ছেলের হয়ে ক্ষমা চাইলেন সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের অন্যায় কাজের জন্য এক নারী পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ওই পুলিশের দাবি, সারকোজির ১৫ বছর বয়সী ছেলে লুইস সারকোজি তাঁর দিকে টমেটো ও মার্বেল নিক্ষেপ করেছে। গতকাল রোববার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।খবরে বলা হয়, গত বৃহস্পতিবার লুই এবং তাঁর সঙ্গে থাকা এক বন্ধু প্রেসিডেন্ট ভবন থেকে টমেটো ও মার্বেল নিক্ষেপ করে বলে সন্দেহ করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, ‘তিনি জানালায় একটি শিশুর মুখ দেখেছেন। কিন্তু সে লুইস কি না তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।’এমনিতেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকাজ নিয়ে সারকোজিকে বেশ বেগ পেতে হচ্ছে। গত সপ্তাহেই, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাস্ক ভূখণ্ডের বেয়োনি শহরে নির্বাচনী প্রচারকাজে গিয়ে শত শত বিক্ষোভকারীর তোপের মুখে পড়েন তিনি। তাঁর ওপর এ ধরনের অস্বস্তিকর ঘটনা অনেকটাই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।তবে মজার ব্যাপার হলো সারকোজির সন্তান হিসেবে লুইস এবারই প্রথম নয়, এর আগেও খবরের শিরোনাম হয়েছেন। গত জানুয়ারিতে ইউক্রেনে এক কনসার্টে গিয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শিরোনামে আসেন সারকোজির বড় ছেলে পিয়েরে সারকোজি। পরে, ২৬ বছর বয়সী পিয়েরেকে একটি সরকারি বিমানে করে ইউক্রেন থেকে বাড়িতে নিয়ে আসা হয়।