ছোট্ট দ্বীপ, বড় বোঝা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১২টি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার একটি সেন্ট মার্টিন দ্বীপ। মাত্রাতিরিক্ত পর্যটকের উপস্থিতি, অবৈধ-অনিয়ন্ত্রিত স্থাপনা নির্মাণ ও বাণিজ্যিক কর্মকাণ্ডের কারণে দ্বীপটি এখন মারাত্মক ঝুঁকির মুখে। প্রায় সাড়ে সাত হাজার বাসিন্দার এই সবুজ দ্বীপের বালিয়াড়ি ৩০টির বেশি হোটেল-মোটেলসহ নানা স্থাপনায় ভরে গেছে। চলছে আরও স্থাপনা তৈরির তোড়জোড়। অবকাঠামো নির্মাণের জন্য দ্বীপের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর তোলা হচ্ছে নির্বিচারে। গত বুধবার পরিবেশ অধিদপ্তর কয়েকটি জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি দিয়ে বলেছে, সম্প্রতি কতিপয় ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান সেন্ট মার্টিন দ্বীপে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ, নক্ষত্র পর্যবেক্ষণ, ঘুড়ি উত্সবসহ নানা অনুষ্ঠান আয়োজন করার জন্য পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে তাতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দ্বীপের নাজুক পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি এবং বর্ণিত সরকারি ঘোষণার পরিপন্থী হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যেতে পারে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো কার্যক্রম পরিচালনা করলে সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় অপরাধে দণ্ডিত করার বিধান রয়েছে। অনিয়ন্ত্রিত পর্যটকের কারণে সেন্ট মার্টিন দ্বীপের ২৫ শতাংশ কোরাল (প্রবাল) ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে বিজ্ঞান সংগঠন অনুসন্ধিত্সু চক্র থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণে সেন্ট মার্টিন দ্বীপে না যেতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। ছোট্ট দ্বীপ, বিপুল বোঝা: সরকার দ্বীপটিকে রক্ষার জন্য কয়েক বছর আগে থেকে সব রকম স্থাপনা নির্মাণ, মাটির পরিবর্তন, জমি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে। দ্বীপের জীববৈচিত্র্যসহ পরিবেশ রক্ষার স্বার্থে গ্রহণ করা হয় একাধিক প্রকল্প। কিন্তু মানুষের হস্তক্ষেপে এসবও ম্লান হচ্ছে।কারণ, প্রতিদিন আট হাজারের বেশি পর্যটক ছোট্ট এই দ্বীপ ভ্রমণে যাচ্ছে। গভীর সাগরের মাঝখানে ভাসমান ৫৯০ হেক্টর আয়তনের এই দ্বীপটির পিঠে এখন বিপুল বোঝা। পর্যটক পরিবহনকারী নৌযানগুলোর কারণে সামুদ্রিক শৈবাল ধ্বংস হয়ে যাচ্ছে বলে বিভিন্ন গবেষণায়ও দেখা গেছে। নৌযানের জ্বালানি বর্জ্য দ্বীপের আশপাশের পানিতে ভেসে থাকে। ফলে শৈবালের প্রধান জীবনীশক্তি সূর্যরশ্মি পানির নিচে পৌঁছাতে পারে না। এতে অনেক প্রবাল সাদা হয়ে মরে যাচ্ছে। মরা প্রবাল দ্বীপের আশপাশে ভেসেও উঠছে। এ ছাড়া সেন্ট মার্টিন থেকে পার্শ্ববর্তী ছেঁড়া দ্বীপসহ অন্য ছোট দ্বীপগুলোতে যাওয়ার সময় যন্ত্রচালিত নৌকার আঘাতেও প্রবাল ধ্বংস হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জানান, সাম্প্র্রতিক সময়ে পরিবেশ-প্রতিবেশ বিপন্নতার জ্বলন্ত প্রমাণ এই সেন্ট মার্টিন দ্বীপ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের আগেই যেন মানুষের হস্তক্ষেপে এ দ্বীপটি হারিয়ে যাবে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য: ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি পাচারের সময় প্রায় আট লাখ টাকা দামের এক হাজার ৪০০টি প্রবাল-শৈবাল জব্দ করে বিডিআর। এরপর বড় ধরনের প্রবাল-শৈবাল চালান আটকের ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা জানান, একসময় ৬৬ প্রজাতির প্রবাল, ১৩ প্রজাতির শৈবাল, ১০১ প্রজাতির শামুক-ঝিনুক ছিল এই দ্বীপে। সবচেয়ে আশঙ্কার বিষয়, দ্বীপ রক্ষার প্রাকৃতিক পাথরগুলো তুলে নিয়ে অবকাঠামো নির্মাণের কাজে লাগানো হচ্ছে। ফলে সমুদ্রে বিলীন হচ্ছে বিভিন্ন এলাকা। দ্বীপের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে ইতিমধ্যে দ্বীপের পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়ার দুই শতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। তলিয়ে গেছে তিন শতাধিক নারকেল গাছ। ৩০ বছরের রেকর্ড ভেঙে গত বছরের ২৭ সেপ্টেম্বর পুরো দ্বীপ পানিতে তলিয়ে গেছে। সেন্ট মার্টিনে দায়িত্বরত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো, নুরুল আমিন সিদ্দিক জানান, দ্বীপে অতিরিক্ত মানুষের বসতি, হইচই, সৈকতে রাতের বেলায় লাইটিং, মোটরসাইকেলের দৌড়ঝাঁপ, শব্দদূষণসহ নানা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের ফলে সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সামুদ্রিক কচ্ছপ সাধারণত রাতের বেলা জোয়ারের সময় ডিম পাড়তে দ্বীপে ওঠে। কিন্তু রাতে আলো জ্বালানো থাকায় এবং পর্যটকদের উত্পাতে তাদের আগমন কমে গেছে। প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। কচ্ছপের আগমন হ্রাস পাওয়ায় ইতিমধ্যে দ্বীপের দক্ষিণপাড়ায় স্থাপিত পরিবেশ অধিদপ্তরের একটি কচ্ছপ প্রজননকেন্দ্র বন্ধ হয়ে গেছে। পরিবেশ অধিদপ্তরের টেকনাফ আঞ্চলিক কর্মকর্তা এ বি এম আমিনুল ইসলাম জানান, প্রবাল বিভিন্ন ধরনের মাছের সংরক্ষণ ও আশ্রয়স্থলের জন্য গুরুত্বপূর্ণ। যে এলাকায় প্রবালের সংখ্যা বেশি, সেখানে মাছ ও অন্যান্য প্রাণিবৈচিত্র্যও বেশি। কিছু মাছ আছে, যারা প্রবালসমৃদ্ধ এলাকায় বাস করে, বিচরণ করে, খাদ্য খায় ও প্রজনন-প্রক্রিয়া সম্পন্ন করে। প্রবালের কারণে সমুদ্রের তীব্র স্রোত ও ঢেউয়ের পানি সৈকতে পৌঁছার আগে বাধাপ্রাপ্ত হয়ে উপকূল ও দ্বীপকে রক্ষা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিকবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাফর আলম জানান, পর্যটকদের চাহিদা পূরণ করতে গিয়ে দ্বীপটির খাবার পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এ দ্বীপে ১২ মিটার নিচেই নলকূপে সুপেয় পানি ওঠে। অচিরেই তা নিঃশেষ হয়ে নলকূপগুলোতে লোনাপানি উঠবে বলে আশঙ্কা তাঁর। এটা পর্যটক ও স্থানীয় অধিবাসীদের বিপন্নতার মুখে ঠেলে দেবে। অধ্যাপক জাফর আলম জানান, ১৯৭২ সালে এই দ্বীপে ১১২ জনের বসতি ছিল। ২০০৯ সালে বসতি বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে সাত হাজার। যা করতে হবে: প্রতিবেশগত বিপন্ন এলাকা হওয়ায় পর্যটকের আগমন নিয়ন্ত্রণ করতে হবে। বিশ্বে বিভিন্ন দেশে এর নজির আছে। পর্যটকদের জন্য আচরণবিধি ঠিক করে দেওয়া এবং তাদের অবস্থানের সময় ও অনিয়ন্ত্রিত কার্যকলাপ নিয়ন্ত্রণ করা দরকার বলেও মনে করেন কোনো কোনো বিশেষজ্ঞ।এ ছাড়া অপরিকল্পিত পয়োনিষ্কাশন এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে দ্বীপের পরিবেশের স্বার্থে। প্রবালের আবাসস্থলে পর্যটকের যেতে না দেওয়া এবং প্রবাল সংগ্রহ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা। দ্বীপের চারপাশে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। নৌকা ও জাহাজ থেকে নির্গত তেল সমুদ্রে ফেলতে না দেওয়া এবং যত্রতত্র নৌযান নোঙর করা বন্ধ করতে হবে।