ছোট মনের মানুষ দিয়ে বড় জাতি এগোতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট মনের মানুষ দিয়ে একটি বড় জাতি এগিয়ে যেতে পারে না’—এই মন্তব্য করে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘বাঙালি একটি বড় জাতি। এর রয়েছে বর্ণাঢ্য অতীত ও সমৃদ্ধ ঐতিহ্য। ইতিহাসে মানুষের যা কিছু শ্রেষ্ঠ, তা বইয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই বই পড়ে আমাদের মনের সংকীর্ণতা দূর করে উদার হতে হবে।’আজ সোমবার সকালে ফরিদপুর পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন আবদুল্লাহ আবু সায়ীদ। ‘আলোকিত মানুষ চাই’—এই আহ্বান সামনে রেখে ঢাকা শিক্ষা অঞ্চলের নির্বাচিত স্কুলশিক্ষকদের মতবিনিময় সভা উপলক্ষে পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোকিত মানুষ গড়ার এই কারিগর বলেন, ‘বর্তমানে আমাদের দেশে দুর্বৃত্তরা অনেক বেশি শক্তিশালী। চারদিকে ঘিরে রয়েছে প্রগাঢ় ও শক্তিশালী কালো অন্ধকার। এ অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে আমাদের জয়ী হতেই হবে। এর জন্য প্রয়োজন স্বশিক্ষিত আলোকিত মানুষ, আলোকিত যোদ্ধা। এ আলোকিত মানুষ তৈরিই হোক আমাদের আজকের শিক্ষকসমাজের প্রধান ব্রত।’জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিনা মাসুদুজ্জামান, অধ্যাপক আলতাফ হোসেন, গোপালগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার প্রমুখ। ‘ক্রিয়েটিং রেসপনসিভ ইয়াং লিডারশিপ থ্রু কালচার অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও রয়্যাল ডেনিশ এম্বেসির সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।