ঢাকা শহরে গ্রীষ্ম আসে প্রধানত লোডশেডিং আর তারই সূত্র ধরে পানির জন্য হাহাকার নিয়ে। এ বছরও তাই এসেছে। অন্যদিকে, বৈশাখ আসে নববর্ষের ব্যাপক আনন্দ-উৎসব আর আনুষ্ঠানিকতায়। চৈত্র মাসের শেষের দিনগুলোয় দোকানে কেনাকাটা বাড়ে, ইলিশ মাছের দাম চড়া হতে থাকে। সর্বশেষ খবর: এক হালি ইলিশের দাম ২৭ হাজার টাকা গেছে চৈত্রসংক্রান্তির দিনে। শাবাশ! ফ্যাশন হাউসগুলোতে শেষ দিনে বিক্রি করার মতো আর পোশাক ছিল না। সব বিক্রি হয়েছে।এবার ঢাকায় নববর্ষের অনুষ্ঠানও হয়েছে অনেক। রমনা বটমূল, চারুকলা তো ছিলই, ধানমন্ডি লেকের ধারেই ছিল গোটা চারেক অনুষ্ঠান। এখানে কনসার্ট, ওখানে মেলা, বেসরকারি চ্যানেলগুলোয় সরাসরি দেখানো হচ্ছে সেসব, চ্যানেলেরও শেষ নেই, অনুষ্ঠানেরও শেষ নেই। লাল-সাদার স্রোত বয়ে গেছে রাজপথে। পুলিশ ও র্যাবের তৎপরতাও ছিল লক্ষণীয়। সিসিটিভি এসেছে, নিকটবর্তী উঁচু ভবনের ছাদে দুরবিন হাতে র্যাব, আবার রমনা লেকে স্পিডবোটেও র্যাবের টহল চোখে পড়ল। গুলশান থেকে পুরান ঢাকা—সর্বত্র ছিল নানা রকমের আয়োজন। এবার ঢাকার পয়লা বৈশাখের ভোরটা শুরু হয়েছে মৃদু বৃষ্টি দিয়ে। আকাশে মেঘ ছিল, গরমটা অন্তত সকাল আটটা-নয়টা পর্যন্ত অতখানি চাগিয়ে উঠতে পারেনি।ছোট ছোট আম ঢাকার বাজারে আগেই উঠেছে। উঠেছে পাটশাকও। বৈজ্ঞানিক গবেষণায় মনে হচ্ছে, সেই পাটশাকের গন্ধটা ঠিক রাখা হয়েছে, তেতো স্বাদটা দেওয়া হয়েছে কমিয়ে। ভারতীয় রঙিন আম উঠেছে, তবে সেটা মুখে দেওয়া এক ভয়াবহ অভিজ্ঞতা বলেই বিবেচিত হবে। আর ডালের মধ্যে কাঁচা আম এরই মধ্যে পাতে পড়েছে, জিজ্ঞেস করে সদুত্তর পাইনি, টক স্বাদটা কি আমের নাকি লোডশেডিংয়ের ফলে রেফ্রিজারেটর কাজ না করার প্রতিক্রিয়ার। কালবৈশাখী ফাল্গুন মাসেই একবার হানা দিয়ে গেছে এ শহরে। ফেসবুকে দেখলাম, একজন প্রশ্ন করেছেন, এটা কি কাল ফাল্গুনি। বিলবোর্ড পড়ে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই ঘটনা এই বৈশাখে আরও ঘটবে, আশঙ্কা হচ্ছে। লিচু উঠে যাবে কিছুদিনের মধ্যেই, প্রথমে সোনারগাঁর লিচু, তারপর সাতক্ষীরার, অবশেষে রাজশাহীর। আহা, দিনাজপুরের লিচু কি আসবে না ঢাকায়? ঘুষ হিসেবে আগে আসত, একটা লিচুর দাম নাকি ১০ থেকে ২০ টাকা, সে লিচু একেকটা রসগোল্লার চেয়েও বড়। আসবে নিশ্চয়ই। কালোজাম? সেও আসবে। বেলিফুল যেমন উঠে গেছে রাস্তার ফেরিওয়ালাদের হাতে। এবার গ্রীষ্মে আছে অনেক খেলা, টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সামনে। বিদ্যুৎ থাকবে তো! না থাকলেও কাঁঠাল থাকবে, শুরুতে দামি গাড়ির ছাদে, শেষে গড়াগড়ি খাবে কারওয়ান বাজারের রাস্তায়। বর্ষাটা তাড়াতাড়ি শুরু হোক, গ্রীষ্মটা ছোট হোক, তাই চাইছি এবার। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়া যে পাগলামো শুরু করেছে, কী ঘটবে কে জানে।