ছেলের সামনে বাবাকে পিটিয়ে মারল মাদকসেবীরা
রাজধানীর বাসাবোতে ঈদের দিন (বুধবার) রাতে মাদকসেবীরা এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খাজা মাহফুজুল হক খানকে (৭৩) তাঁর এক ছেলের সামনে পিটিয়ে মারা হয়। বাসার সামনে মাদক সেবন করে হল্লা করতে নিষেধ করায় প্রাণ দিতে হয়েছে মাহফুজুল হক খানকে। তিনি শিল্প ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) ছিলেন।নিহত মাহফুজুল হক খানের মেজ ছেলে ও ঘটনার প্রত্যক্ষদর্শী কে এম রিয়াজুল হক খান বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত দুই দিনে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। তাদের একজনের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি পিস্তল ও কিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব।মাহফুজুল হক খানের পরিবারের সদস্যরা বলেন, বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাদের ৩৫/ডি উত্তর বাসাবোর বাসার সামনে মাদক সেবন করে হইহল্লা করছিল এলাকার কয়েকজন মাদকসেবী। মসজিদ থেকে ফেরার পথে তাদের দেখে অন্য কোথাও আড্ডা দিতে বলেন মাহফুজুল। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে মারধর করে। গোলমাল শুনে ছেলে রিয়াজুল বাবাকে রক্ষায় এগিয়ে গেলে তাঁকেও মারধর করে সন্ত্রাসীরা। আহত বাবাকে নিয়ে রিয়াজুল বাসার ভেতরে ঢোকার পর সেখানেও হামলা চালায় তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় মাহফুজুলকে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে বারডেম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীরা আহত মাহফুজুলকে হাসপাতালে নিতেও বাধা দেয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজুল হক খানের বাড়ির পাশেই ৩৬ উত্তর বাসাবো প্লটে একটি রিকশা গ্যারেজ রয়েছে। এই গ্যারেজ ও তার সামনের রাস্তায় এলাকার মাদকসেবী ও উঠতি সন্ত্রাসীরা নিয়মিত আড্ডা দেয়। ঈদের দিনও সকাল থেকেই তারা আড্ডা বসিয়েছিল। স্থানীয় সন্ত্রাসী রনি, মিলন, হিরণ, রাজু, মিলু, ফরিদ, বাবু ও সাব্বিরসহ ১০-১৫ জন প্রকাশ্যে মাদক সেবন করে হল্লা করছিল। রাতে মাহফুজুল হক খান মসজিদ থেকে ফেরার সময় ওই সন্ত্রাসীরা উচ্চস্বরে অশ্লীল গান ও খিস্তি করছিল। মাহফুজুল মাদকসেবীদের তার বাসার সামনে থেকে সরে যেতে বললে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা বৃদ্ধের ওপর চড়াও হয়।রিয়াজুল জানান, কয়েক দিন আগেই তাঁর বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ঘটনার সময় পুলিশের সাহায্য চাইলেও তারা যথাসময়ে ঘটনাস্থলে আসেনি বলে তিনি অভিযোগ করেন।গ্রেপ্তার চারজন: ঘটনার পর র্যাব ও পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সবুজবাগ এলাকার কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী রুশিয়া বেগম ওরফে মাফিয়া চুন্নি (৫৫), তাঁর ছেলে রনি (২২), মাদকসেবী ফরিদ (৩২) ও বাবু (২৬)।সবুজবাগ থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির ছেলে রিয়াজুল হক খান বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার পুলিশ হামলাকারী বলে সন্দেহভাজন রনি, ফরিদ ও বাবুকে গ্রেপ্তার করে।এদিকে র্যাব বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকসেবী রনির মা ও সবুজবাগের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রুশিয়া বেগমকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, ৪২ বোতল ফেনসিডিল ও ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ এ ঘটনার খবর পাওয়ার পর পরই ছুটে যায়। তিনি দাবি করেন, পুলিশ সদস্যরাই মাহফুজুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।মাহফুজুল হক খান তিন ছেলে ও এক মেয়ের জনক। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের আলমপুর গ্রামে।উত্তর বাসাবো এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গ্রেপ্তার হওয়া রনিসহ কয়েকজনের একটি দল রয়েছে। তারা মাদকাসক্ত এবং বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদার এদের প্রশ্রয় দেন বলে অভিযোগ এলাকাবাসীর।