ছড়াতে পারে শৈত্যপ্রবাহ, গড় তাপমাত্রা কমেছে
দেশের বেশির ভাগ এলাকায় গতকাল মঙ্গলবার প্রায় পুরো দিনই ছিল সন্ধ্যার আলো-আঁধারি। ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি অধিকাংশ এলাকায়। গড় তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে যাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ে মানুষ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের কিছুটা ওপরে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও দেশের বেশির ভাগ এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা থাকবে। রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় ছড়িয়ে পড়তে পারে শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা আরও ১ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।আবহাওয়াবিদেরা জানান, বাংলাদেশ থেকে উত্তর ভারত হয়ে পাকিস্তানের আকাশ দুই দিন ধরে ঘন মেঘে ঢেকে আছে। সারা দিনের গড় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে চলতি মাসের মধ্যে দ্বিতীয়বার শৈত্যপ্রবাহে শীত জেঁকে বসেছে।দুপুরের দিকে নামা এক পশলা বৃষ্টি নগরবাসীর বিড়ম্বনা আরও বাড়িয়ে দেয়। ঘন কুয়াশায় আরিচা, গোয়ালন্দ, পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দিনের বেলায় মহাসড়কগুলোতে আলো জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।জানা গেছে, দেশের বেশির ভাগ এলাকায় রাত-দিনের তাপমাত্রার পার্থক্য অস্বাভাবিক রকম কমে গেছে। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শীতের এ সময়ে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য সাধারণত ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস থাকে। দুই দিন ধরে এ পার্থক্য ছিল ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। সার্ক আবহাওয়া গবেষণাকেন্দ্রের গবেষক সুজিত্ কুমার দেবশর্মা প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন গবেষণা সংস্থার পূর্বাভাসে বলা হয়েছিল, ঢাকাসহ আশপাশের শহরগুলোতে আকাশ থেকে মেঘ কিছুটা সরে যাবে। সূর্যের দেখা মিলবে। তাপমাত্রা বেড়ে শীতও কমে আসবে, কিন্তু মেঘ সরেনি।সুজিত্ কুমার বলেন, আগামী দু-তিন দিন আবহাওয়া কমবেশি একই রকম থাকতে পারে। আজ কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললে কাল থেকে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া ধীরে ধীরে চরমভাবাপন্ন হয়ে উঠছে। আর এর লক্ষণ হচ্ছে এ শৈত্যপ্রবাহ। সম্প্রতি ইউরোপে টানা এক মাস তুষারপাতের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশে গত বছর তেমন শীত পড়েনি। আর এ বছর ডিসেম্বর থেকেই প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।এ ধরনের চরম আবহাওয়া আগে প্রতি ১০-১২ বছর পর পর হতো। আর এখন চার-পাঁচ বছর পরপর এ ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে। আইনুন নিশাত বলেন, ফলে সরকারকে প্রতিবছর শীতে এ চরম আবহাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।