ছেলের মান ভাঙাতে দুবাইয়ে জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল শনিবার দুই দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন। ছেলে বিলাওয়াল ভুট্টোর মান ভাঙিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই জারদারি দুবাই গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, আগামী ১১ মে অনুষ্ঠেয় নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রচারে নেতৃত্বে দেওয়ার জন্যই বিলাওয়ালকে দেশে ফিরিয়ে আনতেই দুবাই গেছেন জারদারি। ২৪ বছর বয়সী বিলাওয়াল প্রায় এক সপ্তাহ আগে বাবা আসিফ আলী জারদারির সঙ্গে দলীয় বিষয়ে মতবিরোধের সূত্র ধরে পাকিস্তান ছেড়ে দুবাই যান। পিপিপির একটি সূত্র জানিয়েছে, জারদারি ব্যক্তিগত সফরে দুবাই গেছেন। তাঁর দুবাই সফরের প্রধান উদ্দেশ্য বিলাওয়ালের মান ভাঙানো।ওই সূত্রটি বলেছে, বিলাওয়াল ছাড়া পিপিপির পক্ষে ১১ মের নির্বাচন সামাল দেওয়া সম্ভব নয়। পিপিপির অনেকেই বিশ্বাস করেন, বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়ালই কেবল ভোটারদের দলের পক্ষে টানতে পারবেন। তবে প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লা বাবর দাবি করেছেন, ‘জারদারি ব্যক্তিগত সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন। বিলাওয়াল লন্ডন বা অন্য কোথায় তা আমি জানি না।’ বিলাওয়ালের সঙ্গে জারদারির দ্বন্দ্বের খবর ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।