ছোটপর্দায় ‘অপেক্ষা’
প্রেক্ষাগৃহে ২০১০ সালের ৩১ ডিসেম্বর প্রথম মুক্তি পেয়েছিল ‘অপেক্ষা’ চলচ্চিত্রটি। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় ১৫ মাস পর প্রথমবারের মতো এবারে ছোটপর্দার দর্শকেরা ছবিটি দেখতে পাবে। ২৩ মার্চ বিকেলে এটিএন বাংলায় অপেক্ষা ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। ছবির পরিচালক আবু সাইয়ীদ জানিয়েছেন, ‘২০১০ সালে ছবিটির মুক্তির দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে। বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে অপেক্ষা। আমরা চাই সবাই যেন বড় পর্দায় চলচ্চিত্র দেখে। কিন্তু ছোটপর্দায়ও এর অসংখ্য দর্শক রয়েছে।’আবু সাইয়ীদ আরও জানান, অপেক্ষা বাংলাদেশের প্রথম ট্যাক্স ফ্রি চলচ্চিত্র। তথ্য মন্ত্রণালয়ের সুপারিশে জাতীয় রাজস্ব বোর্ড গত বছর ২৫ জানুয়ারিতে এক তথ্যবিবরণীর মাধ্যমে এই কর মওকুফের ঘোষণা দেয়। আবু সাইয়ীদের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় অপেক্ষা ছবির অভিনয়শিল্পীরা হলেন মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনু করিম, উজ্জল মাহমুদ, মিঠু বর্মণ, আহসানুল হক মিনু, নার্গিস প্রমুখ।উল্লেখ্য, অপেক্ষা চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১০’ পেয়েছে।