ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। তবে মন্ত্রিসভা থেকে তাঁকে বাদ দেওয়া হয়নি। সমালোচনা ছিল ফারুক খানের কর্মকাণ্ড নিয়েও। তাঁকেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।তবে এই পরিবর্তনে ভালো কিছু আশা করছে না নাগরিক সমাজসহ বিভিন্ন মহল। সরকারি দল আওয়ামী লীগের মধ্যেও এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করেন, সরকারের কাজে গতি আনতে এ পরিবর্তন বড় কোনো ভূমিকা রাখবে না। অবশ্য নবনিযুক্ত মন্ত্রীরা বড় কিছু করবেন বলে আশা করছেন।আবুল হোসেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ফারুক খান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা জি এম কাদেরের দপ্তর পরিবর্তন করে তাঁকে বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে। ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন।সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতু নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিশ্বব্যাংক। একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আছে ফারুক খানের বিরুদ্ধে। আবুল হোসেনের অপসারণ চেয়ে কয়েক মাস ধরে নাগরিক সমাজ সভা-সমাবেশ করেছে। ফারুক খানের অব্যাহতি চেয়েও নানা মহল বক্তৃতা-বিবৃতি দিয়েছে। জি এম কাদের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে কাজ করতে স্বস্তি বোধ করছিলেন না। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দায়িত্ব পালনে বিভিন্নভাবে তাঁর অস্বস্তির কথা জানিয়েছিলেন।যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নবনিযুক্ত মন্ত্রী ওবায়দুল কাদেরকে। অপর মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পেয়েছেন নবগঠিত রেল মন্ত্রণালয়ের দায়িত্ব। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের আগে মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন করে যান। এর আগে যোগাযোগ মন্ত্রণালয় ভেঙে রেল মন্ত্রণালয় আর বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে আলাদা দুটি মন্ত্রণালয় করা হয়।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায় থেকে নতুন দুই মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে দুই দিন মন্ত্রণালয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে গোছগাছ করে নতুন মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্যই এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।নির্ভরযোগ্য সূত্র জানায়, সরকারের শীর্ষ পর্যায়ে নতুন দুই মন্ত্রীকে অন্য দপ্তর দেওয়ার চিন্তাভাবনা হয়েছিল। একজনকে তথ্য মন্ত্রণালয় এবং অপরজনকে সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল। কিন্তু উভয়েই এ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অস্বস্তি প্রকাশ করেন।মন্ত্রিসভার পরিবর্তন কেমন হলো? এ প্রশ্নের জবাবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, এটা ছোট পরিবর্তন, বড় নয়। লক্ষ্য সীমিত, তাই অর্জনও সীমিত হবে।আকবর আলি বলেন, নতুন দুজনকে নিয়োগ করে মন্ত্রিসভাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা হয়েছে। আর প্রশাসনিকভাবে বলা যায়, যোগাযোগ মন্ত্রণালয়ে পরিবর্তন আনায় বিশ্বব্যাংকের সঙ্গে যে মতবিরোধ ছিল, এই পরিবর্তনে তারা তা ইতিবাচকভাবে দেখবে। পদ্মা সেতু নির্মাণে অগ্রগতি হবে। আর সরকারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্পষ্ট লক্ষ্য নেই। কাজেই বাণিজ্য মন্ত্রণালয়ে পরিবর্তন এনে বড় কিছু আশা করা যায় না।ইতিবাচক মন্তব্য নেই সরকারি দলে: মন্ত্রিসভায় রদবদল আনার জন্য আওয়ামী লীগের ভেতর থেকেই দাবি ছিল। শেষ পর্যন্ত রদবদল না হলেও নতুন দুই মন্ত্রী নিয়োগ দিয়ে শুধু কলেবর বাড়ানো হয়েছে। দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন দুই মন্ত্রী নিয়োগ ও কিছু দপ্তর পুনর্বণ্টনে সরকারের জন্য বড় কিছু হবে না। দেশ পরিচালনায় যেসব জটিলতা সৃষ্টি হয়েছে, তা নিরসনে এ পরিবর্তন বড় কোনো ভূমিকা রাখবে না।নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভায় এটা কোনো রদবদল নয়, শুধু অভ্যন্তরীণ একটু এদিক-ওদিক। এতে সরকারের জটিলতা কমবে না। তাঁর মতে, নতুন দুই মন্ত্রীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই।মন্ত্রণালয়-সম্পর্কিত একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এই রদবদল লোক দেখানো। অন্তত অর্ধেক মন্ত্রী বাদ দিয়ে দক্ষ ও অভিজ্ঞদের নেওয়া উচিত ছিল। এটা জনগণের দাবি।সরকারের একটি সূত্রে জানা যায়, শিগগিরই মন্ত্রিসভায় বড় রদবদল হবে। এতে অনেকেই মন্ত্রিত্ব হারাতে পারেন। নতুন আরও কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন।ওই সূত্রমতে, নতুন দুই মন্ত্রী গণমাধ্যমে সরকারের গঠনমূলক সমালোচনা ও দোষ-ত্রুটি তুলে ধরতেন। বিশেষ করে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে তাঁরা সরব ছিলেন। একইভাবে জি এম কাদেরের বড় ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করতেন। এ কারণেই সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে রেল, যোগাযোগ এবং জি এম কাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দুই মন্ত্রীর প্রতিক্রিয়া: নতুন দুই মন্ত্রী দপ্তর পেয়ে গতকাল দপ্তরে না গেলেও সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উভয়েই সাংবাদিকদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।সুরঞ্জিত সেনগুপ্ত সময়মতো ট্রেন চলাচল, ট্রেনে পরিচ্ছন্নতা, ই-টিকিটের ব্যবস্থা করার কথা বলেন। তিনি রেলওয়ের জায়গা দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘রেল সারা বিশ্বেই লাভজনক। এখানে কেন লোকসান হয়, সেই কালো বিড়াল কোন অন্ধকারে, তা খুঁজে বের করব।’ রেলওয়ের ভাড়া সম্পর্কে তিনি বলেন, যত গুড় তত মিঠা। সেবা পেতে চাইলে কিছু দিতে হবে।আগের মতোই সরকারের সমালোচনা করবেন কি না, জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের শক্তিশালী দিক।ওবায়দুল কাদের বলেন, ‘এত দিন অনেক ভালো কথা বলেছি। এখন ভালো কাজ চায় মানুষ। কথা কম বলে কাজ বেশি করতে হবে।’ তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ দূরের স্বপ্ন। এই দুই বছরে শেষ করা যাবে না। আপাতত কাজ শুরু করাই লক্ষ্য। ওবায়দুল কাদের বলেন, ‘আমি অসম্ভবকে ভালোবাসি। আমি চ্যালেঞ্জকে উপভোগ করি।’প্রশ্ন ছিল, আগে যোগাযোগ মন্ত্রণালয়ের অনেক সমালোচনা করেছেন। এখন সমালোচনাকে কীভাবে দেখবেন? জবাবে তিনি বলেন, সমালোচনা সইতে না পারা আত্মঘাতী।