ছেলের মামলার তদবির করতে আদালতে সাংসদ!
বরিশাল-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম বিচার চলাকালে হঠাৎ আদালতকক্ষে ঢুকে পড়েন। ছেলের মামলার ব্যাপারে তদবির করতে তিনি সেখানে যান বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান। এ সময় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে উপস্থিত বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস তাঁকে আদালত থেকে সরিয়ে দেন।গতকাল রোববার দুপুর ১২টায় বরিশালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, সাংসদ মনিরুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলামের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ একটি মামলা করেছিলেন। সেই মামলার তদবির করতে গতকাল সাড়ে ১১টার দিকে আদালতপাড়ায় যান সাংসদ। একপর্যায়ে ১২টার দিকে তিনি অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাহিদুল কবীরের আদালতে ঢুকে পড়েন। ওই সময় আদালতে অন্য একটি মামলার বিচারকাজ চলছিল। মনিরুল ইসলাম ‘আইনমন্ত্রী কথা বলবেন’ এমন উক্তি করে বিচারককে এজলাস থেকে নেমে আসতে বলেন। বিচারক তাঁর পরিচয় জানতে চান। এ পর্যায়ে আইনজীবীরা সাংসদের এমন আচরণের প্রতিবাদ করেন। সেখানে উপস্থিত অপর সাংসদ ও আইনজীবী তালুকদার মো. ইউনুস মনিরুল ইসলামকে আদালতের বাইরে নিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়।সাংসদ ইউনুস প্রথম আলোকে বলেন, ‘মনিরুল ইসলাম কথা বলার জন্য অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে বিচার চলাকালে ঢুকে পড়েন। এ সময় তাঁকে বাধা দেন বিচারকের অফিস সহকারী। তখন বিচারক জানতে চান, উনি কে? আমি তাঁর পরিচয় বলি এবং তাঁকে দ্রুত সেখান থেকে বের করে নিয়ে আসি। আমি না থাকলে হয়তো অন্য কোনো ঘটনা ঘটতে পারত।’জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘এমপি সাহেব আদালত কক্ষে ঢুকে বিচারকের কাছে গিয়ে ফোন এগিয়ে দেন কথা বলার জন্য। এ সময় উপস্থিত আইনজীবীরা এর প্রতিবাদ জানান।’ জানতে চাইলে মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি আদালতে গিয়েছিলাম। আইনমন্ত্রী মুখ্য মহানগর হাকিমের সঙ্গে কথা বলতে চেয়েছেন। সে বিষয়টি আমি তাঁকে বলার জন্য গিয়েছি। পরে তালুকদার মো. ইউনুস আমাকে বলেন, উনি এজলাসে আছেন, পরে কথা বলেন। আমি তাঁকে এজলাস থেকে নামতে বলিনি বা আমার ছেলের কোনো মামলার বিষয়েও আমি সেখানে যাইনি। আমার ছেলের বিরুদ্ধে করা মামলায় ১৫ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিয়েছে।’আইনমন্ত্রী নিজেই তো বিচারকের সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন, আপনার মাধ্যমে কেন কথা বলতে চাইলেন? এমন প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, ‘আমি বরিশালে ছিলাম, কিছুক্ষণ আগে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন বিচারককে পাচ্ছিলেন না। আমাকে বলায় আমি সেখানে গিয়ে আইনমন্ত্রীর কথা তাঁকে বলেছি।’তবে আইনমন্ত্রী শফিক আহমেদ বিষয়টি অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি কোনো বিচারকের সঙ্গে কথা বলতে চাইনি। তা ছাড়া সাংসদ মনিরুল ইসলামের সঙ্গে এ বিষয়ে আমার কোনো কথাই হয়নি।’গত ২৮ মে মনিরুল ইসলাম ও তাঁর অনুসারীরা উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় সাংসদপুত্র রিয়াজুল ইসলাম পিস্তল দিয়ে কয়েকটি গুলি চালান। এ অভিযোগে উপজেলা চেয়ারম্যান বাদী হয়ে রিয়াজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।উপজেলা চেয়ারম্যান গতকাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে কি না, জানি না। দিয়ে থাকলে আমি আদালতে নারাজি দেব। যেহেতু সাংসদ ও তাঁর ছেলে ওই মামলার আসামি। আমার ধারণা, মামলায় হস্তক্ষেপ করতে তিনি আদালতে গিয়েছিলেন।’