রংপুর শহরের সিও বাজার এলাকায় ঢুকতেই নির্মাণাধীন একটি বাড়ির দিকে চোখ আটকে যায়। ১০ কাঠা জমির ওপর প্রায় ছয় হাজার বর্গফুটের এক বিশাল নির্মাণাধীন বাড়ি। সাততলা বাড়ির দোতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। শুরু হয়েছে তৃতীয় তলার কাজ। বাড়িটির মালিক বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর বাড়িটির নির্মাণকাজও বন্ধ হয়ে গেছে।শুধু এমন একটি বাড়িই নয়, মোস্তফার আছে আরও বিপুল পরিমাণ সম্পদ। রাজধানীতে আছে দুটি ফ্ল্যাট, রংপুরের আর কে রোডে জমি। এর বাইরে আছে বেনামি সম্পদ। এত সব সম্পদেরই উৎস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার কারবার। রংপুরের পুলিশ কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছেন।কর্মকর্তারা জানান, মোস্তফার মতো এ কাজে জড়িত অন্যরা খুব কম সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। কেউ ঢাকায় ফ্ল্যাট কিনেছেন, কেউ এলাকায় বাড়িঘর করছেন, কেউ জমি কিনেছেন গ্রামের বাড়িতে, কারও নামে ব্যাংকে আছে বিপুল পরিমাণ টাকা।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, বিজি প্রেস ও জিপি প্রেসে কম বেতনে চাকরি পাওয়া দরিদ্র পরিবারের এসব সন্তানের অর্থের পরিমাণ দেখে তাঁরা বিস্মিত। শুধু এঁরাই নন, এঁদের সহযোগীরাও খুব কম সময়ে বিপুল অর্থের মালিক হয়েছেন।গ্রামবাসী হতবাক: মোস্তফার গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামে। এলাকার লোকজন জানে, মোস্তফা ঢাকায় বড় চাকরি করেন। বছরে দু-একবার বাড়িতে আসেন দামি গাড়ি হাঁকিয়ে। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তারের কথা শুনে বিস্ময় প্রকাশ করেছে গ্রামের মানুষ। লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব গতকাল মোস্তফার গ্রামের বাড়িতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। মোস্তফার মা মালেকা বেগম বলেন, তাঁর বড় ছেলে মোস্তফা এসব অন্যায় কাজ করলে ঠিক করেনি। তিনি এ জন্য ছেলের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন। তিনি বলেন, ‘এই ছেলের কারণে আমাদের এখন অনেক বাজে কথা হজম করতে হচ্ছে।’ মোস্তফার বাবা সাবেক শিক্ষক আজিজুল হককে বাড়িতে পাওয়া যায়নি।মা মালেকা বলেন, ‘আমি তিন ছেলে ও পাঁচ মেয়ের মা। কিন্তু বড় ছেলে মোস্তফার ঘটনায় লজ্জায় পড়ে গেছি।’ তিনি বলেন, সাংবাদিক-পুলিশসহ অনেকেই এসে যখন-তখন মোস্তফার বাবা ও ভাইকে এটা-সেটা প্রশ্ন করে বিব্রত করছেন। ফলে তাঁরা কয়েক দিন ধরে বাড়িতে থাকছেন না।মোস্তফা ১৯৮৫ সালে মহিষখোচা স্কুল থেকে এসএসসি পাস করেন। ওই সময় এ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন শহিদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘মোস্তফা এই স্কুলের ছাত্র ছিল—এটা বলতেই আমার সংকোচ হচ্ছে। এ ধরনের শিক্ষার্থী আমাদের সবার জন্য লজ্জা ও বিপদের কারণ বটে। যেকোনো উপায়ে ধনী হওয়ার অসৎ আকাঙ্ক্ষাই ওকে জঘন্য পথে নিয়ে গেছে।’মহিষখোচা ইউনিয়নের চৌধুরীপাড়া, দক্ষিণ বালাপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ জানে, মোস্তফা ঢাকায় বড় চাকরি করেন। ঈদসহ অন্যান্য কারণে বছরে দু-একবার গাড়িতে চড়ে বাড়িতে আসতেন। দক্ষিণ বালাপাড়া গ্রামের এস্তান আলী (৭০) বলেন, ‘এলা শুনছি হামার গ্রামের ছাওয়া মোস্তফা বলে অনেক টাকার মালিক হইছে। ক্যাং করি এত টাকা কামাই করলে তা এলা কায় কইবে।’মোস্তফার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, দুটি আধা পাকা ও চারটি টিনের ঘরে রয়েছে দামি আসবাবপত্র, ঘরের সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া।কোটিপতি সফিউরের বাবা এখনো দিনমজুর: মোস্তফার ভায়রা সফিউর রহমান রংপুরের কোতোয়ালি থানার উত্তম পূর্বপাড়া এলাকার মনসুর আলীর ছেলে। মনসুর আলী এখনো দিনমজুর। আর তাঁর ছেলে সফিউর বিপুল অর্থের মালিক। সফিউরের তিনটি ব্যাংক থেকে এ পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।প্রশ্নপত্র ফাঁসের সময় হাতেনাতে ধরা সফিউরের ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের কাছে আগাম কোনো তথ্য ছিল না। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চমকপ্রদ সব তথ্য। জিজ্ঞাসাবাদের পর তিন দফায় তিনি এসব টাকা থাকার কথা স্বীকার করেন। উদ্ধার করা টাকা পুলিশ জব্দ করেছে।এলাকার লোকজন জানিয়েছেন, সফিউর তেমন লেখাপড়া জানেন না। ভায়রার সুবাদে তিনি এই কারবারে নেমেছেন। তাঁর নিজের নামে এখন পর্যন্ত তিনটি ব্যাংক হিসাব পাওয়া গেছে।গতকাল সকালে মনসুর আলীর বাড়িতে গেলে এলাকার লোকজন জানান, তিনি অন্যের জমিতে পাট কাটতে গেছেন। বাড়িতে কেউ নেই। গ্রেপ্তারের পর তাঁর বাড়ির লোকজন পালিয়ে গেছেন। বাড়ি বলতে কয়েকটি টিনের চালা। এলাকার লোকজন জানান, সফিউর একসময় আরএফএল কারখানার শ্রমিক ছিলেন। তাঁর কোনো টাকাপয়সা নেই। অথচ তিনি এখন বিপুল অর্থের মালিক।কলেজ থেকে মিথ্যা প্রত্যয়নপত্র চাওয়া হয় মাহফুজের জন্য: প্রশ্নপত্র ফাঁস চক্রের আরেক সদস্য নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মুসা গ্রামের খেতাব উদ্দিনের ছেলে মাহফুজুর রহমান। জগন্নাথ কলেজ থেকে জীববিজ্ঞানে এমএ পাস করার পর কিশোরগঞ্জ মহিলা কলেজে কিছু দিন শিক্ষকতা করেন, পরে অধ্যক্ষ হন। এলাকার লোকজন জানান, মাহফুজ বিপুল অর্থ অনুদান দিয়ে কলেজের অধ্যক্ষ হন।কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাওনুল হক প্রথম আলোকে বলেন, মাহফুজ কলেজের দায়িত্ব নেওয়ার পর থেকে বেহিসাবি খরচ করতে শুরু করেন। এসব অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলে মাহফুজ বলতেন, শেয়ার ব্যবসার লাভের টাকা তিনি কলেজের উন্নয়নের জন্য খরচ করছেন। কিন্তু গ্রেপ্তারের পর মাহফুজের ভাই তাঁর কাছে এসে বলেন, মাহফুজ ভালো মানুষ বলে একটি প্রত্যয়নপত্র দিতে হবে, কিন্তু তিনি তা দেননি। মাহফুজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গতকাল শনিবার কিশোরগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, সেখানে একটি তিনতলা ভবন তৈরি করছেন মাহফুজ। সেই ভবনে একটি ব্যাংকের সাইনবোর্ড ঝুলছে। ভবনের নিচে পাওয়া গেল মাহফুজের বড় ভাই আবদুল মতিনকে। তিনি জানান, এ ভবনে মাহফুজের পাশাপাশি তাঁর অন্য ভাইদেরও বিনিয়োগ আছে।মাহফুজের ঢাকায় ফ্ল্যাট কেনার টাকার উৎস সম্পর্কে বাজারের এক ব্যবসায়ী বলেন, মাহফুজের ভাই তাঁদের বলেছেন, তাঁরা বন্ধুরা মিলে একটি ফ্ল্যাট কিনেছেন। বাজারের আরেক ব্যবসায়ী বলেন, মাহফুজ অনেক লোককে চাকরি দিয়েছেন। এমএ পাস করার পর কিশোরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হন। গ্রেপ্তারের পর তিনি স্বীকার করেন, বিজি প্রেসের কর্মচারী মোস্তফার মাধ্যমে তিনি প্রশ্নপত্র ফাঁসের কারবারে জড়িয়ে পড়েন। এরপর এলাকার আতিকুর রহমানের মাধ্যমে পিএসসির এক উপসচিবের সঙ্গে খাতির জমান। ওই উপসচিবের মাধ্যমে তিনি প্রশ্নপত্র ফাঁস করে লোকজনকে চাকরি দেওয়ার কাজ শুরু করেন। পুলিশ এ ঘটনায় এখন আরও যে পাঁচজনকে গ্রেপ্তারের চিন্তাভাবনা করছে, তার মধ্যে ওই উপসচিবের নামও আছে।সূত্র জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে অবিবাহিত মাহফুজুর রহমান (৩০) স্বীকার করেন, তাঁর নিজের নামের ব্যাংক হিসাবে ৩৫ লাখ টাকা রয়েছে। এ ছাড়া রাজধানীর গ্রীন রোডে ৪৮ লাখ টাকায় তিনি একটি ফ্ল্যাট কিনেছেন। তিনি স্বীকার করেন, রংপুরের ভিন্নজগতের মতো অন্য কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য এরপর তাঁরা কুড়িগ্রামে যাওয়ার চিন্তাভাবনা করেছিলেন।বাইন্ডার হামিদুল ঢাকায় ফ্ল্যাট কিনেছেন: এ চক্রের আরেক সদস্য হলেন সরকারি প্রিন্টিং প্রেসের (জিপি) বাইন্ডার হামিদুল ইসলাম। তিনি রংপুরের কোতোয়ালি থানার মুলাটোল এলাকার জেন্দার আলীর ছেলে। গ্রেপ্তারের সময় নিজের নাম হাফিজুল বলে পুলিশের কাছে জানান। পরে জিজ্ঞাসাবাদে আসল নাম বেরিয়ে আসে। এলাকার লোকজন জানান, হামিদুলকে এলাকার লোকজন শেখ জিয়া নামে চেনে। প্রশ্নপত্র ফাঁসের টাকা দিয়ে তিনি তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকার কাছে একটি ফ্ল্যাট কিনেছেন। গ্রেপ্তারের দুই সপ্তাহ আগে তিনি মুলাটোল হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল স্বীকার করেন, রংপুর শহরের পর্যটন এলাকায় তিনি কোটি টাকা দিয়ে ৬০ শতাংশ জমি কিনেছেন। শহরের জেলা পরিষদ সুপার মার্কেটে তিনি দুটি দোকান কিনেছেন প্রতিটি ৩৫ লাখ টাকা করে। একটি দোকান তাঁর নিজের ভাই পরিচালনা করেন, অন্যটি ভাড়া দেওয়া। গঙ্গাচড়া ও চেংমারীতে তিনি বিপুল পরিমাণ জমিও কিনেছেন। এর বাইরেও বেনামে তার বিপুল পরিমাণ সম্পদ আছে বলে জানা গেছে।শহিদুল ও আতিকুলও নামে-বেনামে বিপুল সম্পদের মালিক: প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পলাতক বিজি প্রেসের কর্মচারী শহিদুল ইসলাম ও রংপুরের বাসিন্দা আতিকুল ইসলামও নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক। এঁদের সম্পদের ব্যাপারে খোঁজখবর করছে পুলিশ।রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ছেলে আতিকুর রহমান। কাজ বলতে তিনি তেমন কিছু করতেন না। কিন্তু সম্প্রতি তিনি বিপুল টাকা দিয়ে তামাক কেনেন। থাকতেন রংপুর শহরে। বিনোদনকেন্দ্র ভিন্নজগতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা শহর থেকে গ্রামের বাড়িতে চলে গেছেন। ভিন্নজগতের কয়েকজন কর্মচারী প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের আগের দিন আতিকুর ভিন্নজগতের রেস্ট হাউসের ৪০টি কক্ষ একাই বুক করেছিলেন নিজের নামে। গতকাল আতিকুরের গ্রামের বাড়িতে গেলে তাঁর পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। গ্রামের একজন বাসিন্দা বলেন, আতিকুরের চলাফেরা রহস্যজনক ছিল।