ছোটদের চারুকলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটি ছবি আঁকায় মগ্ন। বারকয়েক নাম জিজ্ঞেস করার পরও কোনো উত্তর মেলে না। কিছুক্ষণ পর মাথা তুলে জানায়, তার নাম সানজিদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতর কথা হয় তার সঙ্গে।শুধু বড়রা নয়, ছোটরাও চারুকলা অনুষদের উদ্যোগে ছবি আঁকা শিখতে পারে। তাদের জন্য আছে জয়নুল শিশুকলা নিকেতন। বৃহস্পতি ও শুক্রবার খুদে শিক্ষার্থীরা এখানে এসে ছবি আঁকা শেখে। এমন একজন তামজিদ খান নাতালিয়া। সে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছিল গ্রামের দৃশ্য। পাশেই বসে আছেন তার মা শিউলি খানম। তাঁরা রামপুরা থেকে এসেছেন। শিউলি খানম বলেন, ‘ও এখনো অনেক ছোট। তবুও ছবি আঁকায় ওর আগ্রহের শেষ নেই।’তাঁর কথার রেশ ধরেই পাশে বসা আরেক শিক্ষার্থীর অভিভাবক অনিকা সরকার বলেন, ‘আমার বাচ্চাটা সারা দিন ছবি আঁকতে চায়। আঁকাআঁকির প্রতি ওর অনেক আর্কষণ। তাই ওকে এখানে নিয়ে এসেছি।’জয়নুল শিশুকলা নিকেতনে ছবি আঁকা শেখে। সুজন পাইকপাড়া স্টাফ কোয়ার্টার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। বড় হয়ে সে একজন শিল্পী হতে চায়। পড়তে চায় চারুকলা অনুষদে। তাই এখন থেকে হাতটাকে ঝালিয়ে নিচ্ছে। অন্যদিকে পড়াশোনার ব্যস্ততায় সময় পায় না ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কমল। শুক্রবার ছুটির দিনে সকালবেলা চলে আসে চারুকলায়। কমল বলে, ‘এখানে যে সুন্দর পরিবেশ, এটা কোথায় পাব? এখানে ছবি আঁকার মজাই আলাদা।’শুক্রবার সকালে ছেলে ঋদ্ধকে নিয়ে চারুকলায় চলে আসেন সাইফুদ্দিন খান। তিনি বলেন, ‘ঋদ্ধ এখনো আঁকতে পারে না। তবে পেনসিল দিয়ে আঁঁকার চেষ্টা করে। এখানে সে অন্যদের ছবি দেখতে পাচ্ছে। কীভাবে আঁকে সেটা জানছে। বাইরের সুন্দর পরিবেশে খেলতে পারছে। ঢাকা শহরের বাসায় বন্দী থাকার একঘেয়েমিটা এখানে এলেই কেটে যায়।’জয়নুল শিশু নিকেতন শিশুদের ছবি আঁকার আসর চলে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, আর বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সূর্যাস্ত পর্যন্ত। চারুকলা অনুষদে শিশুদের আঁকাআঁকির চর্চা সম্পর্কে এর ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান শিল্পী আবুল বারক আলভী জানান, জয়নুল শিশুকলা নিকেতনের যাত্রা শুরু ১৯৫৮ সালে। তখন এর নাম ছিল শামসুন নাহার শিশুকলা নিকেতন। শাহবাগে চারুকলার ভবন নির্মাণের সময় বিভিন্ন সরঞ্জাম রাখার জন্য একটি ঘর তোলা হয়। ভবন নির্মাণ শেষ হলে ঘরটি ভেঙে ফেলার কথা। কিন্তু জয়নুল আবেদিন ঘরটি ভাঙতে দিলেন না। বড়দের পাশাপাশি ওই ঘরটি তিনি ছোটদের জন্য রেখে দিলেন। শুরু হলো ছোটদের আঁকাআঁকি। পরে এর নামকরণ করা হয় জয়নুল শিশুকলা নিকেতন। প্রথম দিকে বিনা মূল্যে শিশুদের ছবি আঁকা শেখানো হতো। এখন সামান্য টাকা নেওয়া হয়। জয়নুল শিশুকলা নিকেতনে বছরের যেকোনো সময় ভর্তি হওয়া যায়। নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে যেকোনো শিশু ভর্তি হতে পারে। তাদের অবশ্যই কোনো না কোনো স্কুলের শিক্ষার্থী হতে হবে। শিল্পী আবুল বারক আলভী বলেন, ‘বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়াতে, মেধা ও মননের বিকাশ ঘটাতে আর্টের বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, আর্ট—সবই প্রয়োজন আছে।’