ছোটবেলার নাচ নিয়ে পর্দায় অপি
‘এবার নাচ নিয়ে একেবারেই কোনো নিরীক্ষা করিনি। ছোটবেলায় যে নাচগুলো শিখেছিলাম, সেখান থেকে কিছু নাচ অনেক দিন পর আবার নেচেছি। তাও অনেক বছর পর। নাচগুলো তখন শিখিয়েছিলেন দীপা খন্দকার আন্টি। তখন কিন্তু এই নাচগুলো করেছিলাম দলের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে। এবার নাচ করতে গিয়ে আমার মধ্যে নস্টালজিক কিছু ব্যাপার কাজ করেছে। পুরোনো অনেক কিছু মনে পড়েছে।’ বললেন অপি করিম। বাংলাভিশনে অপি করিমের নাচ নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে বৃহস্পতিবার।অপি জানালেন, টিভিতে শেষ একক নাচের অনুষ্ঠান করেছিলেন এনটিভিতে ২০০৮ সালে, নববর্ষের একটা অনুষ্ঠানে। আর দীপা খন্দকারের পরিচালনায় নাচ করলেন ১২ বছর পর। অপি করিমের নাচের এই অনুষ্ঠানে তিনটি নাচের নির্দেশনা দিয়েছেন দীপা খন্দকার আর একটির নির্দেশনা দিয়েছেন অপি।অপি এবার ঈদ করেছেন ঢাকায়, শ্বশুরবাড়িতে। আগামী ডিসেম্বরে পড়াশোনার জন্য জার্মানি যাচ্ছেন। কোর্স শেষ করে দেশে ফিরবেন আগামী বছর সেপ্টেম্বরে। মাঝে সুযোগ পেলে একবার দেশে আসার সম্ভাবনা আছে।