ছোট কারাগার থেকে বড় কারাগারে প্রবেশ করলাম: খোকন
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকন মুক্তি পেয়েছেন। আজ রোববার বিকেল চারটার দিকে তিনি নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সুষ্ঠু ধারার রাজনীতি করি, প্রতিহিংসা আর হত্যার রাজনীতি করি না।’ কারাগারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এতদিন ক্ষুদ্র কারাগারে ছিলাম। মুক্ত হয়ে বড় কারাগারে প্রবেশ করলাম।’ তিনি আওয়ামী লীগের শাসনকে দুঃশাসন আখ্যা দিয়ে দেশটিকে একটি কারাগারের সঙ্গে তুলনা করেন। বিকেল পাঁচটার দিকে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে যান শহরের সালিদার পৌর গোরস্থানে মেয়র লোকমান হোসেনের কবরে। সেখানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন।নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া খায়রুল কবির আজ সকালে রেলওয়ে স্টেশন ভাঙচুরের মামলায় জামিন পান। পরে বিকেলে তিনি মুক্ত অবস্থায় কারগার থেকে বের হয়ে আসেন। খায়রুল কবিরের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন তাঁর মুক্তি পাওয়ার খবর নিশ্চিত করেছেন।আজ রোববার সকালে নরসিংদীর প্রধান বিচারিক আদালতের বিচারক মো. শাহজাহানের আদালতে স্টেশন ভাঙচুরের মামলায় খায়রুল কবিরের জামিনের আবেদন করা হয়। আদালত তাঁকে জামিন দেন। জামিনের পর তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, খোকনের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আদালতেও তা প্রমাণিত হচ্ছে। আজকে জামিন পাওয়ার মধ্য দিয়ে তিনি সবকটি মামলায় জামিন পেলেন। এতে কারাগার থেকে মুক্ত হতে তাঁর আর কোনো আইনি বাধা থাকল না।’নরসিংদী থানার পুলিশ ও জেলা কারাগার সূত্র জানায়, ১ নভেম্বর রাতে মেয়র লোকমান হোসেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। লোকমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর কর্মী-সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ওই রাতেই নরসিংদী স্টেশন ও সার্কিট হাউস ভাঙচুর করে। পরের দিন জেলা ছাত্রলীগের হরতাল চলাকালে নরসিংদী স্টেশনের কাছে আন্তনগর ট্রেন এগারসিন্দুর এক্সপ্রেসে আগুন দেওয়া হয়। এতে ট্রেনের নয়টি বগি পুড়ে যায়।ঘটনার রাতে খায়রুল কবিরকে ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরের দিন তাঁকে লোকমান হত্যা মামলার সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়।লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাউদ্দিন আহমেদকে প্রধান অভিযুক্ত করে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে খায়রুল কবিরের নাম উল্লেখ করা হয়নি।হত্যাকাণ্ডের পরের দিন নরসিংদী রেলওয়ে স্টেশনমাস্টার মরণ চন্দ্র দাস বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন পোড়ানো ও স্টেশন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করেন। সার্কিট হাউস ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের নাজির শাহরিয়ার আহমেদ। এসব মামলায়ও খোকনের নাম ছিল না।৯ নভেম্বর নরসিংদীর প্রধান বিচারিক হাকিম আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা ৫৪ ধারার মামলায় খোকনকে জামিন দেন। তবে ওই দিনই তাঁকে নতুন করে নরসিংদী রেলওয়ে স্টেশন ও সার্কিট হাউস ভাঙচুরের পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরের দিন ১০ নভেম্বর সার্কিট হাউস ভাঙচুরের মামলা থেকে তিনি জামিন পান।