ছোলাসহ সব ধরনের ডালের দাম বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজানের অপরিহার্য উপাদান ছোলার দাম বাড়ছেই। পাইকারি বাজারে এক সপ্তাহে ছোলার দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। মাস খানেক আগেও পাইকারি বাজারে যে ছোলা ৪৭ থেকে ৪৮ টাকায় বিক্রি হতো, তা এখন ৫৬ থেকে ৫৮ টাকা কেজি। আর খুচরা দোকানে ছোলার দাম বেড়েছে পাঁচ থেকে আট টাকা।ছোলা আমদানিকারকেরা বলছেন, ছোলা উৎপাদনকারী দেশে বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ভালো মানের ছোলার সংকট দেখা দিয়েছে, দামও বেশি। এ কারণে দেশে ছোলার দাম বেশ চড়া। শিগগিরই ছোলা আমদানি বাড়াতে না পারলে আসন্ন রমজান মাসে ছোলা নিয়ে অস্থিরতা তৈরি হতে পারে।মসুর ডালের দাম সামান্য বাড়লেও ভয়াবহ রকম বেড়েছে মুগ ডালের দাম। এক সপ্তাহে মুগের দাম বেড়েছে ১৫ টাকা। খুচরা দোকানগুলোতে দাম আরও বেশি।বাড়ছে ছোলার দাম: রাজধানীর রহমতগঞ্জ, নারায়ণগঞ্জের ডালপট্টি ও চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারে এখন ছোলার দাম প্রতি কেজি ৫৬ থেকে ৫৮ টাকা। এক সপ্তাহ আগে বিক্রি হতো ৫২ থেকে ৫৫ টাকায়। উন্নত মানের কিছু ছোলা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৬২ থেকে ৬৩ টাকা।তবে পাইকারি বাজারে দাম যা-ই হোক, খুচরা বিক্রেতারা ছোলা বিক্রি করছেন প্রতি কেজি ৭০ থেকে ৭২ টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি করতেন ৬৫ টাকায়। এর আগের সপ্তাহে খুচরা দোকানে ছোলার দাম ছিল ৫৬ থেকে ৬০ টাকা।রমজান মাসে মটরের (ডাবলি) বেশ ব্যবহার হয়। বেড়েছে এর দামও। পাইকারি বাজারে মটর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩২ থেকে ৩৬ টাকায়। গত সপ্তাহের তুলনায় এক থেকে দুই টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা মটর বিক্রি করছেন ৪২ থেকে ৪৬ টাকায়। এক সপ্তাহ আগে খুচরা দাম ছিল ৪০ টাকা।পাইকারি বাজারে কেজিপ্রতি অ্যাংকর ডাল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়। রহমতগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহে অ্যাংকরের দাম বেড়েছে দুই টাকা। তবে নারায়ণগঞ্জের পাইকারেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের ভাষ্য অনুযায়ী, এক সপ্তাহে অ্যাংকরের দাম কমেছে দু-এক টাকা। তাঁরা বলছেন, ৩৩ থেকে ৩৪ টাকার অ্যাংকর এখন বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩২ টাকায়, আর খুচরা বিক্রেতারা অ্যাংকর বিক্রি করছেন ৪২ থেকে ৪৬ টাকায়।রমজানের আগে দাম কমছে না: বিদেশ থেকে আমদানি করা ছোলার ৯৫ শতাংশই অস্ট্রেলিয়া থেকে আসে। কিছু আমদানি হয় মিয়ানমার থেকে। অস্ট্রেলিয়ায় বন্যার কারণে এ বছর ফলন ভালো হয়নি। অনেক ছোলা নষ্টও হয়েছে। এ কারণে অন্যান্য বছর যেখানে টনপ্রতি ছোলার দাম থাকত ৫০০ থেকে সাড়ে ৫০০ ডলার, এবার তা বেড়ে হয়েছে সাড়ে ৬০০ থেকে সাড়ে ৭০০ ডলার। মিয়ানমার থেকে আনা ছোলার টনপ্রতি দাম ৮০০ ডলার।খাতুনগঞ্জের আমদানিকারকেরা বলছেন, রমজান মাসে দেশে ছোলার চাহিদা হচ্ছে ৫৫ থেকে ৬০ হাজার টন। কিন্তু গত পাঁচ মাসে ছোলা আমদানি হয়েছে মাত্র ৬৭ হাজার টন। এর বেশির ভাগই আবার বিক্রি হয়ে গেছে।একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত মানসম্পন্ন ছোলা পাওয়া যাচ্ছে না বলে আমদানি কম হচ্ছে। এ কারণে দামও বেশি হচ্ছে। তবে কিছু ছোলা আমদানির জন্য ইতিমধ্যে এলসি খোলা হয়েছে। দাম কতটুকু কমবে, তা পুরোপুরি নির্ভর করছে আমদানির ওপর।মুগের দাম ভয়াবহ: এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে মুগ ডালের দাম। কিছুটা চিকন আকৃতির মুগ ডালের দাম এক সপ্তাহে ৯০ থেকে বেড়ে ১০৫ টাকা হয়েছে। আর মোটা মুগ ডাল বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৬৮ থেকে ৭০ টাকা। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে এক মাসে মুগ ডালের দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ।রাজধানীর বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতারা মুগ ডাল বিক্রি করছেন ১১৫ থেকে ১২৫ টাকা পর্যন্ত। আর টিসিবির দেওয়া বাজারদর অনুযায়ী, গতকাল মঙ্গলবার মুগ ডালের দাম ছিল সর্বোচ্চ ১২০ টাকা।নারায়ণগঞ্জের বেঙ্গল ট্রেডার্সের স্বত্বাধিকারী ও পাইকারি ডাল ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহা মুগের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টিতে চলতি মুগের ফলন অনেক নষ্ট হয়ে গেছে। আবার বৃষ্টির কারণে মুগের গোটা রোদে শুকাতেও ঝামেলা হয়েছে। এ কারণে দাম বেড়েছে।সামান্য বেড়েছে মসুরের দাম: পাইকারি বাজারে দেশি মসুর ডালের দাম এখন ৭২ থেকে ৭৮ টাকা কেজি। আর বিদেশি মসুর ডাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৭ থেকে ৭০ টাকায়। গত এক সপ্তাহে দুই ধরনের মসুর ডালেই দাম বেড়েছে দুই টাকা করে।খুচরা ব্যবসায়ীরা দেশি মসুর ৯৫ থেকে ১০০ এবং বিদেশি মসুর বিক্রি করছেন ৭৫ থেকে ৮৫ টাকায়। এক সপ্তাহ আগে দেশি ডাল ৯০ এবং বিদেশি ডাল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতো।রহমতগঞ্জের ডাল ব্যবসায়ীরা বলছেন, এই সময়টাতে চাহিদা বেশি থাকায় মসুর ডাল একটু বেশি দামেই বিক্রি করেন তাঁরা। সারা বছর সিজন না থাকায় তখন কম দামে তাঁদের ডাল বিক্রি করতে হয়।রহমতগঞ্জ ও নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের মতে, ‘অফ সিজনে’ বেশি দাম দিয়ে কেনা ডাল কম দামে তাঁদের বিক্রি করতে হয়েছিল। এখন সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়ে তাঁরা সেই ক্ষতি পুষিয়ে নিচ্ছেন।কয়েকজন ব্যবসায়ী সরকারি প্রতিষ্ঠান টিসিবির বাজার থেকে পণ্য ক্রয়কে দাম বাড়ার জন্য দায়ী করেছেন। তাঁরা বলছেন, টিসিবি যদি সরাসরি ছোলা ও ডাল আমদানি করে বাজারে বিক্রি করত, তাহলে দাম আরও কমত। কিন্তু তা না করে টিসিবি ছোলা-ডাল কেনে দেশের ব্যবসায়ীদের কাছ থেকে। এ কারণে দাম কমছে না।