ছোটদের জন্য নাটকে নির্দেশনা দিচ্ছেন ফেরদৌসী মজুমদার
আবারও ছোটদের জন্য নাটকে নির্দেশনা দিচ্ছেন ফেরদৌসী মজুমদার। প্রথমটি দিয়েছিলেন বছর চারেক আগে, মুনীর চৌধুরীর লেখা কবর নাটকে। নাটকটিতে অভিনয় করেছিল সানবিম্স স্কুলের শিক্ষার্থীরা। এবারও এ স্কুলের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা অভিনয় করছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে। ২৮ ও ২৯ অক্টোবর আশুলিয়ায় সানবিম্স স্কুলের মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি।ছোটদের জন্য নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বললেন, ‘ওরা তো সবাই ছোট, অনেক সময় দিতে হয়। যেহেতু পড়াশোনা করছে ইংরেজি মাধ্যমে, তাই বাংলার চর্চাটা কম। উচ্চারণেও অনেক সমস্যা। আর পড়াশোনার তো অনেক চাপ। তা ছাড়া প্রতিদিন বেলা দেড়টার সময় ক্লাস শেষ করে ওরা নাটকের মহড়া শুরু করে। চলে টানা পাঁচটা পর্যন্ত। এসব কারণে একটু বেগ পেতে হয়। এ স্কুলের অধ্যক্ষ পড়াশোনার বাইরে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে যথেষ্ট গুরুত্ব দেন। তাঁরই অনুরোধে দুবার নির্দেশনা দিচ্ছি। মঞ্চে শেষ পর্যন্ত ওরা কেমন করবে, তা দর্শকই ভালো বলতে পারবেন। তবে সৃষ্টির অন্য রকম আনন্দ আছে, সেটা আমি অনুভব করছি।’জানালেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে এ রকম কিছু একটা করার পরিকল্পনা তাঁর অনেক দিন থেকেই ছিল। এবার সুযোগ পেয়ে গেলেন।এক রাজ্যের রাজার মুকুটকে আয়ত্ত করতে কিছু শিশুমনের মানসিকতা নিয়ে নাটকটির কাহিনি। নির্দেশনা দেওয়ার পাশাপাশি নাটকের পোশাক পরিকল্পনাও করছেন ফেরদৌসী মজুমদার।