ছোটহরিণার ২৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানের বিরুদ্ধে আজ রোববার অভিযোগ উত্থাপন করা হয়েছে। নায়েক সুবেদার সৈয়দ সাদত লোহানী এ অভিযোগ উত্থাপন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে রাঙামাটি কারাগারে আটক ১৩ জন এবং ইউনিটে অবস্থানরত অপর ১০ জন আসামিকে কাল সোমবার সকাল ১০টায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।রাঙামাটি সদর সেক্টরের বিশেষ আদালত-১৫-তে আজ সকাল ১০টায় আদালতের বিচারকাজ শুরু হয়ে মাঝে ২০ মিনিটের বিরতি দিয়ে বেলা পৌনে ১২টায় বিচারকাজ শেষ হয়।আদালতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমান। সরকারি কৌঁসুলি ছিলেন লে. কর্নেল মো. মেহেদী হাসান। আদালতের অন্য সদস্যরা হলেন—বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুর নূর, মেজর গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ইজাহারুল হক আকন্দ।বিডিআর সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ সময় দেশের বিভিন্ন স্থানের মতো রাঙামাটি জেলার পাঁচটি ইউনিটের মধ্যে লংগদু উপজেলার রাজনগর, বরকল উপজেলার ছোটহরিণা এবং বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের কতিপয় বিডিআর জওয়ান বিদ্রোহ করেন। এর মধ্যে গত বছরের ২৪ নভেম্বর বিডিআর রাঙামাটি সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৪-এ লংগদু উপজেলার রাজনগর ১২ ব্যাটালিয়নের নয় জওয়ানের বিরুদ্ধে প্রথম বিচার কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ আদালত পুনর্বিন্যস্ত হয়ে বিশেষ আদালত-১৫ হয়েছে।