ছোট বোনের পর বড় বোনের ওপরও এসিড নিক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ছোট বোনের ওপর এসিড নিক্ষেপের মামলার সাক্ষী বড় বোন সেলিনা আক্তার (১৭) এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। সদর উপজেলার মতিপুর গ্রামে গত মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। সেলিনা ওই গ্রামের মৃত সৌরভ হোসেনের মেয়ে ও নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।এ ঘটনায় সেলিনার মা মাজেদা খাতুন আগের মামলার ছয় আসামিকে (জামিনে থাকা) আবার আসামি করে সুধারাম থানায় একটি মামলা করেছেন। পুলিশ সদর উপজেলার অশ্বদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. শরিফ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী জানান, এসিডে সেলিনার মুখ, গলাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। পরিবারের লোকজন প্রথমে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে মঙ্গলবার বিকেলে তাকে ঢাকায় এসিড সারভাইভারস ফাউন্ডেশনে নেওয়া হয়। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সেলিনার শরীর এসিডে ঝলসে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেলিনা গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলে, ‘আমি আর কিছুই চাই না, আমাদের দুই বোনের ওপর এসিড নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’সেলিনার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২০১০ সালের ১৬ জুন এসিড-সন্ত্রাসের শিকার হয় স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার (১৪), তার বড় বোন রৌশনারা (২৪) ও তাঁর ছেলে লিয়ান-বিন অভি (৪)। এই ঘটনায় ফারহানার নানা দেলোয়ার হোসেন সুধারাম থানায় একটি মামলা করেন। মামলায় মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ফারহানাকে উত্ত্যক্তকারী মো. শাহজাহান, ইয়াছিন আরাফাত, মো. শরিফ, গিয়াসউদ্দিন, মো. মাহমুদ ও মো. পারভেজসহ কয়েকজনকে আসামি করা হয়। ফারহানার আরেক বোন সেলিনা ওই মামলার ১ নম্বর সাক্ষী।জানা যায়, আসামিরা গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পায়। এরপর তারা মামলা তুলে নিতে এবং আদালতে তাদের বিরুদ্ধে সাক্ষী না দিতে সেলিনা ও তার পরিবারকে হুমকি দেয়। কিন্তু সেলিনা আদালতে সাক্ষ্য দেওয়া অব্যাহত রাখে। এর জের ধরে মঙ্গলবার ভোরে ওই আসামিরা সেলিনার ওপর এসিড নিক্ষেপ করে। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ওই ছাত্রীকে দেখতে যান। এ সময় মাজেদা খাতুন পুলিশ সুপারকে বলেন, ‘আগের মামলারও বিচার আমরা এখনো পাইনি। এখন আরেক মেয়েকে এসিড মারা হলো। আপনারা যদি বিচার করতে না পারেন, তাহলে বলেন, আমি পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করব।’ এসপি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।মানববন্ধন আজ: সেলিনার ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে আজ বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বেলা একটায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হবে।