ছোট শেখহাটি এখন পাখির গ্রাম
‘সব পাখি ঘরে ফিরে’—পাখিরও ঘর আছে। সন্ধ্যার গোধূলিলগ্নে কিচিরমিচির ধ্বনি তুলে পাখির দল নিজের ঘরে ফিরতে থাকে। ছোট শেখহাটি গ্রামের মানুষ পরম যত্নে পাখির সুরক্ষা নিশ্চিত করেছে। যশোর শহর থেকে মাইল তিনেক উত্তর-পূর্বে গাছগাছালির ছায়াঘেরা গ্রাম ছোট শেখহাটি। গ্রামের উঁচু গাছের মগডালের ফাঁকে ফাঁকে পাখির ঘর। কাঠ-খড়ের উপকরণে তৈরি এ রকম হাজার খানেক ঘরে কয়েক হাজার পাখি বসতি গেড়েছে। এ কারণে গ্রামটি এখন ‘পাখির গ্রাম’ নামে পরিচিতি পেতে শুরু করেছে। পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পানকৌড়ি, নিশি বক আর সাদা বক মিলে তিন ধরনের হাজার পাঁচেক পাখি রয়েছে শেখহাটি গ্রামে। এর মধ্যে পানকৌড়ির সংখ্যা সবচেয়ে বেশি। নিশি বকের বৈশিষ্ট্য হচ্ছে, তারা দিনে বাসায় থাকে আর রাতে বিচরণ করে। এ জন্য সারাক্ষণই পাখির কলকাকলিতে মুখর থাকে গ্রামটি।’ গ্রামের বাসিন্দা আবুল কালাম আসাদ, আবদুল ওয়াদুদ, আবদুর রশিদ ও আবু বকর সিদ্দিকের বাড়ির সবচেয়ে উঁচু গাছে পাখির আস্তানা। সম্প্রতি এক বিকেলে ওই গ্রামে গিয়ে দেখা গেল, লাল সূর্য পশ্চিমের আকাশে ডুবে যাচ্ছে। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। কিচিরমিচির ধ্বনি তুলে দল বেঁধে পাখি ঘরে ফিরছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কলকাকলি তীব্র হতে থাকল। উঁচু গাছের মগডালের ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দিয়েছে লম্বা ঠোঁটের অসংখ্য পানকৌড়ি। পাখির নিরাপত্তা নিশ্চিত করেছেন এই গ্রামের বাসিন্দা আবুল কালাম আসাদসহ কয়েক ব্যক্তি। আসাদ এই প্রতিবেদককে বলেন, বছর পাঁচেক আগে এক জ্যৈষ্ঠ মাসে দুটি পানকৌড়ি সকালবেলায় এসে বসেছিল গাছের ডালে। পরদিন আরও কয়েকটি পাখি এল। এরপর কয়েক শ এসে গাছের ডালে বাসা বাঁধতে শুরু করে। শুরু হলো পাখির প্রজনন। বৈশাখ-জ্যৈষ্ঠ থেকে ভাদ্র-আশ্বিন মাস হচ্ছে পাখি প্রজননের সময়। মা পাখি সারা দিন বাসায় থাকে। আর পুরুষ পাখি খাদ্য অন্বেষণে দূরদূরান্তে চলে যায়। গাছতলায় নোনা পানির বিভিন্ন প্রজাতির মাছ পড়ে থাকতে দেখা যায়। এ থেকে ধারণা করা যায়, পাখিগুলো বহু দূরদূরান্তে চলে যায় খাবারের খোঁজে।আসাদ বলেন, ‘পরম যত্নে আমরা পাখি আগলে রেখেছি। আমরা মনে করি, বাড়িতে পাখির আগমন আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়। পাখি সব জায়গা থাকে না। ওরা যেখানে নিরাপদ মনে করে, সেখানেই অবস্থান নেয়। যার জন্য এর পেছনে সৃষ্টিকর্তার ইশারা রয়েছে বলে আমরা বিশ্বাস করি।’ গ্রামের আরেক পাখিপ্রেমী আবদুল ওয়াদুদ বলেন, ‘এ বছর কিছু দুষ্ট লোক আমাদের অগোচরে এলাকার কিশোরদের টাকার লোভ দেখিয়ে তাদের গাছে তুলে দিয়ে কিছু পাখি শিকার করে নিয়েছে। এ কারণে পাখি এখন অনেকটা আতঙ্কগ্রস্ত। গাছতলায় মানুষ দেখলেই পাখি উড়ে যাচ্ছে। ভয়ে অনেক পাখি অন্য এলাকায় চলেও গেছে। পাখির বাসাগুলো উঁচু গাছে হওয়ায় শিকারিরা গাছ বেয়ে মগডালে উঠতে পারে না। পাশের সুপারিগাছ বেয়ে শিশু-কিশোরদের তুলে দেয়। বিষয়টি বুঝতে পেরে পাখির বাসাসংলগ্ন সব সুপারিগাছ কেটে ফেলা হয়েছে। তা ছাড়া পরিবেশ অধিদপ্তরের লোকজন ঘুরে যাওয়ার পর পাখি শিকারিরা একটু নিবৃত হয়েছে। এখন আর শিকারিদের তেমন দেখা যায় না।’ পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। ‘পাখি ধরা নিষিদ্ধ’ লেখা চারটি সাইনবোর্ড ওই এলাকায় লাগানো হবে। এরপর কেউ পাখি ধরলে জেল-জরিমানার ব্যবস্থা করা হবে। এ ছাড়া লোকজনকে সচেতন করার জন্য স্থানীয় মসজিদের ইমামদের মাধ্যমে প্রচার চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি যানান।