ছেলের দুধের জন্য...
বিয়ের ১২ বছর পর জন্ম হয়েছিল ছেলেটির। মা-বাবা দরিদ্র হলেও শখ করে সন্তানের নাম রাখলেন রবিনহুড। কিন্তু জন্মের পরপরই ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয় শিশুটি। চিকিত্সক পরামর্শ দিয়েছেন, ওষুধের পাশাপাশি দুর্বলতা সারাতে হলে শিশুটিকে নিয়মিত দুধ খাওয়াতে হবে। কিন্তু দুর্ভাগ্য, শিশুটির মা বাসন্তীও অসুস্থ। তাই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। কিন্তু শিশুটির জন্য বাজারের ব্যয়বহুল দুধ কেনার সামর্থ্য নেই মা-বাবার।শিশুটির বাবার নাম মতিলাল রবিদাস। থাকেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নন্দউড়া গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে জুতো সেলাই করে জীবন কাটে তাঁর। তিনি বলেন, ‘অনেক কষ্টে ধারদেনা কইরা যে টেহা পাইছি, তা দিয়া ডাক্তার দেহাইছি। তারা কইছে, ও ভালা অইব। এর লাইগ্যা নিয়মিত দুধ খাওয়াইতে অইব। কিন্তু স্ত্রীর অসুখের জন্য তার ভাগ্যে মায়ের বুকের দুধও জুটছে না। আর বাজারের দুধ যে কিনবাম, এরও সামর্থ্য নাই। দুধ খাওয়াতে না পারলে ছেলেটি আমার বাঁচব না। তাই এহন কীভাবে যে কী করবাম, তা বুঝতাছি না।’ছেলেকে বাঁচাতে দুধের খরচের টাকা জোগানোর জন্য এখানে-সেখানে ঘুরছেন মতিলাল। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় আশুজিয়া ইউপির চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘মতিলাল খুবই গরিব ও অসহায় একজন মানুষ। সাহায্যের জন্য সে আমার কাছেও এসেছিল।’