যৌতুকের চাপ, স্বামীর দ্বিতীয় বিয়ে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা
ছেলের মৃত্যু, মৃত্যুর মুখে মা-মেয়ে
‘আম্মু, আমাদের গায়ে আগুন দিচ্ছো কেন?’ বলে চিত্কার করছিল আট বছরের শিশু রজনী। তার চিত্কার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। ততক্ষণে মা বিলাসী আক্তার তিন বছরের ছেলে আবু রায়হান ও মেয়ে রজনী আক্তারের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। গায়ে কেরোসিন ঢেলে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তির পর রাত পৌনে আটটার দিকে মারা যায় রায়হান। মা বিলাসী আর মেয়ে রজনী এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কমলাপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিলাসীকে আত্মহত্যার চেষ্টায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, রজনীরও বাঁচার সম্ভাবনা কম। তার শরীরের ৮০ শতাংশ পুড়েছে। মৃত রায়হানের শরীরেরও ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। শিশুদের মা বিলাসী আক্তারের (২৭) অবস্থাও সংকটজনক। তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিলাসী আক্তার দুই সন্তান নিয়ে বাড়ির দ্বিতীয় তলার ছাদে যান। সেখানে বিলাসী নিজের ও সন্তানদের গায়ে কেরোসিন ঢালেন। দেশলাই জ্বালিয়ে বিলাসী প্রথমে দুই সন্তানের দিকে ছুড়ে মারেন। মুহূর্তে তাদের গায়ে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এরপর আরেকটি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে নিজের শরীরে ধরিয়ে দেন। বাচ্চাদের চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তারা নিচতলার ফটকের তালা ভেঙে ছাদে উঠে মা ও দুই সন্তানের শরীরের আগুন নেভায় এবং গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যায়। পাশের বাড়ির তৃতীয় তলার বাসিন্দা মো. মোস্তফা সাংবাদিকদের জানান, বাচ্চাদের চিত্কার শুনে তাঁরা বারান্দায় এসে দেখেন, দুই বাচ্চাসহ মায়ের শরীরে দাউদাউ করে আগুন জ্বলছিল। পাশের ভবন থেকে তাঁরা বালতি দিয়ে পানি ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় যুবকেরা ওই বাড়ির নিচতলার লোহার ফটকের তালা ভেঙে ছাদে ওঠে। কেউ বা ভবনটির পানির পাইপ বেয়ে ওঠে। পরে দগ্ধদের নামিয়ে এনে হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেশী গৃহবধূ স্বপ্না বেগম প্রথম আলোকে বলেন, হঠাৎ বাচ্চাদের চিত্কার ভেসে আসছিল ‘আম্মু, আগুন ধরিয়ে দেও কেন? আগুন ধরিয়ে দেও কেন?’ দৌড়ে এসে দেখেন ছাদে এই ঘটনা। বাড়ির মালিক আরমান হোসেনের ফুফু জানান, দুই বছর আগে একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের মালিক সৈয়দ রাজীব হোসেন ১০৮, দক্ষিণ কমলাপুরের দোতলা এই বাড়িটি ভাড়া নেন। দুই ইউনিটের বাড়ির নিচতলার একটি কক্ষে তিনি থাকেন। পাশের কক্ষে থাকেন রাজীবের বাবা রুস্তম আলী। দ্বিতীয় তলায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন রাজীব। বাসার নিচতলার লোহার ফটকে সব সময় তালা মেরে রাখতেন তাঁরা। অগ্নিদগ্ধ হওয়ার আগে রাজীব হোসেন সকাল সাড়ে ১০টার দিকে বাসায় আসেন। কিছুক্ষণ পর মেয়ে রজনীকে নিয়ে স্কুল থেকে আসেন মা বিলাসী। রাজীব বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে। গতকাল দুপুরে বার্ন ইউনিটের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে ছোট্ট রায়হান ও রজনীর শরীর কুঁচকে গেছে। চিকিত্সক ও নার্সরা ট্রলির ওপর তাদের দগ্ধস্থলে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করছেন। শিশু দুটি স্পষ্ট করে কথা বলতে পারছিল না। তাদের অসহনীয় যন্ত্রণা দেখে চিকিত্সক ও সেবিকাসহ উপস্থিত সবার চোখ ভিজে আসে। পাশের ট্রলিতে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে কাতরাচ্ছেন মা। পরে শিশু দুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। মাকে পাঠানো হয় ওয়ার্ডে।আইসিইউতে নেওয়ার আগে শিশু রজনী ছটফট করছিল আর অস্পষ্ট স্বরে বলছিল, ‘দাদা গো, পানি দাও। আম্মু আমাদের আগুন লাগিয়ে দিয়েছে।’চিকিত্সাধীন বিলাসী প্রথম আলোকে বলেন, ‘রাজীবের অত্যাচারে আমি অতিষ্ঠ। আমার অমতে সে দ্বিতীয় বিয়ে করেছে। রাতে সেখানেই থাকত। প্রতিবাদ করায় সে আমাকে প্রায় প্রতিদিনই মারধর করত। এ ছাড়া দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন করছিল। সে আমাকে সংসার থেকে বের করে দেবে বলেও হুমকি দেয়। বলে, “তুই মরবি, এরপর তোকে মাটি দিতে বাসায় আসব”।’ বিলাসী বলেন, ‘অতিষ্ঠ হয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমি চলে গেলে বাচ্চা কার কাছে রেখে যাব। এ কারণে বাচ্চাদেরও...।’ আবার তিনি বলেন, ‘আমি নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলাম। কিন্তু বাচ্চারা আমাকে জড়িয়ে ধরলে অগ্নিদগ্ধ হয়।’ এক প্রশ্নের জবাবে বিলাসী বলেন, ‘ভুল না ঠিক করেছি, জানি না।’ অগ্নিদগ্ধ সন্তানদের পাশে বাবা রাজীব হোসেন কাঁদছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, দ্বিতীয় বিয়ের বিষয়ে বিলাসীকে বলা হলেও তিনি হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। দ্বিতীয় বিয়ে ছাড়াও সাংসারিক জীবনে তাঁদের মধ্যে ছোটখাটো সমস্যা ছিল। যৌতুকের বিষয়ে রাজীব দাবি করেন, তিনি কখনো যৌতুক নেননি। তাঁর স্ত্রীর বড় ভাই সেলিমুজ্জামানের কাছ থেকে তিনি টাকা ধার আনতেন এবং তা দিয়েও দিতেন। তবে নিজের কর্মের জন্য ভুল স্বীকার করেন রাজীব। তিনি বলেন, ‘আমার তো সব শেষ হয়ে গেছে। এর জন্য যে শাস্তি দেওয়া হবে, তা মাথা পেতে নেব।’ বিলাসীর শ্বশুর রুস্তম আলী বলেন, তিনি ছেলের সঙ্গে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। সকালে তিনি কর্মস্থলে যাওয়ার পর রাজীব বাসায় খেতে যায়। এ সময় তাঁর ছেলের সঙ্গে পুত্রবধূর কথাকাটাকাটি হয়। এর জের ধরেই বিলাসী এ পথ বেছে নেয়। ঘটনার পর ওই বাড়িতে গিয়ে দেখা যায়, দোতলার সিঁড়িতে একটি বেলচায় কেরোসিন রাখা। বাড়িটি ঘিরে উত্সুক মানুষের ভিড়। দ্বিতীয় তলার ছাদে পুড়ে যাওয়া কাপড়ের অংশবিশেষ পড়ে আছে। র্যাব ও পুলিশ কর্মকর্তারা ঘটনার বিষয়ে লোকজনের সঙ্গে কথা বলছেন।ঘটনাস্থলে মতিঝিল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন বলছেন, বিলাসী তাঁর দুই সন্তানের শরীরে আগুন দেওয়ার পর নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। কিন্তু বিলাসীর স্বজনদের দাবি, বিলাসী ও তাঁর দুই সন্তানকে আগুন দিয়ে রাজীব ঘর থেকে চলে গেছেন। বিলাসীর ভাই সেলিমুজ্জামান অভিযোগ করেন, ২০০০ সালে রাজীবের সঙ্গে বিলাসীর বিয়ে হয়। দুই বছর আগে দক্ষিণ কমলাপুরের এই বাসা ভাড়া নেন। রাজীবের চরিত্র ভালো না থাকায় তাঁকে তড়িঘড়ি করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। কিছুদিন না যেতেই বিভিন্ন সময় যৌতুকলোভী রাজীব তাঁদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন। বোনের শান্তির কথা চিন্তা করে রাজীবকে তিন লাখ টাকা যৌতুক দেওয়া হয়। সম্প্রতি তাঁকে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়। তিনি বলেন, গত ১৮ জুন রাজীব দ্বিতীয় বিয়ে করেন। জানতে পেরে বোন ও ভাগনে-ভাগনিকে তাঁদের বাসায় নিয়ে যান। কিন্তু রাজীবের মা-বাবা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিলাসীকে ফেরত আনেন। ২৩ জুলাই ১০ লাখ টাকা যৌতুকের জন্য বিলাসীকে মারধর করেন রাজীব। তিনি দাবি করেন, এই ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজীব তাঁর স্ত্রীকে আত্মহত্যার চেষ্টায় প্ররোচনা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিয়ের পর থেকে রাজীব-বিলাসী দম্পতির মধ্যে বনিবনা ছিল না। যৌতুকের দাবিতে রাজীব দীর্ঘদিন ধরে বিলাসী নির্যাতন চালিয়ে আসছিলেন।