জবাই করা মরদেহ উদ্ধার করে। প্রথমে লাশের কোনো পরিচয় পাওয়া যাচ্ছিল না। রাতে তাঁর লাশ শনাক্ত করা হয়। তাঁর বাবা দিদার রাতে সন্তানের খুনের খবর পান।মিরসরাই সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে মিঠানালা ইউনিয়নের রাঘবপুর গ্রাম। কোনো বিদ্যালয়ের শিক্ষক না হলেও এলাকায় হারুনের বাবা দিদার মাস্টার নামে পরিচিত। হারুনও বেশ প্রিয় ছিল গ্রামবাসীর। লাশ দেখতে এসে অনেককে নীরবে চোখের পানি মুছতে দেখা যায়।কথা হয় হারুনের দাদা মোজাম্মেল হকের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছেলের পড়ালেখার খরচ জোগানোর জন্য দিদার বিদ্যালয়ের চাকরি শেষে গ্রামে একাধিক টিউশনি করত। এতেও কুলোয় না। তাই দিদার কিছু জমি বিক্রিরও চিন্তাভাবনা করছিল। তার আশা ছিল, বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হলে হারুন বড় চাকরি পাবে, সংসারের দায়িত্ব নেবে। প্রায়ই বাবা-ছেলের মধ্যে এ নিয়ে কথাও হতো।’হারুনের প্রতিবেশী আহসানুজ্জামান বলেন, ‘সে কোনো সংগঠনের সঙ্গে আগে সম্পৃক্ত ছিল না। সম্প্রতি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িয়েছে বলে শুনেছি। হয়তো এটাই তার মৃত্যুর কারণ হতে পারে।’দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য সাইদুল হক জানান, হারুনের দরিদ্র বাবার আর কোনো বিষয়ে চিন্তা ছিল না। শুধু ছেলের কথা চিন্তা করতেন। কীভাবে ছেলের পড়ার খরচ জোগাড় করা যায়—সেটাই প্রধান চিন্তা ছিল তাঁর।দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দলে দলে হারুনের বাড়িতে আসছিল। আসছিলেন গ্রামের মানুষ, আত্মীয়স্বজন, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। সবার একই প্রশ্ন—এ অসহায় পরিবারের কী হবে? কী হবে হারুনের মা-বাবার স্বপ্নের?