ছোলা চট্টগ্রামে ৫৮, ঢাকায় ৬০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুচরা বাজারে সাধারণ মানের প্রতি কেজি ছোলা ৫৮ টাকা এবং ঢাকার বাজারে ৬০ টাকা দরে বিক্রি হবে। চট্টগ্রামের প্রশাসনের কর্মকর্তারা বড় বড় আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করে এ দাম নির্ধারণ করেন।ছোলার আমদানি খরচ ও লাভ হিসাব করে এই দাম নির্ধারণ করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এই বৈঠক হয়।বৈঠকে আলাপ-আলোচনা শেষে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল ঘোষণা করেন, আমদানিকারকেরা কেজিপ্রতি ৫৩ টাকায়, ডিও ব্যবসায়ীরা ৫৪ টাকায় এবং খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা ৫৫ টাকায় ছোলা বিক্রি করবেন। আগামী ১৫ দিন অর্থাত্ রমজান মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দর কার্যকর থাকবে। প্রতি ধাপের ক্রয়-বিক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ক্রেতার রসিদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।প্রশাসন সূত্র জানায়, রমজান মাস শুরুর আগে বাজারে ছোলার দামের ঊর্ধ্বগতি দেখা যায়। এটা রোধ করতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসন বৈঠকের আয়োজন করে। এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী, কাস্টম হাউসের উপকমিশনার নুরুল হুদা, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম মাস্টার, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।বিভাগীয় কমিশনার রসিদ ছাড়া পণ্য না কেনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কে কত দামে বেচাকেনা করছেন, তার রসিদ রাখতে হবে। কেউ অস্বাভাবিক হারে দাম বাড়ালে জরিমানার আওতায় আনা হবে। রসিদ ধরে ধরে এটা চিহ্নিত করা হবে।বৈঠকে ব্যবসায়ীরা বলেন, অস্ট্রেলিয়ায় বন্যার কারণে ছোলার উত্পাদন মার খেয়েছে। ভালোমানের ছোলা পাওয়া যাচ্ছে না। আবার অনেক আগে থেকেই রোজার জন্য সরকারিভাবে পণ্য এনে বাজারে বিক্রির কথা বলা হচ্ছিল। সাধারণ মানের ছোলা এনে দাম পাওয়া যাবে কি না, এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বিধা ছিল। এসব কারণে ব্যবসায়ীরা এবার অন্যবারের মতো তেমন ছোলা আমদানি করেননি। এর পরও দেশে ছোলার মজুদ এখন ভালো। রমজান মাসের আগে আরও বিপুল পরিমাণ ছোলা আসছে।মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে ব্যবসায়ীরা বৈঠকে জানান, ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে ছোলার দাম কেজিতে চার-পাঁচ টাকা বেড়ে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো ১২ শতাংশ হারে ছোলার ঋণপত্র খুলতে রাজি হচ্ছে না। এসব বাজারে ছোলার দামের ওপর প্রভাব ফেলছে।