বিশ্বকাপে এমন অনেক দল আছে যাদের কেউ ফেবারিট বলবে না। কিন্তু সে সব ‘ছোট’ দলেও আছেন নজরকাড়া তারকা। তাঁদের নিয়েই লিখেছেন
ছোট দলের বড় তারকা
দিদিয়ের দ্রগবাআইভরিকোস্টশুরুটা আর দশ তারকা ফুটবলারের মতো নয়, নিজেকে চেনাতে সময় একটু বেশিই নিয়েছিলেন দিদিয়ের দ্রগবা। প্রথম পেশাদারি চুক্তিপত্র হাতে পেয়েছিলেন তাই ২১ বছর বয়সে। তবে এর পর থেকেই দ্রগবা মানে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। মাঝেমধ্যে বিতর্কের জন্ম দিয়েছেন। নেমানিয়া ভিদিচকে একবার কনুই মারলেন, আরেকবার দাঁত ভেঙে দিলেন, ইচ্ছে করে ডাইভ দেওয়ার কথা স্বীকার করলেন...কিন্তু সব বিতর্ক চাপা পড়ে গেছে একের পর এক গোলের আড়ালে। দ্রগবা কতটা ভয়ংকর, তা আর নতুন করে বলার কিছু নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির তিনটি শিরোপাতেই তাঁর অবদান বিশাল, এবারও হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আইভরিকোস্টের সেরা ফুটবলার হয়েছেন দুবার, দুবার আফ্রিকার সেরা। সমান সফল জাতীয় দলের হয়েও, ৪৩ গোল করেছেন ৬৬ ম্যাচে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যেই আইভরিকোস্ট প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায় জার্মানিতে। বিশ্বকাপে দলের প্রথম গোলটিও করেন তিনি, আর্জেন্টিনার বিপক্ষে। নজরকাড়া ফুটবল খেলার পরও ‘গ্রুপ অব ডেথ’ থেকে বিদায় নিতে হয় এলিফ্যান্টদের। এবারও ডেথ গ্রুপে পড়েছে তারা। তবে আশার ব্যাপার, দ্রগবা এবার আছেন আরও দুরন্ত ফর্মে। ক্লাবের হয়ে তো বটেই, বিশ্বকাপ বাছাইপর্বেও ৬ গোল করেছেন ৫ ম্যাচে। অধিনায়কের এমন ফর্মই এবার মৃত্যুকূপ জয় করার স্বপ্ন দেখাচ্ছে প্রতিপক্ষকে।মাইকেল এসিয়েনঘানাবহুমুখী ফুটবলার বোধহয় একেই বলে! ডিফেন্সিভ, মিডফিল্ড কিংবা সেন্ট্রাল, অথবা মাঝমাঠের ডান দিকটায়, কখনো কখনো রাইটব্যাক, কখনো আবার সেন্টার ব্যাক...চেলসির হয়ে কোন জায়গাটায় খেলেননি মাইকেল এসিয়েন! পুরো মাঠ সমান গতিতে দাপিয়ে বেড়ান বলে কোচদের প্রথম পছন্দ। তবে এসিয়েনের সবচেয়ে বড় গুণ, প্রয়োজনের সময় প্রায়ই গোল করে বসেন। সেই গোলগুলোও হয় আবার দেখার মতো, কখনো একক নৈপুণ্যের ঝলক দেখিয়ে, কখনো বা দুরন্ত গতির কোনো দূরপাল্লার শটে। চেলসিতে তো তিনি অপরিহার্যই, প্রাণভোমরা জাতীয় দলেরও। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছিলেন, একমাত্র আফ্রিকান দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ঘানা। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দেখেন লাল কার্ড, দলও ব্রাজিলের কাছে হারে ৩-০ গোলে। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কাজে লাগানোর কথা প্রকাশ্যেই বলেছেন। অবশ্য শঙ্কা আছে তাঁকে নিয়েই। ঘানার হয়ে খেলতে গিয়েই বাধিয়েছেন ইনজুরি। তার পরও তাঁকে দলে রাখা নিয়ে ঘানার সার্বিয়ান কোচ মিলোভান রাজেভাজ বলেছেন, ‘চেলসিই এসিয়েনের বিকল্প পায়নি, ঘানা পাবে কোত্থেকে!’ডিয়েগো ফোরলানউরুগুয়েওয়েইন রুনি, ফার্নান্দো তোরেস, দিদিয়ের দ্রগবা...ডিয়েগো ফোরলানকে এই কাতারে রাখবেন না অনেকেই। তবে একজন স্ট্রাইকারের মূল কাজ গোল করায় কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই ফোরলান। লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জিতেছেন দুবার, দুবার জিতেছেন ইউরোপীয় সোনার বুট।অথচ ইউরোপে আসার অভিজ্ঞতাটা শুরুতে মোটেও সুখকর ছিল না। আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেনডিয়েন্টে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর দুই মৌসুমে ৬৩ ম্যাচ খেলে গোল করেছিলেন মাত্র ১০টি। নিজের জাত চেনাতে শুরু করেন ভিয়ারিয়ালে গিয়ে। স্প্যানিশ ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই জেতেন ইউরোপীয় সোনার বুট। ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পায় ক্লাব। ফোরলানের সেরাটা দেখা গেছে ২০০৭ সালে অ্যাটলিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর। তোরেস লিভারপুলে চলে যাওয়ার পর যে আশায় ফোরলানকে নিয়েছিল অ্যাটলেটিকো, তার প্রতিদান দিয়েছেন ১০২ ম্যাচে ৬৬ গোল করে। গত মৌসুমে জিতেছেন সোনার বুট, এ মৌসুমেও সব প্রতিযোগিতা মিলে করেছেন ২৮ গোল। ইউরোপা লিগের ফাইনালে তাঁর দুই গোলেই ৩৬ বছর পর কোনো ইউরোপিয়ান শিরোপা জিতেছে অ্যাটলেটিকো।জাতীয় দলে অবশ্য এতটা সফল নন ফোরলান। ২০০২ সালে অভিষেক হলেও নিয়মিত হতে পেরেছেন ২০০৭ সালে। ৬১ ম্যাচে করেছেন মাত্র ২৩ গোল, তবে বাছাইপর্বে দলের পক্ষে সর্বোচ্চ ৭ গোল করে বুঝিয়ে দিয়েছেন নিজের ফর্ম। এই বিশ্বকাপে বাবার কীর্তির পুনরাবৃত্তি করতে যাচ্ছেন ফোরলান। বাবা পাবলো ফোরলান উরুগুয়ের হয়ে খেলেছিলেন ১৯৬৬ ও ১৯৭৪ বিশ্বকাপ। ২০০২ বিশ্বকাপে খেলা ছেলে ডিয়েগোও মাঝখানে একটি বিশ্বকাপ বাদ দিয়ে আবার খেলতে যাচ্ছেন বিশ্বকাপে। ২০০২ বিশ্বকাপে মাত্র একটি গোল করতে পেরেছিলেন। ক্লাবের সাফল্যটা যদি জাতীয় দলেও অনূদিত করতে পারেন, কোনো সন্দেহ নেই গত বিশ্বকাপের আক্ষেপ তো ঘুচবেই, দলও হুমকি হয়ে উঠবে প্রতিপক্ষের জন্য।নেমানিয়া ভিদিচসার্বিয়াসার্বিয়া-মন্টেনেগ্রোর সেই ‘ফেমাস ফোর’-এর কথা মনে আছে? সেই যে ২০০৬ বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে মাত্র ১ গোল খেয়ে যারা নজর কেড়েছিল ফুটবলবিশ্বে! বিখ্যাত সেই চারের একজন নেমানিয়া ভিদিচ। বিশ্বকাপে গিয়ে সেই ডিফেন্স অবশ্য আরও অবাক করে দিয়েছিল। তবে উল্টো কারণে, ৩ ম্যাচে ১০ গোল হজম করে। যখন জানবেন, নিষেধাজ্ঞা ও ইনজুরির জন্য একটি ম্যাচেও খেলা হয়নি ভিদিচের, ১০ গোল খাওয়ার রহস্যটাও যেমন পরিষ্কার হবে, তেমনি বোঝা যাবে ভিদিচের গুরুত্বও। ওই বাছাইপর্বের পারফরম্যান্সের কারণেই স্পার্তাক মস্কো থেকে তাঁকে দলে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর টানা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ, দুটি লিগ কাপ, বিশ্বকাপ কাপ—রেড ডেভিলদের হয়ে মাত্র চার বছরে তাঁর এই অর্জনে ঈর্ষা হতে পারে অনেক অভিজ্ঞ ফুটবলারেরও। টানা তিনবার নির্বাচিত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা দলে। এখন তাঁকে মনে করা হয় বিশ্বসেরা সেন্ট্রাল ডিফেন্ডারদের একজন। হেডে দারুণ পারদর্শী, ডিফেন্স-অফেন্স দুই জায়গাতেই। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা আর সুঠাম দেহটাও তাঁকে দেয় বাড়তি সুবিধা। মন্টেনেগ্রো আলাদা হওয়ার পরও এবারের বিশ্বকাপ বাছাইপর্বে তারা যে ফ্রান্স, রুমানিয়ার মতো প্রতিপক্ষকে টপকে গ্রুপ-সেরা হয়েছে, তাতে আবারও বড় অবদান ভিদিচের নেতৃত্বে ওই ডিফেন্সের। গতবারের দুঃস্বপ্ন এবার ভুলতে চায় সার্বিয়ানরা, বড় একটা আস্থার জায়গা ওই ভিদিচই।স্যামুয়েল ইতোক্যামেরুন১৯৯৮ বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলারটি সেদিন মাঠে নামলেন, বয়স ছিল মাত্র ১৭ বছর তিন মাস। পরের বিশ্বকাপে যখন করলেন দলের একমাত্র জয় এনে দেওয়া গোল (সৌদি আরবের বিপক্ষে), তখনো খুব কম লোকই তাঁকে চিনত। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে যখন নামছেন, স্যামুয়েল ইতো তখন বিশ্বসেরা স্ট্রাইকারদের একজন। এই সময়ের মধ্যে তাঁর অর্জনগুলো দেখুন না—ক্যামেরুনকে দুবার জিতিয়েছেন আফ্রিকান নেশন্স কাপ, রেকর্ড তিনবার হয়েছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার, ক্যামেরুনের সর্বকালের সেরা গোলদাতা (৯৪ ম্যাচে ৪৪), সর্বোচ্চ গোলদাতা আফ্রিকান নেশন্স কাপেরও। এবারও বাছাইপর্বে করেছেন ৮ গোল। জার্মানির বিশ্বকাপটা বাইরে বসে দেখা অদম্য সিংহদের সবচেয়ে বড় ভরসা এবার ইতো।এ মৌসুমে ঠিক স্যামুয়েল ইতোর সেরাটা দেখা যায়নি। বার্সেলোনা ছেড়ে গেলেন বলেই কি? কী জেতেননি বার্সেলোনার হয়ে! ১০৮ গোল করেছেন মাত্র ১৪৫ ম্যাচে, বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একবার। ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গোল করেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। রিয়াল মাদ্রিদের এক সময়ের পরিত্যক্ত স্ট্রাইকারের বিশ্বসেরার কাতারে আসা তো বার্সাতে এসেই। ইন্টারের জার্সি গায়ে এবার ইতোর সেরাটা দেখা যায়নি, তবে যদি বিশ্বকাপে আলো ছড়াতে পারেন, কজনই বা মনে রাখবে এসব!পার্ক জি সুংদক্ষিণ কোরিয়াদক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষরা সাবধান, আবার বিশ্বকাপ চলে এসেছে এবং এবারও পার্ক জি সুং আছেন দলে! বিশ্বকাপ মানেই সে পার্কের দারুণ সব গোল। দক্ষিণ কোরিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ২০০২ বিশ্বকাপের কথাই মনে করুন না। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে পর্তুগালের সঙ্গে অন্তত ড্র করতে হতো, বুক দিয়ে বল থামিয়ে সার্জিও কনসিসাওকে কাটিয়ে গোলকিপার ভিতরবাইয়ার দুই পায়ের ফাঁক দিয়ে করা গোলটিতে জিতেই পরের রাউন্ডে গেল কোরিয়া, শেষ হয়ে গেল পর্তুগালের সোনালি প্রজন্মের স্বপ্ন। লুইস ফিগো, রুই কস্টারা পার্ককে কখনো ভুলবেন না! ২০০৬ বিশ্বকাপেও ফ্রান্সের বিপক্ষে করেছিলেন দারুণ এক গোল, হয়েছিলেন ম্যাচসেরা। এবার তাহলে কার পালা।পারফর্ম করার জন্য পার্ক এবার আরও বেশি মুখিয়ে থাকবেন, অধিনায়কত্বের আর্মব্যান্ডটা যে তাঁর হাতেই। ফর্মটাও খারাপ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুমে শেষ ম্যাচটিতেও গোল করেছেন। রেড ডেভিল সতীর্থরা তাঁকে ডাকেন ‘থ্রি লাংস’, কারণ তাঁর অবিশ্বাস্য স্টামিনা। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, পার হয়ে যান অ্যাটাকিং মিডফিল্ডার। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা প্রথম এশিয়ান এবং শিরোপাজয়ী প্রথম কোরিয়ান বিশ্বকাপটা অনেক নির্ভার হয়ে খেলতে পারবেন, গত সেপ্টেম্বরেই নতুন করে ৩ বছরের চুক্তি করেছে ম্যানইউ। অর্থাৎ ২০১২ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকা নিশ্চিত। বড় কিছুর জন্য এই নির্ভার পার্কের দিকে তাকিয়ে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, পুরো এশিয়া।বেনি ম্যাকার্থিদক্ষিণ আফ্রিকাস্বাগতিক দলের সবচেয়ে বড় তারকা। ১৩ বছর ধরেই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের অপরিহার্য সদস্য। বাফানা বাফানাদের খেলা দুটি বিশ্বকাপেই খেলেছেন বেনি ম্যাকার্থি, গোলও করেছেন দুই বিশ্বকাপেই। কিন্তু কখনো প্রথম রাউন্ড পার হতে পারেনি দক্ষিণ আফ্রিকা, এবারও যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে বিশ্বকাপ ইতিহাসের প্রথম স্বাগতিক হিসেবে পেতে হবে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার লজ্জা। ম্যাকার্থির জ্বলে ওঠার জন্য এবারের মতো প্রার্থনা আর কখনো করেনি দক্ষিণ আফ্রিকানরা। দেশের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা তিনি (৭৮ ম্যাচে ৩২), তবে ক্লাবের খেলাটা জাতীয় দলে খেলতে না পারার দুর্নাম সঙ্গী তাঁর পুরো ক্যারিয়ার-জুড়েই। ক্লাবের হয়েও যে সাম্প্রতিক ফর্ম ভালো বলা যাবে না এমনটাও। ব্ল্যাকবার্ন রোভার্সে বছর চারেক খেলে এ বছরই যোগ দিয়েছেন ওয়েস্টহামে। কিন্তু ৫ ম্যাচেও গোলের দেখা পাননি। এরপর তো পড়লেন ইনজুরিতে। বয়স হয়ে গেছে ৩২, নিশ্চিতভাবেই এটা তাঁর শেষ বিশ্বকাপ, সেটিও আবার দেশের মাটিতে। মঞ্চ তাঁর জন্য প্রস্তুত। দেশকে যদি বাঁচাতে পারেন প্রথম রাউন্ডে বাদ পড়ার লজ্জা থেকে। কোনো সন্দেহ নেই অমর হয়ে থাকবেন দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসে।রাফায়েল মার্কেজমেক্সিকোখুব বেশি দিন হয়নি, তাঁকে মনে করা হতো বিশ্বসেরা ডিফেন্ডারদের একজন। ডিয়েগো ম্যারাডোনার চোখে তো তিনিই ছিলেন বিশ্বসেরা। গত বছরের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসির বিপক্ষে ইনজুরিতে পড়েই সব এলোমেলো হয়ে গেল। দীর্ঘ ইনজুরি থেকে ফেরার পর বার্সেলোনার সেরা একাদশে জায়গাটা পাকা করতে পারেননি। ইনজুরির আগের সেই ছন্দটাও যেন পাচ্ছেন না। বার্সেলোনায় না হয় বিকল্পের অভাব নেই। কিন্তু একজন মার্কেজ ছাড়া মেক্সিকো দল এখনো চিন্তা করা যায় না। মেক্সিকোর রক্ষণদুর্গের মূল সেনাপতি এবারও তিনিই। একজন আদর্শ ডিফেন্ডারের সবকিছু তো তাঁর মধ্যে আছেই। নিখুঁত দূরপাল্লার পাস মার্কেজের আরেকটি বড় গুণ। ডিফেন্স থেকে তাঁর দূরপাল্লার পাস কাউন্টার অ্যাটাক গড়ে তুলতে সাহায্য করে, আচমকাই খেলার মোড় ঘুরিয়ে দেয়। বিশ্বকাপটা মার্কেজের জন্য মিশ্র অভিজ্ঞতা। সম্ভাবনা থাকা সত্ত্বেও ১৯৯৮ বিশ্বকাপটা খেলা হয়নি। পরের দুটি বিশ্বকাপে তিনিই ছিলেন অধিনায়ক। গ্রুপ পর্যায়ে দুর্দান্ত খেলার পর দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের কোবি জোনসকে ইচ্ছে করে মাথা দিয়ে গুঁতো মেরে লাল কার্ড দেখলেন, দল হারল ২-০ গোলে। গত বিশ্বকাপে আবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে মেক্সিকোকে এগিয়েও দিয়েছিলেন। কিন্তু দল হারায় থেমে যেতে হয় মার্কেজকে। এবার মার্কেজের লক্ষ্য দুটো—দলকে দ্বিতীয় রাউন্ডের গেরো থেকে বের করা আর নিজেকে আবার বিশ্বসেরার কাতারে তুলে আনা।ল্যান্ডন ডনোভানযুক্তরাষ্ট্রক্লাবের হয়ে নিজেকে উজাড় করে খেলে, আর দেশের হয়ে গা বাঁচিয়ে—বিশ্বজুড়ে এমন ফুটবলারদের ভিড়ে উজ্জ্বল ব্যতিক্রম ল্যান্ডন ডনোভান। আর সবার ক্ষেত্রে যেমন প্রথমেই বলতে হয় ‘অমুক ক্লাবের তমুক’, ডনোভানের ক্ষেত্রে সবার আগেই আসে দেশ। তিনি যুক্তরাষ্ট্রের ডনোভান। ক্লাবের কথা বললেও অবশ্য সমস্যা নেই; ইংল্যান্ড, জার্মানির বেশ কটি ক্লাবের প্রস্তাব উপেক্ষা করে প্রায় পুরো ক্যারিয়ারটা কাটিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলেই। মাঝেমধ্যে ধারে খেলেছেন ইউরোপে, এ মৌসুমেই যেমন ধারে খেলেছেন এভারটনে। এমএলএসে খেলেছেন বলেই ক্লাবের হয়ে তাঁর কীর্তি তেমন নজরে আসেনি, যতটা এসেছে যুক্তরাষ্ট্রের হয়ে। যুক্তরাষ্ট্রের প্রথম আবাসিক ফুটবল একাডেমির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ডনোভান ১৯৯৯ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হয়েছিলেন সেরা ফুটবলার। যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক ম্যাচেই করেছিলেন গোল, ২০০২ বিশ্বকাপে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার। গোল করা এবং করানো দুটোতেই তিনি যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা। মাত্র ২৬ বছর বয়সেই খেলে ফেলেছেন ১০০ আন্তর্জাতিক ম্যাচ। এখন বয়স ২৮, কিন্তু অনেকের কাছেই যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ফুটবলার। গত বিশ্বকাপটা তাঁর নিজের এবং দলেরও ভালো যায়নি। তবে এবার আছেন দুর্দান্ত ফর্মে। এলএ গ্যালাক্সির হয়ে যেমন ভালো খেলেছেন, তেমনি ভালো খেলেছেন বাছাইপর্বেও। ২০০২ বিশ্বকাপের সাফল্যকেও ছাড়িয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র আরও অভিজ্ঞ ও পরিণত ডনোভানের ওপর ভর করে।টিম কাহিলঅস্ট্রেলিয়াগোল করার ক্ষমতাটা তাঁর মজ্জাগত। খেলেন মিডফিল্ডে, কিন্তু টিম কাহিলের গোলসংখ্যা ঈর্ষান্বিত করবে অনেক ঝানু স্ট্রাইকারকেও। উচ্চতা মাত্র ৫ ফুট ১০ ইঞ্চি, কিন্তু পায়ের মতো সমান দক্ষ মাথার কাজেও। পেশাদারি ক্যারিয়ারে মাত্র দুটো ক্লাবেই খেলেছেন, ১৯৯৮ সালে ইংলিশ লিগ ওয়ানের ক্লাব মিলওয়ালের হয়ে ক্যারিয়ার শুরু, ২০০৪ সালে যোগ দিয়েছেন এভারটনে। সেই থেকে খেলছেন ব্লুদের হয়েই, ১৬৪ ম্যাচে করেছেন ৫৬ গোল। অস্ট্রেলিয়ার হয়ে তাঁর গোলসংখ্যা একজন মিডফিল্ডার হিসেবে প্রায় অবিশ্বাস্য, ৩৭ ম্যাচে ১৯ গোল! এর অনেকটিতেই আবার নেমেছিলেন বদলি হিসেবে।বিশ্বকাপ নিয়ে সুখস্মৃতিও আছে তাঁর। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম গোলদাতা তিনি, ২০০৬ বিশ্বকাপে জাপানের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া ম্যাচ জিতে কাহিলের দুই গোলে। এবারের বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষদের প্রধান কাজ হবে কাহিলকে গোল করতে না দেওয়া। কাহিল গোল করেছেন এমন ম্যাচে যে কখনো হারেনি অস্ট্রেলিয়া!