ছোট স্পেলই পছন্দ টেইটের
কেমার রোচ, লাসিথ মালিঙ্গার মতো হয়তো হ্যাটট্রিক পাননি, ভারীও হয়নি উইকেটের ঝুলি। কিন্তু তাঁর গতিতে বেসামাল ব্যাটসম্যানরা। ঘণ্টায় প্রায় দেড় শ কিলোমিটার গতিতে ধেয়ে আসা একেকটি গোলায় বিধ্বস্ত প্রতিপক্ষ। এই গোলা নিক্ষেপের কামানের নাম শন টেইট। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট পেলেও শন টেইট স্বরূপে জ্বলে উঠেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। তাঁর আগুনঝরা বোলিংয়ে লঙ্কানরা ধরাশায়ী। দুর্দান্ত এক আউটসুইঙ্গারে স্লিপে ক্যাচ হয়ে যান মারকুটে দিলশান। বৃষ্টি বাগড়া না দিলে হয়তো তাঁর আগুনেই পুড়ে ছাই হয়ে যেত শ্রীলঙ্কা। টেইটের প্রথম ওভারেই তৃতীয় স্লিপ দিয়ে একটি বাউন্ডারি হাঁকান দিলশান। ভাগ্য ভালো, বলটি দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে যায়নি। তখনই শুরু আরেক যুদ্ধ। টেইট-দিলশান মুখোমুখি। ফিল্ডার-আম্পায়ারের হস্তক্ষেপে সে যাত্রায় রক্ষা। পরের বলেই দিলশানের পুল করার চেষ্টা। কিন্তু ব্যর্থ। রাগে-ক্রোধে যেন রক্তচোখে তেড়েফুঁড়ে দিলশানের দিকে যেতে চাচ্ছিলেন টেইট। তৃতীয় বল শেষেই টেইটের বিশ্বজয়ের উচ্ছ্বাস। উন্মাদের মতো আকাশ ছোঁয়ার শক্তি প্রদর্শন। দিলশানকে অসাধারণ আউটসুইঙ্গারে স্লিপে ক্যাচ বানিয়ে যেন ফিল্ডারদের কাছ থেকেই চলে যেতে চাইলেন আলোকবর্ষ দূরে। টেইট নিজেই জানালেন, কেন তিনি এত আক্রমণাত্মক, ‘আক্রমণাত্মক মনোভাবের কারণেই দ্রুতগতির বল করতে পারছি।’ ছোট ছোট স্পেলে বল করলে তিনি নাকি হয়ে যান আরও বিধ্বংসী, ‘এত বেশি গতিতে টানা বলা করা যায় না। তবে ছোট ছোট স্পেলে বল করলে গতিটা ধরে রাখা যায়।’গত বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের পর তিনি এখন পর্যন্ত কোনো ওয়াইড বল করেননি। হয়তো ছোট স্পেলই এর রহস্য। ওয়েবসাইট।