ছোটদের গল্প শোনাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ সকালে দেখানো হবে ছোটদের জন্য ধারাবাহিক গল্প বলার অনুষ্ঠান কল্পলোকের গল্পকথা। এখানে গল্প বলছেন তামান্না তিথি। আর এর নির্দেশনা দিয়েছেন মীর বরকত। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুমনা সিদ্দিকী। কথা হলো তামান্না তিথির সঙ্গে।‘কল্পলোকের গল্পকথা’ অনুষ্ঠানের ভাবনাটা কীভাবে এল?বাচ্চাদের নিয়ে আমি অনেক দিন ধরেই কাজ করছি। কার্টুন ছবি ছোটদের খুব প্রিয়। ওটা তো বিদেশি সংস্কৃতি। কিন্তু আমাদের সংস্কৃতিও তো যথেষ্ট সমৃদ্ধ। এগুলোও জায়গা মতো ঠিক সময়ে যথাযথভাবে তুলে ধরতে হবে। আমরা নানু-দাদুর দারুণ ভক্ত ছিলাম। এর অন্যতম কারণ গল্প শোনা। যৌথ পরিবারগুলো ভেঙে যাওয়ায় ছোটরা সেই মজাটা এখন আর পায় না। এই ভাবনা থেকেই গল্প বলার প্রযোজনা তৈরি করছি। সেগুলো নিয়ে কয়েকটি অনুষ্ঠানও করেছি। বছর দুয়েক আগে করেছি ‘সবচেয়ে সুন্দর’। মঞ্চে এক ঘণ্টা পাঁচ মিনিটের আমার একক গল্প বলার ওই অনুষ্ঠানে এসেছিলেন আসাদুজ্জামান নূর। ওটা দেখে তিনি আমাকে টিভিতে এ ধরনের একটি অনুষ্ঠান করার জন্য বললেন। এরপর দেশ টিভিতে রমজানের ঈদে তিন পর্বের একটি অনুষ্ঠান করেছি। এবার ঈদের জন্য সাত পর্বের অনুষ্ঠান তৈরি করেছি।এ ধরনের অনুষ্ঠান ছোটদের কতটা কাজে লাগবে?খুবই কাজে লাগবে। এ ধরনের গ্রুমিংটা ছোটবেলা থেকেই করা উচিত। তাহলে শুরু থেকে আমাদের দেশীয় সংস্কৃতি ও সাহিত্যের সঙ্গে ওরা জড়িয়ে যাবে। অনেক কিছু জানার ব্যাপারে আগ্রহ তৈরি হবে। এই যেমন একটা গল্প শোনার পর দেখা যায় শিশুটি ওই লেখকের বইটি হাতে তুলে নিয়েছে। পড়াশোনার আগ্রহ জোর করে তৈরি করা যায় না। গল্প বলাটা এ ক্ষেত্রে খুব ভালো উপায়। আমার বিশ্বাস, এভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।ছোটদের গল্প শোনানোর জন্য আপনি আর কী করছেন?আমি একটা চাকরি করতাম। কিছুদিন হলো ওটা ছেড়ে দিয়েছি। আসলে ওসব আমার জন্য নয়। আমি এখন থেকে দেশের বিভিন্ন জেলায় যাব। সেখানকার স্কুলের বাচ্চাদের গল্প শোনাব। গল্প শোনা এবং গল্প বলার ব্যাপারে সবাইকে আগ্রহী করে তুলব। শাহবাগে গণ সংস্কৃতি কেন্দ্রে আমাদের একটা স্কুল আছে, কল্পরেখা। আমার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তব রূপ দিতে এখানে বাচ্চাদের তৈরি করছি।