ছোট ভাইকে কুপিয়ে হত্যা
রাজশাহীর বাগমারা উপজেলায় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ছোট ভাইকে হত্যা করেছেন। আজ শনিবার সকালে যাগিপাড়া ইউনিয়নের বাজেকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আবদুল খালেক (৩২)। তিনি ওই গ্রামের লছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাই আবু সাইদ, মোজাফফর হোসেন ও আব্দুল খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সকালে মেজ ভাই মোজাফফর বেড়া দিয়ে ঘর নির্মাণ শুরু করেন। সকাল সাড়ে ১০ টার দিকে বড় ভাই সাইদ ও ছোট ভাই খালেক ঘটনাস্থলে গিয়ে দাবি করেন, মোজাফফর যেখানে ঘর তুলছেন, সেখানে তাঁদের অংশ রয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মোজাফফর তাঁর হাতের হাঁসুয়া দিয়ে ছোট ভাই খালেককে কোপাতে থাকেন। তা দেখে সাইদ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মোজাফফর পালিয়ে যান। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি মোজাফফরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।