ঈদের ছুটিতে রাজধানীতে চারটি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে মোহাম্মদপুরে নিজ বাড়িতে ছেলের হাতে খুন হয়েছেন এম এ করিম (৭৬) নামে এক ব্যবসায়ী। শেরেবাংলা নগরে ছিনতাইকারীর আক্রমণে নিহত হন এক গৃহবধূ। দুর্বৃত্তদের হাতে খুন হওয়া এক কিশোরী ও যুবকের লাশ পাওয়া গেছে যথাক্রমে খিলগাঁও ও মাণ্ডা এলাকায়।এর আগে ডেমরার পশ্চিম ডগাইরে ডাকাতদের আক্রমণে আহত নিরাপত্তাকর্মী নাইমুদ্দিন (৫৫) গত বৃহস্পতিবার হাসপাতালে মারা গেছেন। গত ৩ সেপ্টেম্বর ডাকাতির ঘটনায় বাধা দিতে গেলে নাইমুদ্দিনসহ পাঁচ নিরাপত্তাকর্মীকে ডাকাতেরা কুপিয়ে মারাত্মক আহত করেছিল। এ ছাড়া গত চার দিনে রাজধানীতে আরও আটটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।বাবা খুন: মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের এ-ব্লকের ৮/১১/ক সুফিয়া হাউজে সপরিবারে থাকতেন আবাসন ব্যবসায়ী এম এ করিম। ঈদের পরদিন রোববার সকালে তাঁর কাছে টাকা চান ছেলে আসাদুল করিম রিপন। এম এ করিম টাকা দিতে রাজি না হওয়ায় ছেলের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর আসাদুল নিজ কক্ষে গিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় আসাদুলকে নিবৃত্ত করতে গেলে তিনি বাবার গলায় কাঁচি ঢুকিয়ে দেন। এ সময় চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এসে করিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এম এ করিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, বাবাকে হত্যার অভিযোগে আসাদুলকে রক্তমাখা কাঁচিসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের আরেক ছেলে শাওন করিম সাংবাদিকদের জানান, আসাদুল নয় বছর সৌদি আরবে থেকে বছর দেড়েক আগে দেশে ফেরেন। এরপর আসাদুল নিজের পছন্দমতো বিয়ে করেন। কিন্তু পরিবারের সদস্যরা এ বিয়ে মেনে নেননি। ফলে আসাদুলের স্ত্রীকে আর ঘরে তুলে আনা হয়নি। এ নিয়ে আসাদুলের সঙ্গে স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। এর পর থেকে আসাদুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এরপর আবারও সৌদি আরবে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান আসাদুল। বাবা টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন বলে জানান শাওন।নিহতের ছোট মেয়ে ফারহানাজ হুদা জানান, স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকে আসাদুল খিটখিটে স্বভাবের হয়ে পড়েন। তিনি কারও সঙ্গে তেমন কথাও বলতেন না। প্রায়ই আসাদুল বাবার কাছ থেকে টাকা নিতেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আবছার জানান, আসাদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।যুবক ও কিশোরীর লাশ উদ্ধার: গত বৃহস্পতিবার মধ্যরাতে খিলগাঁও উড়াল সেতুর নিচ থেকে লাগেজে ভরা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উড়াল সেতুর কাছে গিয়ে লাশভর্তি লাগেজটি পায়। ওই কিশোরীর গলায় ওড়না পেঁচানো ছিল। তার বয়স আনুমানিক ১৫ বছর। পরনে ছিল লাল কামিজ ও কালো সালোয়ার। একই দিন ভোরে সবুজবাগ থানার মাণ্ডা খালপাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই যুবকের শরীরে ছুরির অনেকগুলো আঘাত রয়েছে। ওসি আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, নিহত যুবকের পরনে সাদা ফুলশার্ট ও চেক প্যান্ট ছিল। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। উভয় ঘটনায় সবুজবাগ থানায় মামলা হয়েছে।গৃহবধূ নিহত: গত বুধবার রাতে শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে ছিনতাইকারীর কবলে পড়েন গৃহবধূ নিশাত সুলতানা (২৩)। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, ওই রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে নিশাত সুলতানার রিকশার গতিরোধ করে মাইক্রোবাসে করে আসা ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা তাঁর কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নেওয়ার সময় নিশাত রিকশা থেকে পড়ে আহত হন। তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাসায় যাওয়ার পর নিশাত আবার অসুস্থতা বোধ করেন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সকালে তিনি মারা যান। গৃহবধূর ফুপু নাসিমা আক্তার জানান, বুধবার রাতে রাজাবাজারের বাসা থেকে নিশাত তাঁর স্বামী মারুফের সঙ্গে শ্যামলী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা নিশাতের ব্যাগে থাকা ৩৭ হাজার টাকা ও একটি কানের দুল নিয়ে গেছে।সাত অস্বাভাবিক মৃত্যু: গত বৃহস্পতিবার দুপুরে কদমতলীর পূর্ব দোলাইপাড়ে মাহবুবা রহমান (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সে দোলাইপাড় উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।পরিবারের সদস্যরা জানান, ঠুনকো বিষয় নিয়ে মায়ের সঙ্গে ওই দিন কথাকাটাকাটি হয় মাহবুবার। পরে বেলা ১২টার দিকে মাহবুবা অভিমান করে গোসলখানার ঝরনার সঙ্গে ওড়না লাগিয়ে গলায় ফাঁস নেয়। বাসার লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।একই দিন সকালে কদমতলীর পূর্ব জুরাইনের তালতলা গলিতে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নেয় মুন্নি আক্তার (১৫)। তার গোঙানির শব্দে বাসার লোকজন ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্নীর ভাই সাজু জানান, মায়ের সঙ্গে অভিমান করে মুন্নী আত্মহত্যা করেছে। সে জুরাইন আদর্শ স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ত।বুধবার রাতে মালিবাগ রেলগেটসংলগ্ন একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের গোসলখানায় গলায় ফাঁস দেন মোস্তাক আহমেদ (৩৯) নামে এক রোগী। তিনি রামপুরার উলন রোডে থাকতেন। গত শনিবার পূর্ব গোড়ানে রাসু (২৫) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেন। একই দিন সকালে ইব্রাহিমপুরের নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রানা (১৯) নামে আরেক এক যুবক।শুক্রবার বিকেলে শেরে বাংলানগরের চন্দ্রিমা উদ্যানের লেকে ডুবে মারা গেছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫)।ঈদের আগের দিন বেলা দুইটার দিকে পুলিশ ডেমরার পাইটি এলাকা থেকে হ্যাপী আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, ঈদের আগের দিন সকালে হ্যাপী তাঁদের গ্রামের বাড়ি খুলনায় যেতে চান। কিন্তু তাঁকে যেতে না দেওয়ায় স্বামীর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এর জের ধরে হ্যাপী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।