ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
বসতভিটার জমি ভাগাভাগি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্কর চন্দ্র ইউনিয়নে গাইদঘাট গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ছোট ভাই আয়নাল মণ্ডলের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই জয়নাল মণ্ডল (৪৫) নিহত হন। এ সময় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে আয়নাল মণ্ডল (৪০) ও তাঁর স্ত্রী জোছনা খাতুন (৩২) গুরুতর আহত হন। বড় ভাইকে খুনের দায়ে আহত আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ফিরোজা বেগম জানান, আজ বেলা ১১টার দিকে বড় ভাই জয়নাল মণ্ডল ও ছোট ভাই আয়নাল মণ্ডলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় আয়নালের স্ত্রী জোছনা ঝাড়ু দিয়ে ভাশুর জয়নালকে পেটান। জয়নাল এ সময় তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে আয়নাল ও তাঁর স্ত্রী জোছনাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। আয়নালও পাল্টা কোপ দেন। রক্তাক্ত অবস্থায় তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে জয়নাল মারা যান। সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) আলি হোসেন আহত জয়নালকে মৃত ঘোষণা করেন। জোছনা খাতুনকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালের পরামর্শক (সার্জারি) ওয়ালি-উর রহমান নয়ন জানান, জোছনা খাতুনের গলার শিরা-উপশিরা ও হাড় কেটে গেছে। তিনি আশঙ্কামুক্ত নন।সরেজমিনে জানা গেছে, বসতভিটার এক বিঘা ১২ কাটা জমি ভাগাভাগি নিয়ে গাইদঘাট গ্রামের মৃত গফুর মণ্ডলের সন্তানদের মধ্যে কয়েক দিন ধরে অস্থিরতা চলছিল। সম্প্রতি গফুর মণ্ডলের স্ত্রী বিলকিস বানু, তাঁর ছয় ছেলে ও তিন মেয়ের মধ্যে উল্লিখিত জমি ভাগাভাগি করা হয়। পরে বিলকিস বানু তাঁর অংশের জমি অপেক্ষাকৃত দরিদ্র ছোট ছেলে আয়নাল মণ্ডলের নামে লিখে দিলে ভাইবোনদের মধ্যে বিরোধ দেখা দেয়।চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। হাসপাতালে চিকিত্সাধীন আয়নালকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রহরায় রাখা হয়েছে।