সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ, ঢাকা।জেএসসি পরীক্ষার জন্য তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছ। এখন প্রতিটি বিষয় রিভিশন দিয়ে নাও। একই সঙ্গে পরীক্ষা দেওয়ার নিয়মকানুনের কথা মনে করিয়ে দিতে চাই। যা জানলে কিছু বাড়তি নম্বর পেতে পার।পরীক্ষার খাতা: মনে রাখবে, তোমার পরীক্ষার খাতাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার জানা যাবতীয় বিষয় ওই খাতায় প্রশ্নের উত্তরের মাধ্যমে দিতে হবে। প্রথম পাতায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডের বিষয়টি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে। হাতের লেখা: হাতের লেখা সুন্দর হওয়া উচিত। প্রতিটি লাইনের মধ্যে ফাঁক রেখে স্পষ্ট করে লিখতে হবে। যাতে সহজে পড়া যায়। কোনো শব্দ, লাইন বা অনুচ্ছেদ কেটে দিতে হলে পরিষ্কার করে কাটতে হবে, হিজিবিজি করে নয়। ভুল শব্দ বা বাক্যাংশের ওপর আবার লিখে সংশোধন করা ঠিক নয়। কেটে দিয়ে ওপরে বা পাশে ঠিক শব্দ বসাতে হবে। প্রশ্ন নির্বাচন: কোন প্রশ্নের উত্তর লিখবে আর কোন প্রশ্নটা বাদ দেবে—এ বাছাইয়ের কাজটি সঠিকভাবে করা জরুরি। যেসব প্রশ্নে পূর্ণ নম্বর পাওয়া যায়, জানা থাকলে সে ধরনের প্রশ্নের উত্তর দেওয়া ভালো। একই ধরনের প্রশ্ন হলে, যেটি ভালো জানা সেটি লিখবে। তবে সাবধান হওয়া দরকার, বেখেয়ালে কোনো প্রশ্ন বাদ রেখে এলে কি না, অথবা প্রশ্নের ভেতরের ছোট অংশগুলোর উত্তর দেওয়া হলো কি না।সময়ের ব্যবহার: প্রতিটি বিষয়ের প্রশ্নের জন্য কতটুকু সময় দিতে পারবে, তার হিসাব আগে থেকেই করে নেবে। কোনো প্রশ্নের উত্তর বেশি জানা বলে অনেক বেশি সময় খরচ করে ফেললে পরে সময়ের অভাবে দু-একটি প্রশ্নের উত্তর দিতে পারবে না বা দায়সারাভাবে উত্তর দিতে হবে। এতে বেশ ক্ষতি হবে। বেশি সময় দিয়ে কোনো প্রশ্নের দু-এক নম্বর বাড়তি জুটলেও সময়ের অভাবে পাঁচ-ছয় নম্বর নষ্ট হয়ে যেতে পারে।প্রশ্নের নম্বর দেওয়া: প্রশ্নের নম্বরটি বাঁ-দিকে নির্ভুলভাবে বসাবে। একই প্রশ্নের মধ্যে নানা অংশ থাকতে পারে। পৃথক প্রশ্নের উত্তর পৃথক অনুচ্ছেদে লেখা উচিত। সৃজনশীল পদ্ধতিতে প্রতিটি প্রশ্নেই ক, খ, গ, ঘ অংশ থাকে, তুমিও সেভাবে ক, খ, গ, ঘ নম্বর লিখে তবেই উত্তর দেবে। আগে-পরে: যে প্রশ্নের উত্তর ভালো জানা সেগুলো আগে লিখবে। অবশ্য বেশি ভালো পার বলে আনন্দে আত্মহারা হয়ে সময় বেশি নেবে না। কম জানা প্রশ্নের উত্তর লিখবে পরে। সঠিক বানান: বানান যারা ভালো জানে তারাও হঠাৎ ভুল করে। কাজেই সতর্কতা দরকার। যেসব বানান সচরাচর ভুল হয় সেগুলো অনুশীলন দরকার। বিখ্যাত আর পরিচিত নামের বানান যেন ঠিক থাকে। লেখক/কবিদের নামের বানান ভুল করলে পরীক্ষক বিরক্ত হবেন। তোমার পাঠ্যবইয়ের লেখকদের নাম যেন ভুল না হয়।উত্তর বাদ দেবে না: কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না। না পারলেও যতটা পারা যায়, চেষ্টা করে লিখে আসবে। ব্যাখ্যাটা পারা যাচ্ছে না, কার লেখা, কোনো গল্প থেকে এসেছে তা লিখলে দু-এক নম্বর মিলে যাবে। কোনো কোনো প্রশ্নের মধ্যে নানা অংশ থাকে। তার কোনো অংশ যেন বাদ না যায়। প্রশ্নে উত্তর পাঁচটা লিখতে বললে ভুল করে চারটে লিখে চলে আসবে না। চিত্র আঁকো, ছক দাও: প্রশ্নের প্রয়োজনে যখনই পারবে ছক কিংবা চিত্র এঁকে তোমার উত্তরের গুণমান বাড়াবে। অবশ্য তাড়াতাড়ি আঁকার অভ্যাস থাকলেই এ কাজ পারবে। তাতে বেশি নম্বর আসবেই। সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতিতে দরকারি ছবি ও ছক দেবে।গণিতের রাফ: গণিতে বাঁ-পাশের পাতায় রাফ কাজ, হিসাবপত্র করতে হয়। সঠিকভাবে তোলার পর দুটো কোনাকুনি দাগ টেনে কেটে দেবে। রিভিশন দাও: পরীক্ষার সময় পুরো খাতার রিভিশন অবশ্যই দেবে। যদি কিছু ভুল থাকে তবে তা ঠিক করে নেবে। গণিতের ক্ষেত্রে এ রকম রিভিশন অবশ্যই দরকার।সতর্ক থাকো: গণিতে সতর্কতা সবচেয়ে বেশি দরকার। তিন-এর জায়গায় পাঁচ লিখলে ঝামেলা হয়ে থাকে। +এর বদলে x ভাবলে বিপদে পড়বে। r বা x-কে n-এর মতো লিখবে না।টেনশন করো না: এবার বলছি সবচেয়ে দরকারি কথা। ঘাবড়ে না গিয়ে টেনশন না করে শান্তভাবে পরীক্ষা দেবে। তা না-হলে জানা ও ভালোভাবে পড়া প্রশ্নের উত্তরও এলোমেলো হয়ে যেতে পারে।