ছোবল থেকে ফেরা...
মাদকের ছোবলে প্রায় শেষ হতে বসছিল জীবনগুলো। একেকজন একেক কারণে হয়ে পড়েন আসক্ত। কিন্তু নিজেদের জীবনের মূল্য বুঝতে পেরে নিজেদের চেষ্টায় এবং চিকিৎসায় প্রায় সুস্থ জীবনে ফিরে এসেছেন তাঁরা। তাঁদের সবার একটাই কথা, কোনো জীবন যেন মাদকের ছোবলে ধ্বংস না হয়ে যায়।বন্ধুদের উৎসাহ হয়েছিল কাল‘আমার মেয়ে যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন থেকে দীর্ঘদিন পর্যন্ত ওর মুখটি আমাকে দেখতে দেওয়া হয়নি। আমি কখনো জানতে পারব না, আমার মেয়ের মুখটা ওই মুহূর্তে কেমন ছিল। ছোট ভাইটার বিয়ে হয়েছে কিন্তু সে অনুষ্ঠানে আমাকে নেওয়া হয়নি। আমি মাদকাসক্ত—এ পরিচয় পেলে সামাজিকভাবে হেয় হয়ে যাবে আমার পরিবার। কিন্তু এ কষ্টগুলো তো রয়েই যাবে আমার কাছে’, বলছিলেন রাব্বি (৩২)। এখন তিনি মাদককে ঘৃণা করেন, জীবন নিয়ে তিনি হতাশ নন। সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আত্মনির্ভরশীল হয়ে নতুনভাবে জীবন গড়ায় আত্মপ্রত্যয়ী তিনি। বাবা-মায়ের ইচ্ছা ছিল পড়াশোনা করে ভালো চাকরি করবেন। বাবার কড়া নির্দেশ ছিল, সংসারে তাঁর উপার্জনের টাকা নেওয়া যাবে না। মাদকাসক্ত বন্ধুদের পাল্লায় পড়ে শুরু করেন মদ, ফেনসিডিল খাওয়া। বছর তিনেক পর মাদকের পেছনে সব টাকা-পয়সা খরচ করার ফলে টানাপোড়েন শুরু হয়ে যায়। তাঁর মা তাঁকে একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। কিন্তু ওই পুনর্বাসন কেন্দ্রে প্রচণ্ড ভয়ভীতি দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে মাস তিনেক পর বাসায় পাঠিয়ে দেয়। তাঁর পরিবার মনে করে, তিনি ভালো হয়ে গেছেন; আসলে তিনি ভালো হননি। বন্ধুদের সঙ্গে মিশতেন না ঠিকই; তবে মাদক ছাড়তে পারেননি। মাদক কেনার জন্য টাকা দরকার। চাকরির কথা বলে টাকা নিয়ে আবার মাদকসেবন শুরু করেন। পরিচয় হয় উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়ুয়া এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে প্রণয়ে রূপ নেয় তাঁদের সম্পর্ক। মাদকাসক্তি বেড়ে যায় আবার। এরই মধ্যে সন্তানসম্ভবা হয়ে ওঠেন তাঁর স্ত্রী। মাদকাসক্ত হওয়ার কারণে সহকর্মীদের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন। অবস্থা তখন এত খারাপ ছিল যে অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাবেন, সে সামর্থ্য ছিল না। চলে আসেন ঢাকায় মায়ের কাছে। কিন্তু বোন তাঁকে বাসায় উঠতে দেননি। সেই অবস্থায় তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে টঙ্গীতে তাঁর বাবার বাড়িতে ওঠেন। ছাড়তে পারেন না মাদকের নেশা। সাধারণ মানুষ যেমন ডাল-ভাতের জন্য চিন্তা করে, মাদক কেনার টাকা জোগাতে তেমন চিন্তা হতো তাঁর। মা আর তাঁর বউ তাঁকে অনেক বুঝিয়ে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। মাদকাসক্ত অবস্থায় তাঁর মানসিক অবস্থা অনুধাবন করতে পারছেন এবং সুস্থ জীবন শুরু করবেন বলে আশা করছেন রাব্বি।ভালোবাসায় আঘাত পেয়ে‘তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে দুই পাতা ঘুমের ওষুধ খাও। প্রচণ্ড ভালোবাসতাম তখন ইরফানকে। তাই ওর কথামতো ঘুমের ওষুধ খাওয়া শুরু করি। এমনও হয়েছে, ৮০টির বেশি ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলেছি। এভাবেই ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি ইয়াবা আর হেরোইনে’—নিজের মাদকাসক্ত হওয়ার ঘটনা বলছিল রিয়া (১৭)। মেধাবী ছাত্রী ছিল সে। অষ্টম শ্রেণীতে ওঠার পর এক বন্ধুর মাধ্যমে তার পরিচয় হয় ইরফানের সঙ্গে। ইরফান তাকে ভালোবাসার প্রস্তাব দেয়। স্কুলে ফাইনাল পরীক্ষা চলছিল। শেষ পরীক্ষার দিনে ফোন করে রিয়াকে অসুস্থতার কথা জানায় ইরফান। প্রেমে অন্ধ রিয়া পরীক্ষা না দিয়ে ছুটে যায় অসুস্থ প্রেমিকের কাছে। গিয়ে দেখে, মদ খেয়ে মাতাল হয়েছে ইরফান। তাকেও বাধ্য করে মাদকাসক্ত হতে। মাদকাসক্ত অবস্থায় ইরফান পোড়া সিগারেট দিয়ে তার তলপেটে ছ্যাঁকা দেয় আর হাতে সুচ দিয়ে খুঁচিয়ে গর্তের মতো করে। রিয়া মাদকের পয়সা জোগাত বাবা ও ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করে। বাথরুমের ভেন্টিলেটর, প্যাডের ভেতর, বইয়ের ভেতর, স্যান্ডেলের ভেতরে ইয়াবা রাখত সে, যাতে মা-বাবা এমনকি পরিবারের কেউ জানতে না পারেন। একসময় পরিবারে তার সঙ্গে ইরফানের সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলে সালিস বসে দুই পরিবারে। ইরফান সবার সামনে তাকে অস্বীকার করে। রিয়া এতে আরও বেশি মাদকাসক্ত হয়ে পড়ে। তবে পুনর্বাসন কেন্দ্রে আসার পর রিয়া আগের চেয়ে অনেক সুস্থ এবং আবার পড়াশোনা করতে আগ্রহী। আর পেছনে ফিরে তাকাতে চায় না সে। কারণ যখন বাবা-মায়ের ঝগড়া১৩ বছর বয়সী জুম্মন মাদকাসক্ত ছিল একসময়। ছোটবেলা থেকেই দেখত প্রতি রাতে তার বাবা নেশাগ্রস্ত হয়ে মাকে মারতেন। তার মা ইটভাটায় কাজ করতেন। বাবা নেশার টাকা জোগাড় করতে মায়ের উপার্জন করা টাকা ও ঘরের জিনিস নিয়ে বিক্রি করতেন। এ নিয়ে ঝগড়াঝাঁটি প্রায়ই লেগে থাকত জুম্মনদের ছোট্ট ঝুপড়িতে। একসময় বাবা তার মাকে ছেড়ে চলে যান। এ পরিবেশেই বেড়ে ওঠে জুম্মন। এতে তার কষ্ট লাগত। নয় বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করে। পেটের দায়ে ভাঙাড়ি টোকানোর কাজ করত সে। স্কুলে গেলে তার এক বন্ধু হয়। এই বন্ধু তাকে বিনা পয়সায় প্রায়ই হোটেলে নিয়ে খাওয়াত। একসময় দুজনের মধ্যে সখ্য বাড়লে সিগারেট খাওয়া শুরু করে বন্ধুর টাকায়। ভাঙাড়ির দোকানে গেলে ড্যান্ডি খেয়ে ফেলে যাওয়া বোতলের মুখ পলিথিনে ঢুকিয়ে ফুঁ দিলে নেশা উঠে যায় তার। এরপর থেকে মায়ের জমানো টাকা চুরি করে গাঁজা খায় সে। ‘একদিন দুই-তিনবার নেশা কইর্যা রাতে বাসায় ফিরছি। মা কাম থাইক্যা ফিইর্যা রাইতে ঘুমাইয়া পড়লে হেরপর ঘরে আইতাম। মায় যদি টের পাইত, তাইলে ধইর্যা মাইর দিত। একদিন মায় টের পাইয়্যা ইচ্ছামতন মারছে। তহন মায়ের লগে রাগ কইর্যা কেরানীগঞ্জ চইল্যা আসি। ড্রেনের খোল (ঢাকনা) চুরি, ছিনতাই কইর্যা বন্দুগো লইয়্যা একলগে গাঁজা বানাইয়া খাইতাম। জুতার তলের গাম শুঁইক্যা নেশা করতাম। হাতে যহন একেবারে ট্যাহা শেষ হইয়্যা গ্যাছে, তহন আবার মায়ের কাছে ফেরত আইলে মায় লগে কইর্যা এহানে লইয়্যা আসে। পরথম পরথম নেশা উঠলে বমি করতাম। এহন ঠিক হইয়া গ্যাছে। অনেক ভালা আছি। অনেক ভালা বন্দু হইছে। অনেক কিছু শিখতাছি’, বলছিল জুম্মন। তবে এখন সে লেখাপড়া শিখে চাকরি করে নিজের মাকে নিয়ে একসঙ্গে থাকবে বলে আশা করে।চিকিৎসা নিতে আইনমাদক ব্যবহারকারীদের চিকিৎসা সম্পর্কে বলা আছে মাদক নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এ।সরকার মাদকাসক্তি পরামর্শকেন্দ্র, নিরাময়কেন্দ্র ও পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারবে। আইনানুযায়ী, বেসরকারি পর্যায়েও মাদকাসক্তি পরামর্শকেন্দ্র, নিরাময়কেন্দ্র, পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা করা যাবে। সরকার হাসপাতালসহ কোনো সরকারি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রকে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র হিসেবে ঘোষণা দিতে পারে। মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি জানতে পারেন—যদি কোনো ব্যক্তি মাদকাসক্ত তাহলে তিনি মাদক ব্যবহারকারীকে লিখিত নোটিশ দেবেন চিকিৎসার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। যদি মাদকাসক্ত ব্যক্তি মাদক নিরাময়কেন্দ্রে না যায় বা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করে, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে চিকিৎসার জন্য নির্দেশ দিতে পারবেন।(ঘটনাগুলোতে সব ছদ্মনাম ব্যবহার করা হয়েছে)কৃতজ্ঞতায়: মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আপন