ছোট দলের পেছনে আ.লীগও ছুটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপি জোট সম্প্রসারণের উদ্যোগ নেওয়ায় নড়েচড়ে বসেছে সরকারি দল আওয়ামী লীগ। মহাজোটের শরিক দলগুলোর মান-অভিমান ভাঙাতে সক্রিয় হয়েছেন দলীয় নেতারা। পাশাপাশি অন্য ছোট দলগুলোর কাছেও যাচ্ছেন তাঁরা।গত কয়েক দিনে বিএনপির নেতারা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা, অলি আহমদের এলডিপি ও কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করেন। ১৮ জুলাই এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আশা প্রকাশ করেন, জাতীয় পার্টি তাঁদের জোটে যোগ দেবে।সূত্র জানায়, এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ মহাজোটের শরিক ও বাইরের ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন। তাঁরা ছোট দলগুলোর কার্যালয়ে ও নেতাদের বাসায়ও যাচ্ছেন।সূত্রগুলো জানায়, গত বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েকজন নেতা এলডিপির প্রধান অলি আহমদের বাসায় যান। ওই দিন মধ্য রাতেই আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিসভার সদস্য অলির বাসায় যান। গত মঙ্গলবার বিএনপির নেতারা কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। গতকাল আওয়ামী লীগের দুই নেতা ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানক কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় যান। তাঁরা সেখানে ঘণ্টা দেড়েক ছিলেন।জানা যায়, কাদের সিদ্দিকী আওয়ামী লীগের নেতাদের কাছে তাঁর মান-অভিমানের কথা জানান। টাঙ্গাইলে তাঁর দলের কর্মীদের ওপর হামলার কথাও জানান। এ ছাড়া সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ কথাগুলো থাকলে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। তবে কাদের সিদ্দিকী আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন, বঙ্গবন্ধুকে কেউ কটূক্তি করলে তিনি তাঁদের সঙ্গে যাবেন না। কোনো জোটে জামায়াত থাকলে সেখানে যাবেন কি না, তা তিনি ভেবে দেখবেন বলে জানান।কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী দাওয়াত দেওয়ায় গৌরব বোধ করছি। দাওয়াত কবুল করেছি। আমি আজকে যেতে পারলে খুশি হতাম। তবে যেহেতু একটি দলের নেতৃত্বে রয়েছি, তাই সবার সঙ্গে আলোচনা করে যাব।’ তিনি বলেন, ‘আমি মর্মাহত হয়েছি ইসলাম ও বিসমিল্লাহ রেখে পরম করুণাময় আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ায়। আমার ধারণা, কোনো শয়তান পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমার ভগ্নিকে প্ররোচিত করে এটি করিয়ে নিয়েছে।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি আমাকে দাওয়াত দিয়েছে, সেটিও কবুল করেছি। আমি শনিবার তাদের সঙ্গে বৈঠকে যাচ্ছি।’ চারদলীয় জোট বা মহাজোটে যোগদানের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, এখনো এ বিষয়ে পরিষ্কার করে বলার সময় আসেনি। আলোচনা চলছে, সময় হলে সব জানতে পারবেন।সূত্র জানায়, ওবায়দুল কাদের ও নানক গত বুধবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে প্রায় দুই ঘণ্টা কথা বলেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, এরশাদ মহাজোটে আছেন এবং থাকবেন বলে আশ্বস্ত করেছেন। মওদুদ আহমদ যে বক্তব্য দিয়েছেন, তা তিনি নাকচ করে দেন। এরশাদ মহাজোটে না থাকলে এককভাবে নির্বাচন করবেন। কিন্তু অন্য কোনো জোটে যাবেন না বলে ওবায়দুল কাদের জানান।১৪ দলের মহাজোটের শরিক দলের নেতাদের সঙ্গেও ওবায়দুল কাদের কথা বলছেন বলে জানা গেছে। দু-তিন দিন আগে তিনি জাসদ (ইনু) কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। এ ছাড়া তিনি সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের খালেকুজ্জামান, ন্যাপের এনামুল হক, জাসদের (রব) আ স ম আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা পার্টির আলহাজ আবদুস সামাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট দলগুলোর পেছনে ছুটলেও মহাজোট সম্প্রসারণ তাঁদের লক্ষ্য নয়। কারণ, এখনো নির্বাচনের আড়াই বছর বাকি। ভবিষ্যতে রাজনৈতিক গতিপ্রকৃতি আরও পরিবর্তন হতে পারে। তাই এ মুহূর্তে মহাজোট সম্প্রসারণ করার মতো সময় হয়নি।সূত্র জানায়, আওয়ামী লীগের এ মুহূর্তের লক্ষ্য হচ্ছে, মহাজোট অটুট রেখে রাজনৈতিক শক্তি সংহত রাখা। এ জন্য দলীয় নেতারা শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে তৎপর হয়েছেন।জানতে চাইলে ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আমরা কারও পাল্টাপাল্টি বা টানাটানি করতে দলগুলোর কাছে যাচ্ছি না। ছোট দল হলেও তাদের প্রত্যেকের মর্যাদা আছে। আমরা অভিন্ন বিপদ মোকাবিলায় অভিন্নভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্ম।’