ছোট্ট মেঘ বড় কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ার টেবিলের ঠিক ওপরটায় একটা ছবি। বাবা সাগর সরওয়ারের কোলে ছোট্ট নাদুসনুদুস মাহিন সরওয়ার (মেঘ)। মা মেহেরুন রুনি আলতো করে ছুঁয়ে আছেন স্বামীকে। মুখে হাসি।ছবির সেই ছোট্ট মেঘের বয়স এখন সাড়ে পাঁচ বছর। সে স্কুলে যায়। কলম ধরতে শিখেছে, যার স্বাক্ষর রেখেছে মা-বাবার ছবিতে টিকচিহ্ন দিয়ে। যেন বলতে চেয়েছে, ‘দ্যাখো, এই আমার বাবা-এই আমার মা।’মেঘের জীবনের গল্প গত পরশু পর্যন্ত এগিয়েছিল হাসি-আনন্দে। শুক্রবার স্কুলের পিকনিকে গিয়েছিল সে। ক্লান্ত বলে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। কিন্তু শনিবার ভোর ছোট্ট এই শিশুর কাছে হাজির হয়েছে চরম বীভৎসতা নিয়ে। শোবার ঘরে মা-বাবার রক্তাক্ত দেহ, অশ্রুসজল নানির ছুটে আসা, মা-বাবার সাংবাদিক বন্ধু-সহকর্মীদের ভিড়-কান্না, র‌্যাব-পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলের নেতা, অসংখ্য ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ—হতবিহ্বল-আতঙ্কগ্রস্ত মেঘ। এক ফাঁকে মেঘকে এ পরিস্থিতি থেকে বলতে গেলে উদ্ধার করেন রুনির মামারা। পশ্চিম রাজাবাজারের বাসা থেকে তাকে নিয়ে আসেন মেহেরুন রুনির নানাবাড়ি বউবাজারের মির্জা হাউসে। এ বাড়িতে লোকের ভিড় কম। আছে শুধু দীর্ঘশ্বাস, মাঝেমধ্যে গোঙানির শব্দ। দোতলায় একটানা বিলাপ করছেন রুনির সত্তরোর্ধ্ব নানি তৈয়েবুন মির্জা। তিনতলায় মেঘ স্বজনদের সঙ্গে সোফায় আধশোয়া। ‘ঘুমিয়েছিলে?’—এমন প্রশ্নে অস্থির হয়ে উঠল মেঘ...যেন অনেক কিছু বলার আছে তার। খুব দ্রুত একটা-দুটো কথা বলল, ‘আমি তো ঘুমিয়ে ছিলাম। জানো, ঘুম ভেঙে ভয় পেয়েছি। তার আগে ঘুমিয়েই ছিলাম।’ তারপর চুপ। ঘড়ির কাঁটা এগোয়—সেকেন্ড, মিনিট, ঘণ্টা। মেঘ আর মুখ খোলে না।পরিবারের লোকজন জানান, মেঘ সকাল থেকে আর দুই চোখ বন্ধ করেনি। বিকেল চারটা পার হয়েছে। মুখেও দেয়নি কিছু। কয়েকবার শুধু টিভি দেখতে চেয়েছে। স্বজনেরা চাইছিলেন মেঘ যেন মা-বাবার হত্যাকাণ্ড নিয়ে কোনো সচিত্র প্রতিবেদন না দেখে। কিন্তু বাধ্য হয়ে তাকে টিভি দেখতে দিতে হলো। এই মা-বাবাকে রোজ টিভিতে দেখে সে। কিন্তু গতকাল সে অভ্যস্ত চিত্র তো পায়নি মেঘ। তার চোখ আটকে থাকে মা-বাবাকে নিয়ে প্রচার করা সচিত্র প্রতিবেদনে। মেঘ কি যেতে চায় পশ্চিম রাজাবাজারে তার বাসায়? যে ঘরের প্রতিটি কোনায় মা-বাবার স্পর্শ, মেঘের বই-খাতা, খেলনা, আঁকা ছবি! মেঘ কিছু বলে না। নির্বাক-নিষ্পলক তাকিয়ে থাকে। স্বজনেরা জানান, মায়ের নানাবাড়ি পৌঁছেই মেঘ প্রথমে আতঙ্কিত স্বরে মা-বাবার মৃত্যুর কথা জানায়। কিছুক্ষণ পর বলল, মা-বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মেঘের মনে কী তোলপাড় চলছে, তা জানার তো কোনো সুযোগ নেই! হয়তো আশা, মা-বাবা সুস্থ হয়ে ফিরে আসবে। হয়তো সে বুঝে নিয়েছে, মা-বাবা চলে গেছে মেঘের দেশে! দ্বিতীয়টি সত্যি হলে, ছোট্ট মেঘের জন্য এ এক অতি বড় কষ্ট।