ছেলের বিরুদ্ধে মায়ের মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কের যত মহার্ঘ, পবিত্র, আত্মিক, মানবিক, নিবিড় ও স্বর্গীয় বাঁধন আছে, তার অন্যতম হলো ‘মা-সন্তান’ সম্পর্ক। মায়ের নিঃশর্ত-অন্তহীন শারীরিক, মানসিক ও আত্মিক বিনিয়োগের ফসল সন্তান। মায়ের সর্বস্ব খুইয়ে সন্তান পার করে তার অসহায় শৈশব, দুরন্ত কৈশোর আর যৌবনের বিপজ্জনক সময়। স্বার্থের এতটুকু হানিতে সেই সন্তানই যখন মাকে মারতে উদ্যত হয়, মা-মায়ের মমতা-প্রেম-ভালোবাসা সবই কি তখন মিছে মনে হয় না! মায়ের রক্ত-মাংসে যে হাতের জন্ম, সে হাতই যখন উদ্যত ফণা হয়ে মায়ের দিকে ছুটে আসে, সম্পর্কের সব সেতুকে তখন কি অস্পৃশ্য মনে হয় না? হায়, তেমনই এক অবিশ্বাস্য-অমানবিক ঘটনার প্রকাশ ঘটল আমাদের ঢাকার আদালতপাড়ায়।তিন ছেলে ও এক মেয়ের জননী কুলছুমা আখতার (৬০)। বড় দুই ছেলে বিবাহিত ও দুজনেই বড় প্রতিষ্ঠানে উচ্চ বেতনে কর্মরত। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে এক প্রকৌশলীর সঙ্গে। তাঁরা থাকেন গুলশানে। তবে বসতি মিরপুরে। মধ্য পরীবাগে আট কাঠার এক জমিতে তাঁদের ঘরকন্না। জমিটির মালিক কুলছুমা নিজে। স্বামী জীবদ্দশায় তাঁর নামেই জমিটি লিখে দেন। স্বামী জীবিত থাকতে মোটামুটি ভালোই চলছিল সব। কিন্তু মৃত্যুর পর নিজের ভরণ-পোষণ নিয়ে খুব সমস্যায় পড়লেন কুলছুমা। তারপর শরীরে বার্ধক্যজনিত হাজার রকম রোগের বাসা। সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি বলতে তখন বড় দুই ছেলে। কিন্তু ভরণ-পোষণ দেওয়া দূরে থাক, ছেলেরা মায়ের ভালো-মন্দের খোঁজই রাখতেন না। তাঁরা ব্যস্ত তাঁদের স্ত্রী-সন্তান নিয়ে। তা ছাড়া ছেলে- ছেলেবউয়ের দুর্ব্যবহার তো আছেই। এ অবস্থায় কুলছুমার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মায়ের চিকিত্সার বিষয়টা ছেলেরা যথারীতি এবারও উপেক্ষা করলেন। সেখানে এগিয়ে এলেন একমাত্র মেয়ে রুমা ও তাঁর প্রকৌশলী স্বামী সাজু। এ যাত্রায় লক্ষাধিক টাকা গেল মায়ের চিকিত্সায়। অবস্থার একটু উন্নতি ঘটলে মেয়ে আর মেয়েজামাই কুলছুমাকে তাঁদের গুলশানের বাসায় নিয়ে এলেন। কিন্তু দুদিন পর অবস্থার আবারও অবনতি। চিকিত্সক বললেন, উন্নত চিকিত্সা দরকার। কিন্তু টাকা আসবে কোত্থেকে? উপায়ন্তর না দেখে কুলছুমা সিদ্ধান্ত নিলেন নিজের আট কাঠা বসতভিটার অংশবিশেষ বিক্রি করবেন। সেই মতো কিছু লোকের সঙ্গে বায়নাও করলেন। পুরো ব্যাপারটি কুলছুমা তাঁর বড় দুই সন্তানকে আগেই বিস্তারিত জানিয়েছিলেন। সমস্যাটা পাকাল ১৮ ডিসেম্বর। সেদিন মেয়ে ও মেয়েজামাইসহ কুলছুমা গিয়েছিলেন তাঁর পরীবাগের ভিটায়। বায়নার লোকজনকে সেদিন জমি দেখানোর কথা। গিয়ে দেখেন, বড় ছেলে ও তাঁর স্ত্রী, শ্যালক এবং মেজ ছেলে সেখানে প্রতিরোধ গড়েছেন। সঙ্গে জুটিয়েছেন কিছু মাস্তানও। মাকে তাঁরা চিকিত্সার খরচ দিতে রাজি নন। আবার জমিও বিক্রি করতে দেবেন না—এই হলো তাঁদের উদ্দেশ্য। শুরু হলো কথাকাটাকাটি। কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ছেলে সদলবলে হামলা করে বসল বোন ও ভগ্নিপতি সাজুর ওপর। সাজু লোহার রড ও চাপাতির এলোপাতাড়ি আঘাতে রক্তাক্ত হলেন। সাজুকে বাঁচাতে গিয়ে কুলছুমাও আক্রান্ত হলেন। বড় ছেলের হাত মা কুলছুমের গায়ে উঠতেই খান খান হয়ে গেল তাঁর মাতৃত্ব। সেদিনই মামলা করে দিলেন থানায়। মা ফরিয়াদি। আসামি দুই ছেলে এবং বড় ছেলের বউ।একই ঘটনায় একই থানায় ৪৮ ঘণ্টার মাথায় মামলা করে বসলেন বড় ছেলে। মামলাটি বড় ছেলে নিজে করেননি, করিয়েছেন তাঁর শ্যালককে দিয়ে। আসামি কুলছুমার মেয়ে ও মেয়েজামাই। ছোট ছেলেটি মায়ের পক্ষে ছিল। তাই আসামি করা হলো তাঁকেও।মামলা গড়াল কোর্টে। প্রথমে উঠল মায়েরটা। ফরিয়াদির কাঠগড়ায় মা। আসামির কাঠগড়ায় হাতকড়া পরানো দুই ছেলে ও বড় ছেলের বউ। জামিন চাইল ছেলেপক্ষ। আদালত তো বিব্রত। পাল্টাপাল্টি মামলা। তদন্ত, চার্জশিট, সাক্ষ্য-প্রমাণ কিছুই এখনো হয়নি। জামিন দিলে ন্যায়বিচার হবে, নাকি না দিলে ন্যায়বিচার হবে—তা নিয়ে আদালত পড়লেন মস্ত ধাঁধায়। শেষে দ্বারস্থ হলেন মায়ের। জিজ্ঞেস করলেন, আসামিদের জামিন দিলে তাঁর আপত্তি আছে কি না। গর্ভের সন্তানদের হাতকড়া পরানো এবং এমন হতবিহ্বল চেহারা দেখে হু হু করে উঠল মায়ের মন।জেগে উঠল শাশ্বত মাতৃত্ব। অশ্রুসিক্ত চোখে মা কুলছুমা বললেন—‘না, আমার আপত্তি নেই।’ মায়ের কথায় আদালত জামিন দিলেন ছেলেদের। মায়ের মাতৃত্বে মুগ্ধ ছেলেরা পরে ঘরের চাবিপত্র সব বুঝিয়ে দিলেন মাকে। সঙ্গে তুলে নিলেন বড় ছেলের শ্যালককে দিয়ে দায়ের করা পাল্টামামলা।