বাতাসিদের জীবন হলো, হয় পাখা মেলে বাতাসে ভর করে আকাশে ওড়ো-ঘোরো, না-হয় পা দিয়ে সুবিধামতো কোনো কিছু আঁকড়ে ঝুলে থাকো। গাছের ডালে অন্য পাখিদের মতো এরা বসতে পারে না। পা ছোট, দুর্বল। তাই এরা দিনের প্রায় পুরো সময়টাই উড়ে উড়ে আনন্দ করে, খেলায় মাতে এবং অপেক্ষাকৃত বড় মুখটা হাঁ করে উড়ন্ত পোকা-পতঙ্গ গেলে। উড়তে উড়তে ছোঁ দিয়ে খায়। পান করে ওপরের দিকে গাল হাঁ করে বৃষ্টির জল, গোসলও করে বৃষ্টির জলে মন-প্রাণ ভরে। খুবই আমুদে-খেলুড়ে পাখি এরা। সব সময়ই গান গেয়ে চলে। আকাশে এরা দলবদ্ধভাবে নানা রকম খেলায় মাতে।মেয়ে ও পুরুষ পাখি দেখতে একই রকম। বাংলাদেশে বাতাসিদের জীবন মূলত তালগাছকেন্দ্রিক। কেননা, তালগাছের ঝুলন্ত-দুলন্ত পাতার ভেতরে ঢুকে এরা পা আঁকড়ে পড়ে থাকতে পারে অনায়াসে। বাসাও করে একই রকম জায়গায়। বাসাটাও দেখতে বটে! মনে হয় অনেকটাই কোন্ আইসক্রিমের আকৃতির বা অতি সরু একটা লম্বাটে চায়ের কাপ, যে কাপটার তলার দিকটা চাপা। বাসার বাইরের দিকে এরা নিজেদের শরীরের পালক বা কুড়িয়ে আনা অন্য কোনো পাখি বা মুরগির ফুলপালক সেঁটে দেয়। সেঁটে দেয় নিজেদের মুখের আঠালো লালা দিয়ে। বাসা লম্বায় নয় সেন্টিমিটার, ওজন চার থেকে সাত গ্রাম। গভীরতা চার-পাঁচ সেন্টিমিটার। গড় বেড় ১২ সেন্টিমিটার।যেহেতু তালগাছের জীবন এদের, প্রচলিত নাম তাই ‘তালবাতাসি’। বাগেরহাট-ফকিরহাটে নাম ‘আদম পাখি’ বা ‘আদম সুরত’। ইংরেজি নামটাও তালগাছকে নিয়েই Asian Palm Swift। বাতাসির বৈজ্ঞানিক নাম Cyphiurus Balasiensis।শরীরের মাপ ১৩ সেন্টিমিটার। এদের যদি লম্বাটে লেজটুকু না থাকত, তাহলে এটি হতে পারত বাংলাদেশের সবচেয়ে ছোট পাখি ফুলঝুরির চেয়েও ছোট। নলাকার লম্বাটে শরীর এদের। দুই পাখা মেললে তা ছিলা ছাড়া ধনুকের মতো মনে হয়। সরু লেজের আগাটা যখন মেলে ধরে, তখন দুই পাশের পালক মিলে ঠিক ইলিশ মাছের লেজের মতো মনে হয়। লেজটা ওরা উড়তে উড়তে, ডাইভ মারতে মারতে চমৎকার ভঙ্গিতে দোলায়-ঝোলায়। দ্রুত উড়তে পারে এরা, হঠাৎ দিক বদল করতে পারে, চমৎকার ‘ডাইভ’ও দিতে জানে।এক নজরে ঘোলাটে বাদামি পাখি এরা। ঠিক ডানার উপরিভাগ ঘন বাদামি। গলা-বুক-পেট ও ডানার তলা চকচকে বাদামি। চ্যাপ্টা ধরনের ছোট মাথা। ঠোঁট ও পা কালো। পায়ের নখ বরই কাঁটার মতো ধারালো। বাতাসির দেখা মিলবে সারা দেশেই। ঢাকা শহরেও আছে। রাজধানী শহরের কেন্দ্রস্থলেও তালজাতীয় গাছের পাতার ভেতরে থাকে এরা, বাসাও করে। মাটিতে নামতে পারে না এরা, পারে না বসতেও, তাই বাসার উপকরণ সংগ্রহ করে উড়ে উড়েই। স্বামী-স্ত্রী দুজনে মিলে বাসা করে। ডিম হয় দু-তিনটি। ডিম টিকটিকির ডিমের সমান, তবে লম্বাটে। দুটি ডিমের ওজন দুই থেকে চার গ্রাম। রং সাদা। দুজনে মিলে পালা করে তা দেয়। ডিম ফোটে ১৬-১৯ দিনে। বাতাসিরা যথেষ্ট আছে বাংলাদেশে। তবে তালগাছ কম হওয়ায় কিছুটা অসুবিধায় আছে এরা।