নদী-খাল-মোহনা-দ্বীপ ও বিল-হাওরের নরম মাটি এদের প্রিয় চারণক্ষেত্র। ঝাঁকে চলে। বুদ্ধিমান পাখি ছোট জিরিয়া। দারুণ চতুরও।পিলপিল পায়ে হাঁটতে পারে অতি দ্রুতবেগে। প্রয়োজনে মুহূর্তেই মাটিতে বসে লুকিয়ে পড়তে জানে। বাসা করে চারণক্ষেত্র বা আশপাশের বালুমাটিতে কিংবা হালকা ছোট ঘাসের মধ্যে। অবশ্য, বাসা বলতে যা বোঝায়, ঠিক তা এরা করে না। একটু খোঁদলমতো জায়গায় চারটি ডিম পাড়ে। রং মেটে, বালু বা পাথরের মতো।মেয়ে-পুরুষ দুজনে মিলেই পালা করে ডিমে তা দেয়। ডিমের আশপাশে শত্রু এলে পাখা ঝাপটে ও গলা ফুলিয়ে তেড়ে যায়। গলায় শব্দও তোলে। পাখি পুঁচকে। কিন্তু সাহস বুকভরা। ডিম বা ছানার লোভে শত্রু একেবারে ঘাড়ের ওপর এসে পড়লে বাসা ছেড়ে পাখিটি ছিটকে দূরে গিয়ে ডানা মেলে আহত হওয়ার অভিনয় করে। শত্রু সেদিকে ধেয়ে যায়। রক্ষা পায় ডিম-ছানা।ছোট জিরিয়ার ডিম ও ছানার রং এবং স্বভাবের সঙ্গে ৯০ শতাংশ মিল আছে লাল লতিকা হট্টিটি (Red-watted lapwing) পাখির। তবে হট্টিটির শরীরের মাপ ৩৩-৩৬ সেন্টিমিটার। আর পুঁচকে ছোট জিরিয়া তার অর্ধেক—মাত্র ১৮ সেন্টিমিটার। এই দুই প্রজাতিরই ছানাদের রং প্রায় অভিন্ন, পরিবেশের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকে। মা-বাবারা উড়ে উড়ে মাটিতে থাকা ছানাদের নানা রকম সংকেত দিয়ে পরিচালিত করে।মেয়ে ছোট জিরিয়া দক্ষ অভিনেত্রী। মেয়ে হট্টিটিও তা-ই। উভয়েরই ডিম হয় চারটি। ফোটেও একই সময়ে, ২২-২৩ দিনে।আমাদের জানামতে, বাংলাদেশে পুঁচকে এই পাখির বাচ্চার প্রথম ছবি তোলেন শিকার-কাহিনি লেখক ও বন্য প্রাণী আলোকচিত্রী সরওয়ার পাঠান। তিনি ছবিটি তোলেন তাঁর নরসিংদীর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যার এক চর থেকে। তারিখটা ছিল ২৮ ফেব্রুয়ারি ২০০২ সাল। সরওয়ার ছবি নিয়ে আমার কাছে আসেন। আমি পড়ে যাই ধন্ধে। টিটি চ্যাগা বা মালা চ্যাগার ছানাই তো? সন্দেহ যায় না। ছবি পাঠাই দুবাইয়ে রেজা খান ও জাবিতে মনিরুল খানের কাছে। দুজনেই নিশ্চিত করেন। খবরটা জানাই সরওয়ারকে। রেজা খান বলেছেন, বাংলাদেশে ছোট জিরিয়ার ছানার ছবি তোলার প্রথম ঘটনা এটি। সেই ছবিই ছাপা হলো বর্তমান লেখাটির সঙ্গে। ছবি দেখে বিশ্বাস করতে কষ্ট হবে, ঠোঁট থেকে লেজের প্রান্ত পর্যন্ত মাপ মাত্র ০৪ সেন্টিমিটার।ছোট জিরিয়া আমার গ্রামের বাড়ি ফকিরহাটে টিটি চ্যাগা ও মালা চ্যাগা নামে পরিচিত। গলায় মালার মতো আছেও। ইংরেজি নাম Little Ringed Plover। জলার কিনারের পাখি। তাই জলপোকা, কাদার সুতা পোকাসহ পোকামাকড় খায়। প্রেম-মৌসুমে এরা ডানা মেলে এবং লেজের পালক খুলে দুজন দুজনকে ঘিরে নৃত্য করে। কণ্ঠ এদের সুরেলা। ডাকে টিই-ও-ই বা টিটি শব্দে।খুদে ছানাগুলো বাসার পাশে শত্রুর আগমন টের পেলেই সমবেত কণ্ঠে যে শব্দ তোলে, তা ঠিক গোখরা সাপের ফোঁসফোঁসানির মতোই লাগে।