ছোট্ট চাউয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ অক্টোবর ২০১১। রমনা টেনিস কমপ্লেক্স। একটু পর এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের পুরস্কার বিতরণী। তার আগে দুটি ফাইনাল চলছে। দেখার লোকজন তেমন নেই। প্রতিযোগিতায় দর্শক হয়ে যাওয়া খেলোয়াড়েরা ছড়িয়ে ছিটিয়ে বসে এদিক-সেদিক। একজনকে দেখে চোখ আটকায়। ছোটখাটো শরীর। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলছিলেন, ‘এত ছোট ছেলে। টুর্নামেন্ট খেলতে চলে এসেছে। সাংঘাতিক ব্যাপার...।’ সাধারণ সম্পাদকের কক্ষে আনা হলো ‘পিচ্চি’কে। হন্তদন্ত হয়ে একজন ভদ্রলোক হাজির। ‘ওকে এখানে কে এনেছে, কে এনেছে’, বলে তিনি ক্ষুব্ধ। ‘আমি এনেছি। সাংবাদিক কথা বলতে চায়, তাই...’ বললেন সাধারণ সম্পাদক। ভদ্রলোকের বিরক্তি কমেনি, ‘আমি ওর কোচ। ওকে এখানে আনতে আমার অনুমতি তো নাওনি।’ যথার্থই বলেছেন। খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে কোচের অনুমতি লাগে। সে যত ছোটই হোক। এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এ ক্ষেত্রে সাক্ষাৎকারদাতা খুবই ছোট মানুষ হওয়ায় ওই দিকটা এড়িয়ে যাওয়া। কোচ পরে ‘ওকে, কথা বলুন’ বলে শিষ্যকে রেখে চলে গেলেন। যাহোক, ছোট মানুষটার সাক্ষাৎকার শুরু। রেকর্ডার মুখের সামনে, কিন্তু খুব আস্তে বলছে। বোঝা কঠিন। ‘একটু জোরে, একটু জোরে’, বলার পর কিছুটা কাজ হলো। ‘আমার নাম চাউ চো হো। হংকং থেকে এসেছি’—শুদ্ধ ইংরেজি উচ্চারণ। হংকং, চীন, কোরিয়ানরা ইংরেজি বলতে গেলে জানেই না। ছোট শিশু দূরের কথা। এই শিশুটি কিন্তু একেবারে পাকা।বয়স এখন ১০। ডিসেম্বরে ১১ হবে। টেনিস খেলছ কেন, জিজ্ঞেস করলে চটপট উত্তর, ‘বাবা খেলতেন। তাই আমিও খেলি।’ শুধুই বাবা খেলেছে বলে খেলছ? এবার আসল কথাটা বেরিয়ে এল, ‘হংকংয়ে পড়ালেখার চাপ বেশি। এখন আমি গ্রেড-৬ এ পড়ছি। চাপ কমাতেই টেনিস খেলছি...।’ পরক্ষণেই সে খানিক হতাশ, ‘আগামী বছর হাইস্কুলে উঠব। পড়ালেখার চাপ আরও বাড়বে। জানি না তখন এত টেনিস খেলতে পারব কি না।’একথা-সেকথার পর প্রশ্ন, ‘তুমি এই প্রথম খেলতে এসেছ বাবা-মাকে ছাড়া। খারাপ লাগছে না?’ উত্তর শুনে তাজ্জব হওয়ার জোগাড়, ‘আমি তো এখানে খেলতে এসেছি। বেড়াতে আসিনি। খারাপ লাগছে না। মা-বাবাকে ছাড়া বেড়াতে এলে হয়তো খারাপ লাগত!’বাবা-মার সঙ্গে বেড়াতে গেছে জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, চীনসহ আরও কয়েকটি দেশে। সেটি ছিল একরকম আনন্দ, এবার অন্যরকম। এশিয়ান টেনিস ফেডারেশনের এই টুর্নামেন্টে সে তিনটি সিঙ্গেলস জিতেছে, একটি ডাবলস। বয়সে বড় এক বাংলাদেশি কিশোরের বিপক্ষে জয় দিয়ে শুরু। দুটি ম্যাচ হেরেছে। একটি ডাবলস, একটি সিঙ্গেলস। ‘ঢাকায় এসে শুরুতে ভয় পেয়েছিলাম। তবে ৩-৪ দিন থেকে আমার খুবই ভালো লাগছে। এখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে’—চাউয়ের ছোট্ট শরীরটা উৎফুল্ল হয়ে ওঠে। বড় টেনিস খেলোয়াড় হতে চায়। কার মতো? ‘চৌং হুয়ে।’—উত্তরটা ঠোঁটের আগায়ই ছিল। চীনা তারকা লি নার সঙ্গে দেখা হয়েছে গত বছর। হংকং গিয়েছিলেন লি না। ‘আমি ছবি তুলেছি তাঁর সঙ্গে। ছবিটা বাঁধাই করে রেখেছি আমাদের বাড়ির দেয়ালে’—চাউয়ের চোখে-মুখে আনন্দের ঝিলিক।পরিবার নিয়ে সে যেন একটু চিন্তিত। ‘বাবার এখন চাকরি নেই। চাকরি খুঁজছেন’—এমনভাবে বলল, যেন টেনিস খেলছে বাবার দুঃখ-কষ্ট দূর করতে। চার বছরের টেনিস জীবনের স্মরণীয় ঘটনা কী? চটপট বলল, ‘আমার বন্ধুর সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি। শুরুতে না পেরে কেঁদে ফেলেছিলাম। পরে সেই ম্যাচ জিতেছি। এটা আমার স্মরণীয় ঘটনা।’ শখ কী, ‘শুধুই টেনিস’। নিজেই জানাল, ‘ব্যাডমিন্টন-টিটি মজা করতে টুকটাক খেলি। হংকংয়ের টিটি বেশি জনপ্রিয়। তবে টেনিসই আমাকে বেশি আনন্দ দেয়।’ ‘আমি তো এখানে বেড়াতে আসিনি, খেলতে এসেছি’—যে শিশু এমন কথা বলতে পারে, তার মধ্যে সম্ভাবনার বীজ লুকিয়ে নেই কে জানে!